বাংলার লাইব্রেরি
রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সংক্ষিপ্ত ইতিহাস
১৮৮৪ সালে প্রতিষ্ঠিত রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে বই লিখেছেন মোঃ আবদুর রশীদ খান। ১৯৮৪ সালে প্রকাশিত এই বই থেকে লেখাটি সংগ্রহ করা হয়েছে। খানের লেখায় লাইব্রেরীর বিভিন্ন তথ্যের সঙ্গে পাওয়া যায় তৎকালীন সমাজবাস্তবতার চিত্র। রাজশাহীর তৎকালীন জমিদারদের পৃষ্ঠপোষকতায় নির্মিত লাইব্রেরীটি কীভাবে সাতচল্লিশ ও একাত্তরের পর অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মর্মান্তিক দৃশ্য হাজির করা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট কীভাবে বদলে দিতে পারে প্রতিষ্ঠানের গুরুত্ব তার একটি নজির হিসেবে লেখাটি পাঠ করা যেতে পারে।
লিখেছেন:
মোঃ আবদুর রশীদ খান
প্রকাশিত:
১৬ নভেম্বর, ২০২৬

প্রতিষ্ঠা: ইংরেজ আমলে এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে জমিদারদের বেশ প্রাধান্য ছিল। রাজশাহীতে নাটোর রাজপরিবার একটি বৃহৎ জমিদারির মালিক ছিল। ইতিহাসখ্যাত রানী ভবানী এই রাজপরিবারেরই একজন ছিলেন। নবাব মুর্শিদকুলি খানের আমলে পুঠিয়ার লস্করপুরের জমিদারের অধীন কামদেব ঠাকুর বারইহাটি গ্রামের তহশিলদার ছিলেন। কামদেবের এক ছেলে রঘুনন্দন পুঠিয়ার নরকদেব জমিদারের ফুল সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন। রাজা দর্পনারায়ণের অনুগ্রহে লেখাপড়া শিখে রঘুনন্দন মুর্শিদাবাদ নবাব দরবারে রাজার পক্ষে উকিল নিযুক্ত হন এবং পরে নবাবের আস্থাভাজন হয়ে কানুনগো পদ লাভ করেন। এ সময় যে সব জমিদার বিদ্রোহ করে খাজনা দেওয়া বন্ধ করেন, নবাবের সাহায্যে সেই সব জমিদারি রঘুনন্দন তাঁর ভাই রামজীবনের বেনামিতে বন্দোবস্ত নিতে থাকেন। এভাবে রঘুনন্দন লস্করপুর পরগনা ছাড়া মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, পাবনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, ঢাকা, যশোর, সাঁওতাল পরগনা, ভাগলপুর প্রভৃতি জেলার ১৩৯টি পরগনা নিয়ে নাটোরের জমিদারি গড়ে তোলেন। রঘুনন্দনের ভাই রামজীবন যে বাড়ি তৈরি করেন, বাংলা ১৩০৪ সালের ভূমিকম্পে তা ধ্বংস হয়ে যায়। পরে রাজবাড়িটি পুনর্নির্মিত হয়। সেটিই বর্তমানে নাটোরে অবস্থিত ‘রানী ভবানীর বাড়ি’ নামে পরিচিত। এই রাজপরিবারের ছোট তরফ শিবনাথ বড় তরফ বিশ্বনাথ থেকে আলাদা হন। ছোট তরফ শিবনাথের দত্তকপুত্র আনন্দনাথ। এই আনন্দনাথই রাজশাহী সাধারণ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা। অর্থাৎ ১৮৮৪ সালে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হলেও এই পাঠাগারের গোড়াপত্তন হয়েছিল এর অনেক আগেই। নাটোর রাজপরিবারের ছোট তরফের রাজা আনন্দনাথ রায় ১৮৬৬ সালের আগেই এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। ১৮৭৬ সালে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট’ বইতে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার লিখেছেন, "There is also a Public Library at the station of Rampur Beualeah, established by the Late Raja Ananda Nath Roy C. S. I. of Nattor, and supported by Public subscription assisted by a grant of £ 20 (pound) Per annum from the Late Raja's son, Raja Chandra Nath Roy Bahadur." ১৮৬৬ সালে রাজা আনন্দনাথ রায় মারা যান। সুতরাং এই পাঠাগার তাঁর মৃত্যুর অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও আজকের মতো তখন এর কোনো নিজস্ব জমি ও ভবন ছিল না। পরে ১৮৮৪ সালে জমি ও ভবন পাওয়ার মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ রূপ পায়। ঐতিহাসিক হান্টার সাহেব আরও তথ্য দিয়েছিলেন যে, ১৮৭১-৭২ সালে এই পাঠাগারে মোট বইয়ের সংখ্যা ছিল ৩,২৪৭টি এবং ৬টি সাময়িকী নেওয়া হতো; নয়জন পাঠকের ছয়জনই ছিলেন খ্রিষ্টান ইত্যাদি। তৎকালীন অবিভক্ত বাংলা সরকার সরকারি প্রকাশনাগুলো বিনামূল্যে গ্রন্থাগারে দান করত।
জানা যায়, রাজা আনন্দনাথ রায় প্রচুর বইপত্র কিনে দিয়েছিলেন। তাঁর ছেলে রাজা চন্দ্রনাথ রায় বছরে ২০ পাউন্ড—অর্থাৎ তৎকালীন হিসাবে ২০০ টাকা অনুদান দিতেন। তখন পাঠাগারটি বর্তমান নির্দিষ্ট স্থানে চলত না; ভ্রাম্যমাণ পাঠাগারের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এর কার্যক্রম চলত। প্রথমে এটি কাশিমপুর হাউসের (পুরোনো বাসস্ট্যান্ডের কাছে) একাংশে, পরে প্রতিষ্ঠাতা সম্পাদক কালীপ্রসন্ন আচার্যের বাড়িতে স্থানান্তরিত হয়। নিজস্ব জমি ও ভবন তৈরির পর এটি ১৮৮৪ খ্রিষ্টাব্দে বর্তমান জায়গায় নিয়ে আসা হয়। সমসাময়িক ঐতিহাসিক হান্টার সাহেবের তথ্য থেকেই প্রমাণিত হয় যে, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পাঠাগার, যা ১৮৬৬ সালের আগেই কোনো এক সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
দয়ারাম রায় (১৬৪০–১৭৬০ খ্রি.) নাটোর রাজার সাধারণ কর্মচারী থেকে দেওয়ানি পদে উন্নীত হন। নবাব ও রঘুনন্দনের ভাই রামজীবনের অনুগ্রহে দয়ারাম প্রচুর ধন-সম্পদের মালিক হন। তাঁর মৃত্যুর পর ছেলে জগন্নাথ উত্তরাধিকারী হন। এরপর থেকে উত্তরাধিকারীরা ছিলেন দত্তক নেওয়া। তাঁদেরই পরবর্তী উত্তরাধিকারী প্রমথনাথের চার ছেলে ও এক মেয়ে—যথা রাজা প্রমদানাথ রায়, কুমার বসন্তকুমার, কুমার শরৎকুমার, কুমার হেমন্তকুমার রায় ও রাজকুমারী ইন্দুপ্রভা। রাজা প্রমদানাথ যে রাজবাড়িটি নির্মাণ করেন, সেটিই ‘দিঘাপতিয়া রাজবাড়ি’ নামে পরিচিত এবং বর্তমানের ‘উত্তরা গণভবন’।
এই দিঘাপতিয়ার রাজা প্রমদানাথ রায়ই রাজশা হী সাধারণ গ্রন্থাগারের স্থায়ী ভবনের জন্য বর্তমান জমিটুকু দান করেছিলেন।
গ্রন্থাগার স্থানান্তরের পরের বছর, অর্থাৎ ১৮৮৫ সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (B.T. Act) চালু হলে (১) ভূ-স্বত্বাধিকারী শ্রীযুক্ত জিতেন্দ্রচৈতন্য ভারতী ও (২) তালন্দের কুঞ্জমোহন এস্টেটের কায়েমি মকররি জোতদার কুঞ্জমোহন মৈত্র গ্রন্থাগারটির খাজনা গ্রহণ করতেন।
জমির তফসিল ও চৌহদ্দি:
(১) রামপুর বোয়ালিয়া মৌজায় সিএস খতিয়ান নং ৬০৭-ভুক্ত ১০৩ ও ১২০ নং দাগে মোট জমি ০.১৫ একর, বার্ষিক খাজনা ৫.০১ টাকা (১৯২১), যার মালিকের সেরেস্তা ছিল গোস্বামী জিতেন্দ্রচৈতন্য ভারতীর।
(২) অপর দাগটি এই মৌজারই খতিয়ান নং ২৭১-এর অধীন ১২১ দাগে মোট জমি ০.২৯ একর, যার বার্ষিক খাজনা ছিল আট আনা; এটি বাবু কুঞ্জমোহন মৈত্রের সেরেস্তাধীন ছিল। সুতরাং মোট জমির পরিমাণ ০.১৫ + ০.২৯ = ০.৪৪ একর।
এই জমির উত্তরে পৌরসভার পাকা রাস্তা, দক্ষিণে সাবেক সুরেশচন্দ্র ঘটকের বাড়ি, পূর্বে পৌরসভার পাকা রাস্তা এবং পশ্চিমে মন্মথনাথ দাশগুপ্ত ও তারাপ্রসন্ন আচার্যের সাবেক বসতবাড়ির একাংশ। এই সীমানার ভেতরের মোট ০.৪৪ একর জমিই বর্তমান রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সম্পত্তি।
কাশিমপুরের (বর্তমান তাহিরপুর) লাহিড়ী জমিদার বংশ নিজেদের শ্রেষ্ঠ কুলীন বলে দাবি করত। রামকিশোর লাহিড়ী ছিলেন এই বংশের আদি পুরুষ। এই বংশের পরবর্তী প্রজন্মের কেদারপ্রসন্ন ও তাঁর ছেলে অন্নদাপ্রসন্ন তাঁদের কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। এই রায়বাহাদুর কেদারপ্রসন্ন লাহিড়ী নিজের খরচে লাইব্রেরি ভবনটি নির্মাণ করে অমর হয়ে আছেন। তাঁর বাবার নামে হলের নামকরণ করা হয় ‘গিরিশচন্দ্র হল’, যার নামফলক লাইব্রেরির নিচতলার কামরায় রয়েছে। নিচতলার সবচেয়ে দক্ষিণের যে কক্ষটিতে বর্তমানে পত্রিকা রাখা হয়, সেটি তৎকালীন জেলা প্রশাসক জনাব কে. এম. শামসুর রহমানের উদ্যোগে জনৈক সমশের মিস্ত্রির মাধ্যমে ১৯৫৯ সালে তৈরি করা হয়েছিল।
১৯২১ সালের ২৩শে জুলাই এক জনসভায় সর্বসম্মত সিদ্ধান্তে ট্রাস্টের দলিল সম্পন্ন হয় এবং ট্রাস্টিরা জমি ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হন—যার মধ্যে গ্রন্থাগার ভবন, টিনশেড, বইপুস্তক, পত্রপত্রিকা, ম্যাগাজিন ও অর্থকড়ি অন্তর্ভুক্ত ছিল। সে সময় যাঁরা ট্রাস্ট দলিল সম্পাদন করেন, তাঁরা হলেন:
(১) কিশোরীমোহন চৌধুরী (পিতা: মৃত বাবু রাজমোহন চৌধুরী),
(২) অক্ষয়কুমার চৌধুরী (পিতা: মৃত বাবু মথুরানাথ চৌধুরী),
(৩) কালীপ্রসন্ন আচার্য (পিতা: বাবু বিশ্বেশ্বর আচার্য), এবং
(৪) রামচন্দ্র রায় (পিতা: মৃত বাবু রাধাসুন্দর রায়)।
জনগণ ও শিক্ষিত সমাজের পক্ষ থেকে ট্রাস্টি নিযুক্ত হন যথাক্রমে:
(১) দিঘাপতিয়ার রাজা প্রমদানাথ রায়,
(২) দয়ারামপুরের জমিদার কুমার শরৎকুমার রায়,
(৩) রামপুর বোয়ালিয়া পৌরসভার চেয়ারম্যান,
(৪) রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সম্পাদক, ও
(৫) বাবু সুদর্শন চক্রবর্তী (পিতা: মৃত বিশ্বেশ্বর চক্রবর্তী)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়া এই ট্রাস্টিরাই গ্রন্থাগারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন। তাঁরাই গ্রন্থাগারের আয়-ব্যয়, ভবন নির্মাণ, সংস্কার, হিসাব-নিকাশসহ যাবতীয় কাজ দেখাশোনা করতেন।
দিঘাপতিয়ার জমিদার রাজা প্রমদানাথ রায় ১৯২৫ সাল পর্যন্ত এই পুস্তকালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর পর তাঁর ভাই কুমার শরৎকুমার রায় ১৯৪২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এই আঠারো বছরেই গ্রন্থাগারের সবচেয়ে বেশি উন্নতি চোখে পড়ে; তবে তিনি বার্ষিক সাধারণ সভা ছাড়া কার্যনির্বাহী কমিটির অন্য কোনো সভায় উপস্থিত থাকতেন না। কার্যনির্বাহী সভায় সহ-সভাপতি অথবা তাঁর অনুপস্থিতিতে স্থানীয় উচ্চশিক্ষিত আইনজীবী বা বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে কেউ সভাপতিত্ব করতেন। সে সময় কার্যনির্বাহী সমিতিতে ৪০ জন নির্দিষ্ট সদস্য থাকতেন এবং কেবল তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন। সাধারণ পাঠকদের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচনে ভোটাধিকার ছিল না ।

নামকরণ ও উদ্দেশ্য: এই গ্রন্থাগারের আদি নাম ছিল ‘রাজশাহী সাধারণ পুস্তকালয়’। এর উদ্দেশ্য শুধু বইপুস্তক বা সংবাদপত্র পড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিদেশি ভাষায় লেখা বইয়ের বঙ্গানুবাদ, মুদ্রণ, প্রকাশনা, বক্তৃতা অনুষ্ঠান, প্রবন্ধ পাঠের আসর, সাহিত্য সম্মেলন বা প্রদর্শনী আয়োজন এবং বিভিন্ন জায়গায় শাখা বিস্তার করাও ছিল এর অন্যতম উদ্দেশ্য। যদিও ক্যাটালগ মুদ্রণ ও সাহিত্য সম্মেলন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য খুব একটা বাস্তব রূপ পেয়েছে বলে মনে হয় না। গ্রন্থাগারটির এই নামকরণ ১২-০৫-১৯৩৪ তারিখের সাধারণ সভায় অনুমোদিত হয় এবং পরে ২৭-০৯-১৯৬৩ তারিখের পরিবর্তিত গঠনতন্ত্রেও তা বহাল ছিল। এরপর ১৯৭৫ সালে আবার গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে লাইব্রেরির নাম রাখা হয় ‘রাজশাহী সাধারণ গ্রন্থাগার’ বা ‘রাজশাহী পাবলিক লাইব্রেরি’।
গঠনতন্ত্র: ১৯৩৪ সালের ১২ই মে তারিখের সাধারণ সভায় অনুমোদিত ‘রাজশাহী সাধারণ পুস্তকালয়ের সাধারণ নিয়মাবলী’ দিয়ে তখনকার গ্রন্থাগার পরিচালিত হতো। এর আগের গঠনতন্ত্র সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ১৯৩৪ সালের গঠনতন্ত্রটি আগের কোনো একটি গঠনতন্ত্রেরই সংশোধিত ও পরিবর্ধিত রূপ বলেই মনে হয়। কারণ ১৯০৫ সালে কার্যনির্বাহী কমিটিতে যাঁরা নির্বাচিত হয়েছিলেন, তাঁদের সংখ্যা থেকেই বিষয়টি বোঝা যায়। নিচে তালিকাটি দেওয়া হলো (সর্বপ্রথম গঠনতন্ত্র কবে তৈরি হয়েছিল তা অবশ্য অজানা রয়ে গেছে)।
১৯২৫ সালের ২০শে এপ্রিল তারিখের বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছিলেন:
• সভাপতি: রাজা প্রমদানাথ রায়
• সহ-সভাপতি: কুমার শরৎকুমার রায়, কুমার হেমেন্দ্রকুমার রায়, শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্রমোহন মৈত্র, বাবু কৃষ্ণমোহন মৈত্র, দুর্গাদাস ভট্টাচার্য
• সম্পাদক: অশোকচন্দ্র চৌধুরী
• সহ-সম্পাদক: খগেন্ দ্রনাথ সেন, বিজয়চন্দ্র রায়
• কোষাধ্যক্ষ: হীরালাল ঘোষ
• হিসাব নিরীক্ষক: জ্যোতিষচন্দ্র সরস্বতী
• পুস্তকাধ্যক্ষ: সুধীরচন্দ্র রায়
সদস্যবৃন্দ:
বীরেন্দ্রনাথ চৌধুরী, জ্যোতিষচন্দ্র চক্রবর্তী, আশুতোষ ভট্টাচার্য, মহেন্দ্রকুমার সাহা চৌধুরী, অনুকূলচন্দ্র চক্রবর্তী, সুদর্শন চক্রবর্তী, বীরেন্দ্রমোহন চৌধুরী, প্রফুল্লচন্দ্র সরকার, বাবু রমনীকান্ত মৈত্র, সুরেন্দ্রমোহন মৈত্র, সুরেশগোবিন্দ সেন, ব্রজেন্দ্রলাল সাহা, দেবেন্দ্রনারায়ণ চৌধুরী, সুরেন্দ্রমোহন সরকার, নকুলেশ্বর চৌধুরী, কিশোরীমোহন, বাবু যোগেন্দ্রপ্রসন্ন বাগচী, বাণীপ্রসন্ন আচার্য, গোমেন্দ্রসুন্দর মজুমদার, নৃত্যগোপাল স্যান্যাল, শৈলেন্দ্রসুন্দর মজুমদার, বিনয়কুমার মণ্ডল, মুকুন্দনাথ ঘোষ, বিমলাচরণ মৈত্র, বিজয়নাথ সরকার, বঙ্কিমচন্দ্র মৈত্র, বাবু কৃতান্তনাথ মৈত্র, অবিনাশচন্দ্র সাহা, যুগলকিশোর মজুমদার, রমণীমোহন চৌধুরী, রাখালচন্দ্র মণ্ডল, ভবানীগোবিন্দ চৌধুরী, প্রফুল্লচন্দ্র বাগচী, সত্যেন্দ্রমোহন মৈত্র, নিমচাঁদ সিরওয়াগী এবং ডা. জ্যোতিষগোবিন্দ সেন।
উপরের তালিকা থেকেই তৎকালীন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় পাওয়া যায়। তাঁরা প্রত্যেকেই ধনী, অধিকাংশই জমিদার পরিবারের সদস্য এবং উচ্চশিক্ষিত ছিলেন। এই ৪০ জন সদস্যকে C.M.S. সদস্য বলা হতো। তাঁরা বার্ষিক চাঁদা হিসেবে প্রায় ৭০০ টাকার মতো দিতেন। এর মধ্যে কর্মচারীদের বার্ষিক বেতন ছিল মাত্র ৬০০ টাকা (যা পরে বাজেট অধ্যায়ে আলোচিত হয়েছে)। পৌরসভার চেয়ারম্যান পদাধিকারবলে সদস্য হতেন। পুস্তকাধ্যক্ষ ও হিসাব নিরীক্ষক—সবাই অবৈতনিক ছিলেন এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হতেন।
যাই হোক, সেই গঠনতন্ত্র পরে ২৭-০৯-১৯৬১ তারিখে সংশোধন ও পরিবর্ধন করা হয়। তখন থেকে গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক এবং হিসাব নিরীক্ষকদের জন্য বেতন ও পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা চালু হয়। তখন থেকেই ট্রাস্টিদের ক্ষমতা বিলুপ্ত হয় এবং কার্যনির্বাহী কমিটির হাতে পুস্তকালয়ের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি অর্পিত হয়। সে সময় আজীবন সদস্য হতে হলে ১,০০০ টাকা দান করতে হতো; অথচ দেশভাগের আগে মাত্র ১০০ টাকা দিলেই আজীবন সদস্য হওয়া যেত। এই সংবিধানেই জেলা প্রশাসক পদাধিকারবলে কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে গণ্য হন। সংশোধিত গঠনতন্ত্রে পাঁচজন সহ-সভাপতির জায়গায় পদ দুটি করা হয়। ১৯-০৯-১৯৬৯ তারিখে রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক জনাব কে. এম. জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠনতন্ত্রটি পুনরায় কিছুটা পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। এরপর আবার ১৯৭৫ সালে গঠনতন্ত্র বদলানো হয় এবং লাইব্রেরির নাম রাখা হয় ‘রাজশাহী সাধারণ গ্রন্থাগার’ বা ‘রাজশাহী পাবলিক লাইব্রেরি’। এই গঠনতন্ত্রটিই বর্তমানে চালু রয়েছে। এই নিয়মে আজীবন সদস্য হতে হলে মাত্র ৫০০ টাকা অনুদান দিতে হয়।
কার্য পরিচালনা: কার্য পরিচালনার দিকটি বিশ্লেষণ করলে দেখা যায়, এই গ্রন্থাগারের সময়কালকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: প্রথমত সাংগঠনিক পর্ব, দ্বিতীয়ত গৌরবময় ও সুশৃঙ্খল পর্ব, এবং তৃতীয়ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর্থিক সংকটে জর্জরিত পর্ব।
১৮৮৪ থেকে ১৯২৪ সাল পর্যন্ত ছিল গ্রন্থাগারের সাংগঠনিক পর্ব। তখন বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না; বই সংগ্রহ, সভা-সমিতি ও সাহিত্য সভার আয়োজন করাই ছিল সে সময়ের মূল কাজ। তখন অন্যান্য প্রতিষ্ঠানও গ্রন্থাগারের ভবন ও প্রাঙ্গণ ব্যবহার করত। উল্লেখযোগ্য যে, ভোলানাথ হিন্দু স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক যাদবচন্দ্র চক্রবর্তী প্রথমে ‘রাজশাহী একাডেমি’ নামের একটি পাঠশালা এই গ্রন্থাগারেই শুরু করেছিলেন। এভাবে যেকোনো সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ভবন ও প্রাঙ্গণটি ব্যাপকভাবে ব্যবহৃত হতো।
এরপর আসে গ্রন্থাগারের স্বর্ণযুগ—১৯২৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত। সে সময়ে সবকিছুই খুব সুনিয়ন্ত্রিতভাবে চলত। বার্ষিক সাধারণ সভা প্রতি বছর নির্ধারিত সময়েই হতো এবং গঠনতন্ত্র অনুযায়ী খুব সুন্দরভাবে সব কাজ সম্পন্ন হতো। এই সময়ের শুরুর দিকে—১৯২৫ ও ১৯৩১ সালে—পুস্তকালয়ের ক্যাটালগ ছাপা হয়। ক্যাটালগই হলো গ্রন্থাগারের আসল ইতিহাস ও পরিচয়। এই দুটি ক্যাটালগ দেখলেই বোঝা যায় যে, ১৯৩১ সালেই বইয়ের সংখ্যা অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছিল। এ সময় সুযোগ্য সভাপতি দয়ারামপুরের জমিদার কুমার শরৎকুমার রায় এবং সম্পাদক অশোকচন্দ্র চৌধুরী ও ধরণীমোহন মৈত্র অগ্রণী ভূমিকা পালন করেন। অন্য সদস্যদের আন্তরিক ও একনিষ্ঠ প্রচেষ্টায় পাঠাগারের মর্যাদা শীর্ষে পৌঁছায়। বাবু রজনীকান্ত মৈত্র এবং বাবু সুরেশচন্দ্র ঘটক (যাঁর বাড়ি ছিল পাঠাগারের দক্ষিণে, বর্তমান হোমিওপ্যাথি কলেজ) কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচিত সহ-সভাপতি হিসেবে মূল সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতেন। সভাপতি রাজা প্রমদানাথের ভাই কুমার শরৎকুমার রায় বছরে কেবল একবার বার্ষিক সাধারণ সভাগুলোতেই সভাপতিত্ব করতেন। সভা কখনো কখনো সম্পাদক ধরণীমোহন মৈত্রের বাড়িতে কিংবা অন্য কোনো সদস্যের বাসভবনে বসত। বার্ষিক সাধারণ সভায় হালকা খাবারের ব্যবস্থা থাকত এবং তার খরচও আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতো। কান্তকবি রজনীকান্ত সেনের সাহিত্যকর্ম নিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হতো।
লাইব্রেরির ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘জুবিলি উৎসব’-এর আয়োজন করার কথা থাকলেও বেশি খরচের কারণে তা শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি। বার্ষিক সাধারণ সভায় রাজা কুমার শরৎকুমারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হতো। এরপর বাজেট অনুমোদন, বার্ষিক ছুটির তালিকা ও পাঠাগারের সময়সূচি নির্ধারণ করা হতো। প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ৪১ জন সদস্য নির্বাচন করা হতো; এমনকি অবৈতনিক গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক এবং হিসাব নিরীক্ষকও নির্বাচিত হতেন। বছরের এই দিনটিতে পাঠাগারের প্রাঙ্গণ ও ভবন উৎসবমুখর হয়ে উঠত। সবকিছুই ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন, সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল। প্রখ্যাত কোনো সাহিত্যিক বা নেতার প্রয়াণে শোকসভার আয়োজন করা হতো; জ্যেষ্ঠ সহ-সভাপতিরা সেই সভাগুলোতে সভাপতিত্ব করতেন।
আজ সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল? আমার মতো একজন সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন জাগে। সেই দিনগুলো যেন প্রথম যৌবনের স্বপ্নের মতোই মধুর ছিল। এ যেন সেই বৃদ্ধের ঠাকুরদালানের সিঁড়িতে বসে ভৈরবী বা গৌরী রাগে ‘গেল গেল দিন’ গান গাওয়ার মতো আক্ষেপ! সত্যিই সেই সোনালি দিন চলে গেছে, যখন সি.এম.এস-এর ৪০ জন সদস্যের চাঁদার টাকাতেই বেতনভুক্ত কর্মচারীদের বেতন হয়েও উদ্বৃত্ত থাকত; সেদিন কর্মচারীদের বেতনের জন্য কারও বাড়তি উদ্বেগের কারণ ছিল না।

এরপর আসে পাঠাগারের চরম সংকটকাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাঠাগারের বইপত্র লুটপাট করে বাজারে কেজি দরে বিক্রি করে দেওয়ার কথাও শোনা যায়। স্বাধীনতা যুদ্ধের সময় অনেক বই হারিয়ে যাওয়ায়, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এই পুস্তকালয়ে মোট বইয়ের সংখ্যার কোনো সঠিক হিসাব ছিল না। ফলে নতুন করে বইয়ের তালিকা তৈরি ও সঠিক সংখ্যা নির্ধারণ করা অপরিহার্য হয়ে পড়ে। রাজশাহী সিটি কলেজের তৎকালীন অধ্যক্ষ জনাব এস. এম. আবদুল লতিফ তাঁর কলেজের গ্রন্থাগারিক এ. এস. এম. খায়রুল ইসলামকে দিয়ে নতুন গ্রন্থতালিকা তৈরিতে দারুণ সহায়তা করেন। এ প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৎকালীন অধ্যাপক ড. এ. এফ. সালাহউদ্দীন আহমদের ভূমিকাও স্মরণীয়। তাঁরা দুজনেই বেশ কিছু দিন রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
১৯৭৮ থেকে ১৯৮২—এই পাঁচ বছর পাঠাগারের কার্যক্রমে কোনো শৃঙ্খলা খুঁজে পাওয়া যায় না। চলমান রাজনীতি ও রাজনৈতিক সভার কারণে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক এই প্রতিষ্ঠানটি পরিণত হয় এক আড্ডাস্থলে; এমনকি এখানে প্রাইভেট টিউশনিও শুরু হয়। তৎকালীন স্বনামধন্য বিভাগীয় কমিশনার জনাব শফিউল আলম রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড থেকে ২২-০৯-১৯৭৬ তারিখে এক লাখ টাকা অনুদান দিলেও তার সুষ্ঠু ব্যবহারের কোনো নজির পাওয়া যায়নি। এমনকি ১৯৭৮ সালে তৎকালীন জেলা প্রশাসক জনাব আমিনুল হক ও সরকারের তৎকালীন ক্রীড়া ও সংস্কৃতি সচিব জনাব এ. বি. এম. ছফদারকে আমন্ত্রণ জানানোর পর, তাঁদের মাত্র ১৫ মিনিট দেরি হওয়ার কারণে সব সদস্য ও কর্মচারীরা পাঠাগার চত্বর ত্যাগ করে তাঁদের চরম অপমান করেন। এর ফলে সরকার ১৯৭৮ সাল থেকে পাঠাগারের বার্ষিক দশ হাজার টাকার অনুদান বন্ধ করে দেয়।
২৪শে মার্চ ১৯৮২ তারিখে সামরিক আইন জারির পর, ২০শে মে ১৯৮২ তারিখে আঞ্চলিক সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল র. আ. ম. গোলাম মোক্তাদির শহরের মণিবাজারের জেলা পরিষদ মিলনায়তনে সহস্রাধিক মানুষের সমাবেশে ভাষণ দেন। তখন স্থানীয় বার কাউন্সিলের আইনজীবী জনাব গোলাম আরিফ টিপু জেনারেল মোক্তাদিরের কাছে লাইব্রেরির এই করুণ পরিণতির বিশদ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, লাইব্রেরির ব্যবস্থাপনা ও পরিচালনা এতই অযোগ্য যে, এটি আজ বিদ্যার মন্দির থেকে রাজনীতির আড্ডায় পরিণত হয়েছে। তখন মেজর জেনারেল মোক্তাদির জেলা প্রশাসক আজিজুর রহমানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সভাতেই জেলা প্রশাসক সবার সামনে জানান যে, তিনি যে পদাধিকারবলে এই পাঠাগারের সভাপতি, তা তাঁকে আগে কেউ কখনো জানায়নি! পরে তিনি লাইব্রেরি পরিদর্শনে যান। কাগজপত্র ও নথিপত্র ঘেঁটে দেখা যায়, কোনো দিন কোনো চিঠির মাধ্যমে তাঁকে সভার কথা জানানো হয়নি এবং কোনো নথিতে তাঁর সইও নেই—যদিও কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রায় দুই বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। তখন জেলা প্রশাসক তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেন, যা এখনো দায়িত্ব পালন করছে। পরে আরও তিনজনকে এই কমিটিতে নেওয়া হয়। সামরিক আইনের কারণে নির্বাচন বন্ধ থাকায় এই কমিটির মেয়াদ বাড়িয়ে বর্তমানে কার্যক্রম চালানো হচ্ছে।
পুস্তক: বইয়ের তালিকাই একটি পাঠাগারের আসল পরিচয়। এর ইতিহাস উদ্ধার করা বেশ কঠিন কাজ, তাতে কোনো সন্দেহ নেই। ১৯২৫ সালে মুদ্রিত ও প্রকাশিত বইয়ের তালিকা অনুযায়ী প্রাপ্ত হিসাব:
(ক) বাংলা বই: ১,৯৪৯টি
(খ) ইংরেজি বই: ২,০৫০টি
(গ) সংস্কৃত বই: ২২২টি
(ঘ) ইংরেজিতে সরকারি রিপোর্ট: ৪৬টি
মোট: ৪,২৫৭টি
এ থেকেই বোঝা যায়, শুরুর দিকে বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না। তবে পরবর্তীতে ১৯৩১ সালের মুদ্রিত তালিকা থেকে দেখা যায় যে, মাত্র ছয় বছরেই বইয়ের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। তখন অশোকচন্দ্র চৌধুরী ছিলেন পুস্তকালয়ের সম্পাদক। তাঁর সময়ে এবং তাঁর সুযোগ্য উত্তরসূরি বাবু ধরণীমোহন মৈত্রের সময়েই পাঠাগার নতুন প্রাণ পায়। তাঁদের অক্লান্ত পরিশ্রমে দেশভাগের কিছু আগে বইয়ের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে এগারো হাজারে (১১,৫০০)। দেশভাগের সময় এবং পরে মুক্তিযুদ্ধের সময় অনেক বই হারিয়ে যায়। পাকিস্তান আমলে বইয়ের প্রথম পাতা ছিঁড়ে ফেলা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের প্রমাণ মেলে। মুক্তিযুদ্ধ চলাকালে পাঠাগারে লুটপাট হওয়ায় বহু মূল্যবান বই ও নথিপত্র খোয়া যায়; যার কারণে এর ইতিহাস লেখার কাজটি সত্যিই দুরূহ হয়ে উঠেছে। যা-ই হোক, ১৯৩১ সালের সেই সুবিশাল মুদ্রিত ক্যাটালগটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে পাঠাগারে টিকে রয়েছে।
এই তালিকার একটি বড় বৈশিষ্ট্য হলো, একই লেখকের বিভিন্ন বই পাশাপাশি এক ক্রমিকের অধীনে উপ-ক্রমিক দিয়ে সাজানো হয়েছিল। পুস্তকাধ্যক্ষ সুধীরচন্দ্র রায় ১৯৩১ সালের তালিকার ভূমিকায় লিখেছেন যে, বিগত কয়েক বছরের তুলনায় বইয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এই ক্যাটালগের দ্বিতীয় সংস্করণের প্রয়োজন হয়েছিল। বইগুলো বিষয় অনুযায়ী ভাগ করে তালিকায় স্থান দেওয়া হয়েছিল এবং প্রতি পৃষ্ঠার নিচে মনীষীদের মূল্যবান বাণী জুড়ে দেওয়া হয়েছিল। ভবিষ্যতের কথা ভেবে, পরবর্তীতে সংগৃহীত বইয়ের বিবরণ লিখে রাখার জন্য প্রতিটি বিষয়ের তালিকার শেষে বেশ কয়েক পৃষ্ঠা সাদা কাগজও বাঁধাই করে রাখা হয়েছিল।
আগেই বলেছি, এই গ্রন্থাগারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুর্লভ পুরোনো বইয়ের সংগ্রহ। এই লাইব্রেরির বই নিয়ে গবেষণা করে অনেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। রাজশাহীতে এমন বিশিষ্ট ব্যক্তিও আছেন, যিনি এই পাঠাগারের বই পড়ে সনাতন ধর্মীয় শাস্ত্রের ওপর ডক্টরেট করেছেন। বহু কৃতী ছাত্রছাত্রী এই পাঠাগারের বইয়ের সাহায্য নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন; সময় নিয়ে খুঁজলে তাঁদের বের করা কঠিন হবে না।
কিন্তু আজ পাঠকের সংখ্যা কমে যাওয়ায় বইয়ের কদরও আর আগের মতো নেই। আবার অনেকে পড়ার জন্য বই নিয়ে গিয়ে আর ফেরত দিতে চান না—এই মানসিকতা সমাজের জন্য ক্ষতিকর। অন্যকে বঞ্চিত না করে সবাইকে পড়ার সুযোগ করে দেওয়াটাই তো মহত্ত্ব; এটাই প্রকৃত ধর্ম। কালীপ্রসন্ন সিংহ মহাশয় ের সেই উক্তিটি আজ বড় বেশি সত্য মনে হয়—‘যিনি পরের ভাবনা ভাবিতে পারেন না, তিনি বিদ্বান হইতে পারেন কিন্তু তাঁহাকে শিক্ষিত বলিতে পারি না।’ আশা করি, এই পাঠাগারের সদস্যরা বর্তমানের এই নেতিবাচক মানসিকতার ঊর্ধ্বে উঠে অন্যদের পড়ার সুযোগ করে দিয়ে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।
যা-ই হোক, বর্তমানে এই পাঠাগারে বইয়ের সংখ্যা ১৬,২২৫টি। এর মধ্যে কপিরাইট সুবিধার আওতায় পাওয়া বইয়ের সংখ্যা ২,০৩৫টি। কপিরাইটের বই প্রতিনিয়ত আরও বাড়ছে, যা স্থানাভাবের কারণে পরিপাটি করে সাজিয়ে রাখা সম্ভব হচ্ছে না।



