বাংলার লাইব্রেরি
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রাচ্য পুঁথি সংগ্রহ
বাংলাদেশে লাইব্রেরী সায়েন্সের জনক মুহম্মদ সিদ্দিক খান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরী বিভাগের প্রতিষ্ঠাতা। বিখ্যাত ঐতিহাসিক ও গবেষক আবু মহামেদ হবিবুল্লাহ ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে থাকা সকল আরবি, ফারসি ও উর্দু ভাষার পাণ্ডুলিপি নিয়ে ক্যাটালগ তৈরি করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তা দুই খণ্ডে প্রকাশিত হয়। বর্তমান নিবন্ধটি উক্ত প্রকাশনার একটি ভূমিকা। ডক্টর খানের এই লেখায় আরবি ও ফারসি পাণ্ডুলিপির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর আদি ইতিহাস, উন্নতির ধারাবাহিক বিবরণ ও চড়াই উতরাইয়ের সংক্ষিপ্ত আলোচনা আছে। কীভাবে এবং কার অর্থায়নে তৈরি ও প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা আরবি, ফারসি ও উর্দু ভাষার পাণ্ডুলিপির ক্যাটালগ— এই বয়ান সত্যিই আকর্ষণীয়।
লিখেছেন:
মুহম্মদ সিদ্দিক খান
প্রকাশিত:
১৬ নভেম্বর, ২০২৬

পাক-ভারত উপমহাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার একটি বিশেষ মর্যাদাসম্পন্ন স্থানের অধিকারী। এই গ্রন্থাগারের প্রায় ২০,০০০ আরবী, ফারসী, বাংলা, উর্দু, সংস্কৃত, হিন্দী, মৈথিলী এবং অসমীয়া পুঁথি সংগ্রহ গ্রন্থাগারটিকে একটি বিশিষ্ট গবেষণা-কেন্দ্রে রূপান্তরিত করেছে। ১৯২১ সালে প্রতিষ্ঠা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরন্তর প্রচেষ্টা ও সুদূর-প্রসারী পরিকল্পনার ফলেই এই পুঁথি সংগ্রহ গড়ে উঠেছে। প্রতিষ্ঠার বহুপূর্বেই, ১৯১২ সালে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা পর্যায়ে সিদ্ধান্ত করা হয়েছিল যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষাকেন্দ্র হিসাবে গঠিত হবে এং এখানে কেবল পাঠ্যপুস্তক মুখস্থ করলেই ডিগ্রি দান করা হবে না। ডিগ্রি লাভের জন্য শিক্ষার্থীকে গ্রন্থাগারের মাধ্যমে গবেষণামূলক কাজকর্ম করতে হবে।
দুষ্প্রাপ্য ও পুরাতন পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদেশের বিভিন্ন স্থানে সংগ্রাহক নিযুক্ত করেছিলেন। এই সব সংগ্রাহক সুকৌশলী বিক্রয় প্রতিনিধির মত পুঁথির মালিকদের অনুরোধ, উপরোধ, এমনকি উৎকোচের লোভ দেখিয়ে সংগ্রহের কাজে অগ্রসর হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯২৫-২৬ সালের বার্ষিক রিপোর্টে উল্লেখ আছে যে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বাংলা ও সংস্কৃত পুঁথির সংগ্রহ গড়ে তোলার পরিকল্পনার ভিত্তিতে উল্লেখিত শিক্ষা বৎসরে ৫০০০.০০ টাকা বরাদ্দ করেছিলেন। অবশ্য বিশ্ববিদ্যালয়ের ১৯২৮-২৯ সালের বার্ষিক রিপোর্টে সর্বপ্রথম আরবী ও ফারসী পুঁথি সংগ্রহের কথা উল্লেখ আছে। এই রিপোর্টে ঢাকা জেলার বলিয়াদীর জমিদার জনার খান বাহাদুর কাজিমুদ্দীন সিদ্দিকী কর্তৃক বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ৫৩টি প্রদত্ত পুঁথিসহ ৭৯০ খণ্ড পুস্তক প্রদানের উল্লেখ আছে। এই বছরই সর্বপ্রথম সাতজন সদস্য সম্বলিত আরবী, ফারসী এবং উর্দু পাণ্ডুলিপি কমিটি গঠিত হল। আরবী ও ইসলামিক ষ্টাডিজ বিভাগের অধ্যক্ষ, ফারসী ও উর্দু বিভাগের অধ্যক্ষদ্বয়, আরবী ও ইসলামিক ষ্টাডিজ এবং ফারসী ও উর্দু বিভাগ দুটি থেকে সম্মিলিতভাবে একজন শিক্ষক, সংস্কৃত পাণ্ডুলিপি কমিটির একজন, অন্য একজন শিক্ষক ও গ্রন্থাগারিক এই সাতজন এই কমিটির সদস্য ছিলেন। পুঁথি সংগ্রহের ব্যাপারে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য পাণ্ডুলিপি প্রথমেই ইংরাজী ও দেশীয় দৈনিক পত্রিকাসমূহে বিজ্ঞাপন দেবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই প্রাথমিক ত্বরিত ব্যবস্থা গ্রহণের ফলে কমিটি গঠনের প্রথম বছরেই, অর্থাৎ ১৯২৯-৩০ শিক্ষা-বৎসরে একমাত্র ঢাকা শহর থেকেই দুই পর্যায়ে মোট ২৫২টি পাণ্ডুলিপি সংগৃহীত হয়েছিল। এই সংগ্রহটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ক্রমবর্ধমান পুঁথি সংগ্রহের মূল বা আদি সংগ্রহ।

সীমিত আর্থিক বরাদ্দের অসামর্থ্যের দরুন কমিটি পুঁথি সংগ্রহ পরিকল্পনা সম্পূর্ণ কার্যকরী করতে অসমর্থ হলেন। তদুপরি কমিটির কার্যধারায় একটি আপাতঃ বিরোধী ধারা যথা, কেবলমাত্র প্রকৃত গুরুত্বপূর্ণ এবং পরিমিত মূল্যের পুঁথি সংগ্রহ করতে হবে এই নির্দেশের ফলেও সংগ্রহ-কার্য ব্যাহত হয়েছিল। ফলে ১৯৩০-৩১ শিক্ষাবছরে খুব স্বল্পসংখ্যক আরবী ফারসী ও উর্দু পুঁথিই গ্রন্থাগারে সংগৃহীত হয়েছিল। সংগৃহীত পুঁথিসমূহের প্রায়শ ভগ্নদশার পরিপ্রেক্ষিতে এগুলি বাঁধাই ও মেরামতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময় ১৫০.০০ টাকা বরাদ্দ করেছিলেন। পরবর্তী সময়েও এরূপ আরও বরাদ্দ করা হয়েছিল। পরবর্তী ১৯৩২-৩৩ এবং ১৯৩৩-৩৪ শিক্ষা বৎসরেও কমিটিকে অত্যন্ত আর্থিক অভাব এবং পূর্ববর্তী বছরের অবশিষ্ট টাকার উপর নির্ভর করে সংগ্রহ কার্য চালাতে হওয়ায় আরবী, ফারসী ও উর্দু পুঁথির খুব উল্লেখযোগ্য সংগ্রহ সম্ভব হয়নি। ১৯৩৩-৩৪ শিক্ষা বৎসরে এই বিভাগে পুঁথির সংখ্যা ছিল প্রায় ৪৫০। আর্থিক অনটনের দরুন পরবর্তী তিন বৎসরও তেমন উল্লেখযোগ্য সংগ্রহ হয়নি।
কেবলমাত্র ১৯৩৮-৩৯ শিক্ষা বৎসরে এই ব্যাপারে ১০০০.০০ টাকা মঞ্জুর করা হয়েছিল। এই মঞ্জুরী পরবর্তী তিন বছরে ব্যয়ের কথা ছিল এবং নির্দেশ ছিল যে বাংলা ও আসাম প্রদেশের ব্যক্তিগত মালিকানায় রয়েছে এমন পুঁথি অনুসন্ধান করে সংগ্রহ করতে হবে। ব্যক্তিদান ও যৌতুকের উপহারের মাধ্যমেও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পুঁথি সংগ্রহ গড়ে উঠেছে। চট্টগ্রাম নিবাসী মৌলভী আব্দুল করিম সাহিত্য বিশারদ কর্তৃক প্রদত্ত ৫৯৭টি পুঁথি ও ১২টি ফারসী আরবী পাণ্ডুলিপি; মরহুম ডা. শাদানীর প্রচেষ্টায় হাকিম হাবিবুর রহমান সাহেবের ওয়ারিশানদের প্রদত্ত ৯০টি পুঁথির সংগ্রহ এবং বগুড়া নিবাসী মৌলভী আমিনুর রহমানের ওয়ারিশানদের প্রদত্ত ২৬টি পুঁথির সংগ্রহ দানসমূহের অন্যতম।
১৯৩৮-৩৯ শিক্ষা সালেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে আরবী, ফারসী ও উর্দু পুঁথির যথাসত্বর একটি বিশদসূচী প্রণয়নের প্রস্তাব করা হয়েছিল। একাডেমিক কাউন্সিলের নির্দেশে পুঁথি কমিটি সিদ্ধান্ত করলেন যে, এ বিষয়ে আলাপ আলোচনার পর একজন অভিজ্ঞ সূচীকারকে (ক্যাটালগার) এ কাজের ভার অর্পণ করা হবে। এর পরিপ্রেক্ষিতে পুঁথি সংগ্রহের কতসংখ্যক পুঁথি অমুদ্রিত ছিল এ বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য ১৯৪১-৪২ শিক্ষা বৎসরে ড. এম. হাসান, ড. এম. আই. বোরাহ, ড. মুহম্মদ শহীদুল্লাহ ও এম. এ তৌফিক— এই চারজন সদস্য বিশিষ্ট একটি কমিটি নিয়োগ করা হয়েছিল। সিদ্ধান্ত করা হল যে, কমিটির রিপোর্ট প্রদানের পর সূচীকার নিয়োগ করা হবে। অবশ্য এই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। অবশেষে আরবী ফারসী পুঁথি কমিটির সম্পাদক নিজেই ১৯৪৫ শিক্ষা বছরে এ কাজের ভার নিলেন কিন্তু তিনিও খুব অগ্রসর হতে পারলেন না। অবশেষে ১৯৪৭-৪৮ সালে এ বিষয়ে আরেকটি প্রচেষ্টাও বিফলতায় পর্যবসিত হয়েছিল। সূচী প্রণয়নের কাজটি সম্পন্ন করবার জন্য, যে পরিশ্রম, সূচীদক্ষতা, বিদ্যাবত্তা ও অর্থের প্রয়োজন ইত্যাদি সম্পর্কে কোন বাস্তব ধারণা ও দৃষ্টিভঙ্গির অভাবই এসব প্রচেষ্টার ব্যর্থতার কারণ।
পরবর্তী বছরগুলোতে এ সম্পর্কে কোন প্রচেষ্টাই করা হয়নি। ইতিমধ্যে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রাচ্য-বিষয়ে সূচীকার (Cataloguer) মরহুম হাকিম ওয়াহেদ আলী ব্যক্তিগতভাবে আরবী, ফারসী ও উর্দু পুঁথির একটি বিশদ সূচী প্রণয়নের কাজে হাত দেন। ১৯৫৮ সালের জুন মাসে সিয়াটোর সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ এম. রোলেট এনদ্রিয়ানো, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার পরিদর্শনে মরহুম হাকিম ওয়াহেদ সাহেবের কাজ দেখে এত আশ্চর্য হয়েছিলেন যে, তিনি সিয়াটো কর্তৃক সূচীর পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। ডিমাই সাইজের ৩৫০ পৃষ্ঠা সম্বলিত এক খণ্ড মুদ্রিত সূচীর জন্য প্রথমত ১৫০০.০০ ডলার বরাদ্দ করা হয়েছিল। পরে আনুমানিক অতিরিক্ত খরচের জন্য এই বরাদ্দ ১৮৫০.০০ ডলারে বর্ধিত করা হল। ফলে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কমিটি কর্তৃক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ ড. এ. বি. এম. হবিবুল্লাহ সাহেবকে হাকিম সাহেবের প্রণীত সূচীটির সংশোধন ও সম্পাদনার ভার দেওয়ার প্রস্তাব করা হয়। কাজটি হাতে নেবার পর হাকিম ওয়াহেদ আলী প্রণীত সূচীটি সুষ্ঠু সূচী হিসেবে পরিগণিত না হওয়ায় ড. হবিবুল্লাহ প্রত্যেকটি পুঁথির জন্য পুনর্বার নূতন লিখন বা এন্ট্রি প্রস্তুত করতে রাজী হলেন। কাজ চলাকালীন সুস্পষ্টভাবে বুঝা গেলো যে, পূর্বের অনুমান হিসাবে ৩৫০ পৃষ্ঠার সূচী সংকলনের কাজ শেষ হবে না এবং সূচীটি মুদ্রিত করতে অনুমান ৫৬০ পৃষ্ঠার প্রয়োজন হবে। এই অতিরিক্ত ব্যয় মিটানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বাবতে ৯৬৫০.০০ টাকা বরাদ্দ করলেন। দীর্ঘ পাঁচ বছর ধরে নানা অভাব অসুবিধার মধ্যে সূচী প্রণয়নের কাজ অগ্রসর হওয়ায় কাজটি সমাপ্ত করতে স্বাভাবিকভাবেই বিলম্ব ঘটেছে।

আলোচ্য সূচীতে ৩৬৪টি ফারসী পাণ্ডুলিপি তালিকাভুক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সমগ্র আরবী-ফারসী ও উর্দু পাণ্ডুলিপি ২ খণ্ডে সমাপ্য সূচী (ক্যাটালগ) প্রকাশের যে পরিকল্পনা ছিল, এ প্রকাশনাটি তার ১ম খণ্ড; ২য় খণ্ডে রয়েছে ৩৬৫ হইতে ৫২৬ সংখ্যক ১৬২টি আরবী ও উর্দু পাণ্ডুলিপির বিশদ বিবরণী। এই দু’খণ্ড একত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রাচ্য পাণ্ডুলিপি সংগ্রহের ১ম প্রকাশনা বলে বিবেচিত হবে। অবশ্য, মরহুম আব্দুল করিম সাহিত্য বিশারদ কর্তৃক বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রদত্ত ৫৮৫টি দোভাষী পুঁথির বিশদ বিবরণী এর পূর্বেই ড. আহমদ শরীফের সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক প্রকাশিত হয়েছে; এশিয়াটিক সোসাইটি অফ পাকিস্তান ঢাকা শাখা উক্ত বিবরণীর ইংরেজী সংস্করণও ড. সাজ্জাদ হোসেনের সম্পাদনায় প্রকাশ করেছেন।



