বাংলার লাইব্রেরি
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর ইতিহাস
বাংলাদেশের প্রাচীন লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয় ১৯৮৫ সালে। স্মারকগ্রন্থের সম্পাদক অধ্যাপক আবুল আহসান চৌধুরী লিখেছেন ‘কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর ইতিহাস’। কোন্ প্রেক্ষাপটে এবং কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে এই লাইব্রেরী তার তথ্যভিত্তিক বয়ানের পাশাপাশি আলোচিত হয়েছে কীভাবে বহু চড়াই উৎরাই পেরিয়ে এখনো টিকে আছে শতবর্ষী লাইব্রেরীটি।
লিখেছেন:
আবুল আহসান চৌধুরী
প্রকাশিত:
১৬ নভেম্বর, ২০২৬

এই বছর, ১৯৮৫ সালে, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর ৭৫ বছর (১৯১০-১৯৮৫) পূর্ণ হলো। কালের বিচারে এটি খুব দীর্ঘ সময় হয়তো একটা নয়, তবু এর ভেতরেই এই লাইব্রেরী একটি সম্মানিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সময়কালের মধ্যে এই প্রতিষ্ঠান অন্তত চারটি প্রজন্মকে স্পর্শ করেছে—অর্জন করেছে ঐতিহ্যের অহংকার।
এই লাইব্রেরীর একটি ইতিবৃত্ত-সংকলনের প্রয়োজন অনেকেই অনুভব করে থাকেন। বিশেষ করে ৭৫ বছর পূর্তি উপলক্ষে যখন উদযাপিত হতে যাচ্ছে প্লাটিনাম জুবিলী উৎসব, তখন এই তাগিদ বিশেষ জোরালো। তবে পরিচিতি-রচনার সমস্যা ও অন্তরায় হচ্ছে, এই প্রতিষ্ঠানের পুরনো কাগজপত্র (১৯১০-১৯৪৭) কোনকিছুই সংরক্ষিত হয়নি। সদস্য-নাম, গ্রন্থ-তালিকা, পরিচালনা-পর্ষদ, বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের হিসেব, অডিট রিপোর্ট, পারদর্শন-বই, জমির দলিলপত্র—এইসব কাগজপত্র অবহেলায়, বা বাহুল্য বিবেচনায় বিনষ্ট হয়েছে, আবার কিছু একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ধ্বংস হয়েছে।

কুষ্টিয়া অঞ্চল বহুকাল ধরে বাণী-সাধনার উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত। এই সাংস্কৃতিক প্রেক্ষাপট এই অঞ্চলে লাইব্রেরী গড়ে তুলতে বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গকে অনুপ্রাণিত করেছে। এই অঞ্চলের সর্বপ্রাচীন গ্রন্থাগার-প্রতিষ্ঠান কুমারখালীর ‘দরিদ্র বান্ধব লাইব্রেরী’ (১৮৫৪?)। ‘আমলা-সদরপুর পাবলিক লাইব্রেরী’ (১৯১২), কুষ্টিয়া শহরের ‘মাড়োয়াড়ী নবযুগ পাঠাগার’ (১৯৩৩), ‘আড়ুয়াপাড়া তরুণসংঘ পাঠাগার ও ক্লাব’ (১৯৩৭), ‘মাহিনীমোহন পাঠাগার’ থানাপাড়ার ‘টাউন লাইব্রেরী’, মেজমপুরের ‘তরুণসংঘ লাইব্রেরী’র কথাও এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। খোকসার হিজলাবটের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যক্ষ হেরয়চন্দ্র মৈত্র, খোকসার কমলাপুরের প্রখ্যাত ইসলাম-প্রচারক সৈয়দ আবদুল কুদ্দুস রুমী, গোস্বামী-দুর্গাপুরের রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রায়বাহাদুর রাধিকাপ্রসন্ন মুখোপাধ্যায়, জয়রামপুরের জানকীনাথ ঘোষাল, কুমারখালীর কাঙাল হরিনাথ ও রায়বাহাদুর জলধর সেন, গাঁড়াডোবের ইসলামী চিন্তাবিদ মুন্সী জমিরুদ্দীন, মেহেরপুরের রমণীমোহন মল্লিকের পারিবারিক গ্রন্থাগার ছিল মূল্যবান ও দুষ্প্রাপ্য গ্রন্থ ও পত্র-পত্রিকায় সমৃদ্ধ। আমলা-সদরপুরের সাহা-জমিদার, কাঁকিলাদহের জমিদার, জিয়ারোখির জমিদার—এঁদের পারিবারিক গ্রন্থাগারও ছিল উল্লেখযোগ্য সংগ্রহে পরিপূর্ণ। কুষ্টিয়ার প্রাচীন শিক্ষায়তন যেমন কুষ্টিয়া হাইস্কুল, গোস্বামী দুর্গাপুর হাইস্কুল, কুমারখালী এম.এন. হাইস্কুল, আমলা হাইস্কুল ও হরিনারায়ণপুর হাইস্কুলের গ্রন্থাগারের সংগ্রহের কথাও বিশেষভাবে উল্লেখ করতে হয়।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী ১৯১০ সালে প্রতিষ্ঠিত। কিন্তু এর প্রতিষ্ঠা-বিষয়ে আনুপূর্বিক সব তথ্যের বিস্তারিত হদিস পাওয়া যায় না। জানা যায়, তৎকালীন মহকুমা প্রশাসক কৃষ্ণদয়াল প্রামানিকের সক্রিয় উদ্যোগে এবং বাড়াদীর বিদ্যোৎসাহী জমিদার হরিশচন্দ্র রায়চৌধুরী ও শহরের বিশিষ্ট মাড়োয়ারী ব্যবসায়ী গৌরীশঙ্কর আগরওয়ালার আনুকূল্যে লাইব্রেরীর জমি সংগ্রহ ও গৃহ-নির্মিত হয়।
মহকুমা প্রশাসকের নিকট লিখিত লাইব্রেরীর খাজনা-নির্ধারণ সম্পর্কিত ১৯১৬ সালের একটি খসড়া ইংরেজী আবেদনপত্রে লাইব্রেরী-সংক্রান্ত কিছু কিছু তথ্য পাওয়া যায়। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর জন্যে প্রথমে গৌরীশঙ্কর আগরওয়ালার নিকট থেকে ১০ কাঠা জমি ক্রয় করা হয়। এই জমির উপরই বাড়াদীর জমিদার হরিশচন্দ্র রায়চৌধুরী (১৯১৬ সালের পূর্বে পরলোকগত) লাইব্রেরী-ভবন নির্মাণ করে দেন। তাঁরই নামে লাইব্রেরী-ভবনের নামকরণ (হরিশচন্দ্র হল) হয়। এই একই দাগে গৌরীশঙ্কর আগরওয়ালার প্রায় দুই বিঘা জমি ছিল। এই জমির বার্ষিক খাজনা ছিল ৩০ টাকা। লাইব্রেরী-গৃহের পূর্বদিকের কিছু জমি গৌরীশঙ্কর লাইব্রেরীকে দান করেন এবং অবশিষ্ট জমির উপর তাঁর পিতা রামচন্দ্র আগরওয়ালার স্মৃতিরক্ষার জন্যে একটি পার্ক নির্মাণ করেন। এই পার্ক ‘রামচন্দ্র পার্ক’ নামে পরিচিত ছিল। পরে এখানে (লাইব্রেরী-গৃহের পূর্বে) নিমিত হয় টেনিস-কোর্ট। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী (হরিশচন্দ্র হল) ও ‘রামচন্দ্র পার্ক’ এই উভয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন নদীয়ার তৎকালীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।

১৯১৬ সালে লাইব্রেরী কর্তৃপক্ষ তৎকালীন মহকুমা হাকিম দাশরথী দত্তের কাছে লাইব্রেরীর ১০ কাঠা জমির জন্যে বার্ষিক ৭ টাকা ৮ আনা এবং অবশিষ্ট ১ বিঘা ১০ কাঠা জমির খাজনা ২২ টাকা ৮ আনা গৌরী-শঙ্কর আগরওয়ালার নামে ভুক্ত করার আবেদন জানান। এইসঙ্গে অংশ-মোতাবেক নাম খারিজ করে গৌরীশঙ্করের পরিবর্তে লাইব্রেরীর নামে জমি রেকর্ডভুক্তির আবেদনও জানানো হয়। পরবর্তীকালে পার্ক ও টেনিস-কোর্টের জমিও পাবলিক লাইব্রেরীর সামিল হয়ে যায়। অবশ্য দুই বিঘা জমির কিছু অংশ ডাকবাংলো আর কিছু অংশ দক্ষিণ ও পূর্বের নর্দমায় বেরিয়ে যেয়ে এখন জমির পরিমাণ দাঁড়িয়েছে ’৩৯৮৭। লাইব্রেরীর প্রবেশ-তোরণে একটি অর্ধ-বৃত্তাকার লোহার নাম-ফলক ছিল, তাতে ইংরেজীতে লেখা ছিল HARISHCHANDRA HALL, উৎপাটিত ভগ্নপ্রায় নামফলকটি এখনো অতীতের স্মৃতি জাগিয়ে তোলে মনে।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার পর তারই পাশাপাশি একটি টাউন হল প্রতিষ্ঠার প্রচেষ্টাও গ্রহণ করা হয়। এর প্রধান উদ্যোক্তা ছিলেন তৎকালীন মহকুমা ম্যাজিস্ট্রেট দাশরথী দত্ত (১৯১৩-১৬)। দাশরথী দত্ত সংস্কৃতিমনা ও জনপ্রিয় প্রশাসক ছিলেন। তাঁর সম্পর্কে প্রয়াত জাতীয় অধ্যাপক ডঃ কাজী মোতাহার হোসেন বলেছেন: “...জনাব আমীনুল ইসলাম সাহেব বদলী হয়ে যাওয়াতে তাঁর স্থলে আসলেন শ্রীযুক্ত দাশরথী দত্ত। তাঁর এক শ্যালক চমৎকার গান গাইতে পারতেন, আর আমি তাঁর একজন নিয়মিত শ্রোতা হওয়াতে তাঁর মধ্যস্থতাতেই বোধহয় দাশরথীবাবু আমাকে দীর্ঘকাল স্মরণে রেখে-ছিলেন। তাছাড়া তিনিও মাঝে মাঝে আদালতের ধারের বড় রাস্তার ওপারে অফিসারদের ক্লাবে গানের আসরে আসতেন।”
১৯১৬ সালের ৩০শে মার্চ দাশরথী দত্তের বিদায়-সভায় কুষ্টিয়া শহরে টাউন হল স্থাপন বিষয়ে তাঁর উদ্যোগের প্রশংসা করে তা সত্বর বাস্তবায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়। দাশরথী দত্তের কার্যকালে তাঁকে সভাপতি ও মুন্সেফ কুমুদনাথ রায়কে সম্পাদক ও কোষাধ্যক্ষ করে ‘Town Hall Provisional Committee’ গঠন করা হয়। এই কুমুদনাথ রায় তখন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীরও সম্পাদক ছিলেন। ১২ সদস্য-বিশিষ্ট এই কমিটির একমাত্র মুসলমান-সদস্য ছিলেন স্থানীয় জোতদার ও বিশিষ্ট ব্যবসায়ী রজব আলী খান (চৌধুরী)। পাবলিক লাইব্রেরী ও টাউন হলের মধ্যে যে-একটি যোগসূত্র ছিল তা শচীন্দ্রনাথ অধিকারীর স্মৃতিচারণ থেকে জানা যায়: “তখন কুষ্টেতে Public Library Town Hall -হিসাবে কোর্টের কাছে ‘হরিশচন্দ্র হল’ নির্মিত হয়। মধ্যে মধ্যে বড় সাহিত্যিকগণকে আহ্বান করে এনে বক্তৃতা দেওয়ানো হত।”

দাশরথী দত্তের সঙ্গে কুষ্টিয়া, পাবলিক লাইব্রেরীরও একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই লাইব্রেরীর উন্নয়নে তাঁর একটি সক্রিয় ও কার্যকর ভূমিকা ছিল। তাই তাঁর বিদায়-পরবর্তীকালে তাঁর স্মৃতিরক্ষার্থে ও সম্মানে লাইব্রেরীর কার্যনির্বাহী পর্ষদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, একটি বইয়ের আলমারীর শীর্ষে দাশরথীবাবুর নাম উৎকীর্ণ করা হবে। লাইব্রেরীর সম্পাদক ২৭.৪.১৯১৬ তারিখে ৩২ নং পত্রে এই সিদ্ধান্তের কথা দাশরথীবাবুকে জানিয়ে দেন। ১৯১৬ সালের ৩০শে এপ্রিল কৃষ্ণ-নগর থেকে তিনি এক মর্মস্পশী ভাষায় কৃতজ্ঞচিত্তে এই পত্রের জবাব দেন। অন্যত্র বদলী হয়ে যাওয়ার পরেও দীর্ঘকাল তাঁর সঙ্গে কুষ্টিয়া ও এই লাইব্রেরীর একটি যোগাযোগ ছিল।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সঙ্গে নদীয়ার জেলা প্রশাসক এবং বেশ কয়েকজন সুপরিচিত জমিদারও জড়িত ছিলেন। পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষ ১৯১৪ সালের ৩১শে জুলাই নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট এস. সি. মুখার্জী আই. সি. এস.-কে এক পত্রে লাইব্রেরীর সঙ্গে তাঁর নাম যুক্ত রাখার অনুমতির জন্যে অনুরোধ জানান। জেলা ম্যাজিস্ট্রেট ১৯১৪ সালের ৩রা আগষ্ট সানন্দে এই অনুমতিপত্র প্রদান করেন। নড়াইলের জমিদারের নিকট থেকে এই লাইব্রেরী আ র্থিক সাহায্য লাভ করে। ১৯১৬ সালের ২৬শে মে নড়াইলের জমিদার ২০০ টাকা সাহায্য করেন। মেদিনীপুর জমিদারী কোম্পানীর সাহায্যও লাভ করেছিল লাইব্রেরী। লাইব্রেরী ও ক্লাবের সদস্যদের মধ্যে কয়েকজন নীলকর ও শিল্পপতির নামও পাওয়া যায়: গাডগিল, রেণউইক, জিফসন, ফার্গুসন, গর্ডন।
১৯১৮ সালের নভেম্বরের শেষে প্রথম মহাযুদ্ধে মিত্রশক্তিভুক্ত বৃটেনের বিজয়লাভে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীতে ‘Victory Celebration’ হয়। এতে খরচ হয় ১০ টাকা ২ আনা ২ পাই। এই বিজয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রঙিন কাগজ কেটে লেখা হয় ‘God Save the King’. এ-ছাড়া উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা বা অভিজাত ইংরেজ কেউ কুষ্টিয়ায় এলে অনুষ্ঠান ও খানাপিনার ব্যবস্থা হতো। এ-সব বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করতেন তারাপদ মজুমদার, প্রফুল্লচন্দ্র রায়, সুরেন্দ্রনাথ সরকার, গৌরীশঙ্কর আগরওয়ালা, অমূল্যকুমার দত্ত, দক্ষিণারঞ্জন আচার্য, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ড. বিজয়লাল রায়চৌধুরী, হরেন্দ্রচন্দ্র ঘটক, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রামচন্দ্র চৌধুরী প্রমুখ কুষ্টিয়ার বিশিষ্ট নাগরিকবৃন্দ। এরা সবাই কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী ও ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন।
লাইব্রেরীর জন্ম থেকে দেশভাগের সময় পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে কারা জড়িত ছিলেন, সম্পাদকের দায়িত্ব কারা পালন করেছেন সে-সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯১৫-১৬ সালে কুষ্টিয়ার মুন্সেফ কুমুদনাথ রায় এম. এ. বি. এল. লাইব্রেরীর সম্পাদক ছিলেন। তিনি লাইব্রেরীর বিষয়ে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং তাঁর সময়ে এই নব-প্রতিষ্ঠিত গ্রন্থাগারটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ১৯১৫ থেকে ১৯২২ সাল পর্যন্ত স্থানীয় উকিল সুরেন্দ্রনাথ সরকার বি. এল. লাইব্রেরীর যুগ্ম সম্পাদক ছিলেন। ইনি কিছুকাল সম্পাদকের দায়িত্বও ভারপ্রাপ্ত হিসেবে পালন করেন। মাঝে ১৯১৭ সালে উকিল প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারপ্রাপ্ত যুগ্ম-সম্পাদক। ১৯৩৪ সালে সম্পাদক হিসেবে নাম পাওয়া যায় বিজয় ভট্টাচার্যের। ১৯৩৯ সালের যুগ্ম-সম্পাদক কুষ্টিয়ার উকিল রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বি. এন. ১৯৪০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত লাইব্রেরীর সম্পাদক ছিলেন। দেশভাগের পর সরকারী আমলারাই লাইব্রেরী ও ক্লাবের দায়িত্ব পালন করতেন। ১৯৬০ সালে সম্পাদক নির্বাচিত হন এ. জেড. রেজওয়ানুল হক এ্যাডভোকেট। দেশভাগের পর তিনিই প্রথম বেসরকারী সম্পাদক। তারপর থেকে এ-পর্যন্ত নির্বাচনের মাধ্যমেই লাইব্রেরীর সম্পাদক নির্ধারিত হয়ে আসছে। দেশভাগের পূর্বে সাধারণত মহকুমা প্রশাসকই হতেন পাবলিক লাইব্রেরীর সভাপতি। অবশ্য একটি-দুটি ক্ষেত্রে দেখা যায়, কখনো কখনো কোন মুন্সেফও সভাপতি হয়েছেন। যেমন ১৯৩৩ সালে সভাপতি ছিলেন কুষ্টিয়ার মুন্সেফ মতিলাল দাশ। সাতচল্লিশের পর অবশ্য গঠনতন্ত্র-অনুসারে জেলা প্রশাসকই পদাধিকারবলে পাবলিক লাইব্রেরীর সভাপতির দায়িত্ব পালন করে থাকেন।
পাবলিক লাইব্রেরীর প্রথম যুগে দু’জন কর্মচারী ছিলেন: শিবপদ সাহা (ক্লার্ক) ও গিরিধর ঘোষ (সার্ভেন্ট)। ১৯১৪ সালের জুন মাসে দেখা যায় এঁদের মাসিক বেতন যথাক্রমে ১২ টাকা ও ৪ টাকা। ১৯১৪ সালের ২৫শে আগষ্ট কিশোরীমোহন ঘোষ শিবপদ সাহার পরিবর্তে ক্লার্ক হিসেবে যোগ দেন। তাঁর মাসিক বেতন ছিল ১৫ টাকা। ১৯১৪ সালের ১৪ই ডিসেম্বর যতীন্দ্রনাথ দালাল (সার্ভেন্ট) মাসিক ৬ টাকা বেতনে বহাল হন। ১৯১৫ সালের ফেব্রুয়ারী মাসে কিশোরীমোহন ঘোষের পদবী ক্লার্ক থেকে লাইব্রেরীয়ান ও যতীন্দ্রনাথ দালাল সার্ভেন্ট থেকে পিয়নে উন্নীত হন। মে, ১৯১৫-তে উভয়ের বেতন ১ টাকা করে বৃদ্ধি পায়। ১৯১৬ সালের মার্চ মাসে ৮ টাকা বেতনে মালি নিযুক্ত হন শ্রীধর সরদার। জুলাই, ১৯১৬ জোগরূপ মাহাতো ২ টাকা বেতনে মালির (রামচন্দ্র পার্ক) কাজ আরম্ভ করেন। ১৯১৬ সালে সৈয়দালী শেখকেও সাময়িকভাবে বদলী পিয়নের ভূমিকায় পাওয়া যায়। কিশোরীমোহন ঘোষ দীর্ঘকাল লাইব্রেরীয়ানের দায়িত্ব পালন করেন, ১৯২০ সালে জানুয়ারীতে দেখা যায় তাঁর বেতন বৃদ্ধি পেয়ে ২০ টাকা হয়েছে।

১৯১৬ সালে লাইব্রেরীর গ্রন্থ-তালিকা (ক্যাটালগ) ও নিয়মাবলী ছাপা হয় কলকাতার এম. ব্যানার্জীর মোহন প্রেস থেকে। এ-বিষয়ে দায়িত্ব পালন করেন লাইব্রেরীর একজন বিশিষ্ট সদস্য উকিল প্রফুল্লচন্দ্র রায়। লাইব্রেরীর মুদ্রিত ক্যাটালগ ও নিয়মাবলীর এককপি ১৮.৮.১৯১৬ সালে নড়াইলের জমিদারকে পাঠানো হয়। ২০.৮.১৯১৬ তারিখে তিনি এর প্রাপ্তি-স্বীকার করেন। এককপি ক্যাটালগ ১৯১৬ সালের ১৫ই আগষ্ট মেদিনীপুর জমিদারী কোম্পানীর হেড অফিস শিকারপুরে ফ্রাংক-ফোর্ড সাহেবকে পাঠানো হয়। অবশ্য এর প্রায় ৪০ বছর পর ১৯৫৮ সালে ৬ই ডিসেম্বর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর পূর্ণাঙ্গ সংবিধান রচিত হয়। ইংরেজীতে রচিত এই সংবিধান ১৯৫৯, ১৯৬৩ ও ১৯৮০ সালে সংশোধিত হয় এবং শেষোক্ত সংশোধনীর সময় তা বাঙলায় ভাষান্তরিত হয়।
আয়ের কোন, নির্দিষ্ট উৎস না থাকায় পাবলিক লাইব্রেরী ও ক্লাব মাঝে-মধ্যেই আথিক সংকটে পতিত হতো। স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তি ও সংস্কৃতিমনা সরকারী কর্মকর্তাদের আনুকূল্যে কখনো কখনো সেই সংকট কাটিয়ে উঠার প্রয়াস লক্ষ্য করা যায়। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সাহায্যের জন্যে স্থানীয় পরিমল রঙ্গমঞ্চে নাটক মঞ্চস্থের উদ্যোগ গ্রহণ করা হয়: “চারুলতা গার্লস স্কুল এবং কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরীর সাহায্যকল্পে গত ১৮ই ও ১৯শে জুন ‘শতদল নাট্য সমিতি’ কর্তৃক “সিন্ধুগৌরব” ও “রমা” যথাক্রমে অভিনীত হইয়াছে।”
বাংলা ১৩৪০ সালের ২৭শে পৌষ (ইং ১৯৩৩) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর ‘কার্যকরী সমিতি’র সভাপতি কুষ্টিয়ার মুন্সেফ (পরবর্তীকালে বিশিষ্ট লালন-গবেষক ও ডক্টর) মতিলাল দাশ ‘আবেদন’ শিরোনামে লাইব্রেরী ও ক্লাবের সাহায্য ও উন্নতিকল্পে এক প্রচারপত্র প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়: “কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী ও ক্লাব কুষ্টিয়া মহকুমার গৌরবময় প্রতিষ্ঠান। বহু মহানুভব জননায়ক এবং পদস্থ রাজপুরুষগণের আন্তরিক যত্নে ও অক্লান্ত পরিশ্রমে। এই প্রতিষ্ঠানটি গঠিত হইয়া সর্বসাধারণের অশেষ কল্যাণ সাধন করিয়াছে। আনন্দদায়ক এবং হিতকর এই প্রতিষ্ঠানটি বর্তমানে মৃতকল্প। পুনরায় ইহাকে সঞ্জীবিত করিয়া তোলা প্রত্যেক কুষ্টিয়ারাসীর কর্ত্তব্য। প্রতিষ্ঠান গৃহটির সংস্কার, লাইব্রেরীর জন্য নূতন নূতন পুস্তক ও পত্রিকা ক্রয় এবং অন্যান্য অনেক বিষয়ের জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। প্রতিষ্ঠানটিকে যথোপযুক্তভাবে সঞ্জীবিত এবং পরিপুষ্ট করিবার জন্য বর্তমানে চেষ্টা হইতেছে এবং তজ্জন্য কুষ্টিয়াবাসী গণ্যমান্য ব্যক্তিগণকে লইয়া একটি সাধারণ সমিতি এবং একটি কার্যকরী সমিতি অস্থায়ীভাবে সংগঠিত হইয়াছে। যথাক্রমে বার্ষিক ১২, ৬, ৩, এবং ২ টাকা চাঁদা লইয়া চারি শ্রেণীর সভ্য করিবার ব্যবস্থা হইয়াছে। সানুনয় অনুরোধ—কুষ্টিয়াবাসী সর্ব্বসাধারণ এই প্রতিষ্ঠানের সভ্য হইয়া ইহার সঞ্জীবনের সহায়তা করিবেন। এতদ্ব্যতীত মহানুভব দানশীল ব্যক্তিগণের নিকট আমরা এককালীন অর্থ, পুস্তক এবং দ্রব্যাদি দানের জন্য আবেদন জানাইতেছি।”

এই ‘আবেদন’ কুষ্টিয়ার ‘দীপিকা’ পত্রিকাতেও (১৩৪০ বাংলা) দীর্ঘদিন প্রকাশিত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে অনেকেই লাইব্রেরীর সাহায্যে এগিয়ে আসেন এবং অল্পদিনের মধ্যেই লাইব্রেরী কর্মচঞ্চল হয়ে উঠে ও নতুন উদ্যমে পরিচালিত হতে থাকে।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর পুনর্গঠন ও উন্নয়নে ‘দীপিকা’ পত্রিকার একটি বিশেষ ভূমিকা ছিল। এই পত্রিকার সম্পাদক গোপীপদ চট্টোপাধ্যায় ও পরিচালক দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। দেবেনবাবু বেশ কিছুকাল পাবলিক লাইব্রেরীর ‘সাহিত্য-বাসরে’র সম্পাদকের দায়িত্বও পালন করেন। মতিলাল দাশ প্রচারিত ‘আবেদন’টি দীপিকা পত্রিকার সৌজন্যেই মুদ্রিত হয় এবং এতে লাইব্রেরীর প্রতি জনগণের মনোযোগ আকর্ষিত হয়। ‘পাবলিক লাইব্রেরী পুনর্গঠন’ শিরোনামে দীপিকায় প্রকাশিত একটি সংবাদে জানা যায়: “কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরী ও রিডিংরুমটি এতদিন উৎসাহের অভাবে ধ্বংসের পথে অগ্রসর হইতেছিল। স্থানীয় জনপ্রিয় মুন্সেফ শ্রীযুক্ত ভুবনমোহন সিংহ ও শ্রীযুক্ত মতিলাল দাশ মহাশয়ের অশেষ চেষ্টায় ঐ প্রতিষ্ঠান দুইটির পুনর্গঠনের চেষ্টা হইতেছে। ইতিমধ্যেই অনেক চাঁদা সংগৃহীত হইয়াছে এবং সভ্য সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে।”
দীপিকার এই একই সংখ্যায় ‘আমাদের কথা’য় পাবলিক লাইব্রেরীর উন্নয়ন-প্রচেষ্টা ও সাহায্য-প্রদান সম্পর্কে মন্তব্য প্রকাশ করা হয়েছে: “কুষ্টিয়ার অপর জনহিতকর প্রতিষ্ঠান। সাধারণ পাঠাগার (Public Library) টীকে পুনজ্জীবন প্রদানের চেষ্টাও বিশেষভাবে চলিতেছে। মনের স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখিবার ভার শহরের পাঠাগার ও সাহিত্য প্রতিষ্ঠানগুলির উপর। সুতরাং পাবলিক লাইব্রেরীটির সংস্কারকল্পে যাঁহারা বদ্ধপরিকর হইয়াছেন তাঁহারা কুষ্টিয়াবাসীর অশেষ ধন্যবাদের পাত্র সন্দেহ নাই। এই প্রসঙ্গে আমরা বলিতে চাই যে কুষ্টিয়া মিউনিসিপ্যালিটির হস্তে যদি এই প্রতিষ্ঠানটি অর্পণ করা হয় অথবা এই প্রতিষ্ঠানটি Municipality দ্বারা প্রতিমাসে নিয়মিতভাবে কিছু অর্থ সাহায্য পায় তাহা হইলে ইহার স্থায়িত্ব সম্বন্ধে নিশ্চিত হইতে পারা যায়। আমাদের মনে হয় মিউনিসিপ্যালিটিও এইরূপ একটি প্রতিষ্ঠানকে সাহায্য করিতে কুণ্ঠিত হইবেন না।”
লাইব্রেরীর সভাপতি মতিলাল দাশের ‘আবেদন’ ও দীপিকা পত্রিকার প্রচেষ্টায় অল্পদিনের মধ্যেই অনেকে আর্থিক সহায়তা প্রদান করেন। দীপিকার সম্পাদক, পরিচালক ও আরো কয়েকজনের উদ্যোগে পাবলিক লাইবেরীর জন্যে খোকসা ও জানিপুর হতে ৩৬ টাকা চাঁদা উঠে। কুষ্টিয়া পাবলিক লাইবেরী ও ক্লাবের জানুয়ারী ও ফেব্রুয়ারী (১৯৩৪) মাসের আয়-ব্যয়ের হিসাব দীপিকায় প্রকাশিত হয়।
১৯৩৫ সালে রাধাবল্লভ সরকার তাঁর পুত্রের স্মৃতিরক্ষার্থে লাইব্রেরীতে আলমারী ও বই দান করেন। এ-সম্পর্কে জানা যায়: “কুষ্টিয়ার সুযোগ্য নাগরিক, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত রাধাবল্লভ সরকার মহাশয় তাঁহার স্বর্গীয় পুত্র রমেন্দ্রনাথ সরকারের স্মৃতিরক্ষার্থে কুষ্টিয়ার কয়েকটি জনহিতকর প্রতিষ্ঠানে অর্থ সাহায্য করিবেন বলিয়া শুনা গিয়াছে। তন্মধ্যে ৪০০ টাকা ব্যয়ে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীতে তিনি পুস্তকসহ যে আলমারীটি দান করিয়াছেন, ঐ আলমারীর উদ্ঘাটন উৎসব গত ৬ই জুলাই শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার মহকুমা ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত অন্নদাশঙ্কর রায়, আই-সি-এস মহাশয়ের সভাপতিত্বে এবং লাইব্রেরীর বহু সভ্যের উপস্থিতিতে সমারোহের সহিত সম্পন্ন হইয়াছে।”
দীপিকায় প্রকাশিত পাবলিক লাইব্রেরী সম্পর্কে এক প্রতিবেদনে জানা যায়: “কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী কুষ্টিয়ায় একটি প্রয়োজনীয় জনহিতকর প্রতিষ্ঠান। বহু কর্ম্মীর চেষ্টায় ও দাতার বদান্যতায় ইহার প্রশস্ত গৃহ পুস্তকরাশি এবং সংলগ্ন পার্ক নির্ম্মিত ও সংগৃহীত হইয়াছে। মধ্যে কয়েক বৎসর উপযুক্ত যত্নের অভাবে এই পাঠাগারটি ধ্বংসের পথে অগ্রসর হইতেছিল। সুখের বিষয় গত ১৯৩৪ সালের প্রথমে কুষ্টিয়ার ২য় মুন্সেফ শ্রীযুক্ত মতিলাল দাশ মহাশয় কুষ্টিয়ায় কার্যভার গ্রহণ করিয়াই এই পাঠাগারের উন্নতির জন্য বদ্ধপরিকর হন এবং নূতন নিয়ম প্রবর্ত্তন করিয়া, সাধারণ সভা আহবান করিয়া, নূতন কার্যকরী সমিতি গঠন করিয়া উদ্যমের সহিত পাঠাগারের উন্নতির জন্য যত্নবান হন। এই দেড় বৎসরের মধ্যেই পাঠাগারের গৃহসংস্কার হইয়াছে, বহু নূতন পুস্তক কেনা হইয়াছে এবং সভ্য সংখ্যা আশাপ্রদ হইয়াছে। পাঠাগারের সংশ্লিষ্ট সাহিত্যবাসর স্থাপিত হওয়ায় মধ্যে মধ্যে সাহিত্যসভা, সঙ্গীত, আলোচনা ও বক্তৃতাদির ব্যবস্থা হইয়াছে। এজন্য গত বৎসরের সভাপতি মতিলাল দাশ মহাশয়, সম্পাদক কুষ্টিয়ার জনপ্রিয় সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীবিজয়কান্ত ভট্টাচার্য্য এম. এ এবং সহকারী সম্পাদক উকীল শ্রীযুক্ত রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বি. এল মহাশয় যে পরিশ্রম স্বীকার করিয়াছেন তজ্জন্য কুষ্টিয়াবাসী তাঁহাদের নিকট ঋণী। বর্ত্তমানে কুষ্টিয়ার প্রথম মুন্সেফ বিদ্যোৎসাহী শ্রীযুক্ত জ্যোতিঃপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বি. এল. এম. আর. এ. এস ইহার সভাপতি। এ বৎসরও নূতন পুস্তক সংগৃহীত হইয়াছে এবং সর্ব্বশেষে শ্রীযুক্ত রাধাবল্লভবাবু চারিশত টাকা ব্যয়ে যে সুনির্ব্বাচিত পুস্তকগুলি দান করিলেন তদ্বারা পাঠাগারটি সমৃদ্ধ হইল। ৬ই জুলাই তারিখের সভার সভাপতি শ্রীযুক্ত রায় তাঁহার অভিভাষণে বলিয়াছেন যে, এই পাঠাগারে যে বিপুল পুস্তক সম্ভার আছে তজ্জন্য কুষ্টিয়াবাসী গৌরববোধ করিতে পারে এবং বিশেষতঃ এই নূতন পুস্তকগুলি বিশেষভাবে সুনির্ব্বাচিত হইয়াছে। কিন্তু পাঠাগারের সভাগণের নিকট হইতে চাঁদা নাকি নিয়মিত পাওয়া যাইতেছে না এবং তজ্জন্য পাঠাগার পরিচালনায় অসুবিধা ঘটিতেছে। ইহা আমাদের পক্ষে লজ্জার কথা। আমরা আশাকরি কুষ্টিয়াবাসী সকলেই এই প্রয়োজনীয় প্রতিষ্ঠানটির ক্রমোন্নতির জন্য, যত্নবান হইবেন এবং সভ্যশ্রেণীভুক্ত হইয়া ও নিয়মিত চাঁদা দিয়া পাঠাগারের পরিচালনায় সাহায্য করিবেন।”
কুষ্টিয়ার মহকুমা হাকিম এম. এম. বসু তাঁর কার্যকালে লাইব্রেরীর উন্নতির জন্য বিশেষভাবে চেষ্টা করেন। পত্রিকায় প্রকাশিত এক ‘আবেদনে’ তিনি উল্লেখ করেন:
১। সম্প্রতি এই লাইব্রেরীতে প্রায় দেড়শত টাকা মূল্যের নূতন বাংলা উপন্যাস ক্রয় করা হইয়াছে।
২। লাইব্রেরীর ক্লাবে সম্প্রতি টেবিল টেনিস বিভাগ খোলা হইয়াছে এবং টেনিস খেলা পূজার ছুটির পর হইতে পূর্ণোদ্যমে আরম্ভ হইয়াছে।
৩। সুপরিচালিত ব্রীজ খেলার বিভাগ লাইব্রেরীর অন্যতম বিশিষ্ট আকর্ষণ।
৪। মধ্যে মধ্যে সভ্যগণের আনন্দ সম্মেলনের ব্যবস্থা হইয়া থাকে।
৫। জনসাধারণকে দলে দলে এই লাইব্রেরীর সভ্যশ্রেণীভুক্ত হইয়া ইহাকে পুষ্ট ও সমৃদ্ধ করিবার জন্য সাদর আহবান জানাইতেছি।
৬। জনসাধারণ এবং সভ্যগণের দানই এই লাইব্রেরীকে সজীব ও প্রাণবান রাখিতে পারে।
৭। বর্তমান সভ্যগণ তাহাদের দেয় বাঁকী চাঁদা পরিশোধ করিয়া এবং নূতন সভ্য সংগ্রহ করিয়া দিয়া এই লাইব্রেরীর উন্নতিবিধানে সচেষ্ট হইবেন কি?
দেশভাগের পূর্ব পর্যন্ত লাইব্রেরীর কার্যক্রম, সাময়িক কিছু সমস্যা ছাড়া, বেশ ভালভাবেই চলেছিল। কিন্তু সাতচল্লিশের পরপরই পাবলিক লাইব্রেরী সংকটের সম্মুখীন হয়। একদিকে বিদ্যোৎসাহী-শিক্ষিত হিন্দুদের দেশত্যাগ ও অপরদিকে সদ্য-স্বাধীনতাপ্রাপ্ত দেশের অসুবিধা-বিশৃঙ্খলা—এসব কারণে শিক্ষা-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো কিছুটা অবহেলিত ও উপেক্ষিত হয়। কুষ্টিয়া গাবলিক লাইরেরীর ভাগ্যেও নেমে আসে এই নিয়তি। সম্ভবত লাইব্রেরী-ভবন কোন সরকারী কাজে প্রয়োজন হয়ে পড়ায় লাইব্রেরী সাময়িকভাবে অন্য কোথাও স্থানান্তরের চিন্তা হয়। শেষপর্যন্ত পাবলিক লাইব্রেরীর বই-পুস্তক কুষ্টিয়া জেলাবোর্ড চত্বরে অবস্থিত কুষ্টিয়া মহকুমা ইউনিয়ন বোর্ড এসোসিয়েশন হলে স্থানান্তর করা হয়। এ সম্পর্কে এসোসিয়েশনের তৎকালীন সেক্রেটারী ও অনারারী ম্যাজিস্ট্রেট ফজলুল বারী চৌধুরী ১৯৪৬-৪৭ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেন: “জেলা বোর্ডের নিকট যে দলিল সম্পাদন করা আছে, তদনুসারে সমিতির গৃহ ভাড়া দেওয়া যাইতে পারিবেনা। সুতরাং পাবলিক লাইব্রেরী এসোসিয়েশনের অনুমতি অনুসারেই এই গৃহে স্থাপন করা যাইতে পারে। এই সম্বন্ধে এসোসিয়েশনের সম্মতি আবশ্যক।”

এইসময় (১৯৪৭-৫২) বেশ কয়েক বছর পাবলিক লাইবেরীর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। ইউনিয়ন বোর্ডে এসোসিয়েশন হলে স্থানান্তরের পর লাইব্রেরীর অনেক মূল্যবান বই নানাভাবে নষ্ট হয়ে যায়। এইসময় আজাদ বক্স নামে কুষ্টিয়া কালেক্টরেটের একজন কেরাণী নামেমাত্র লাইব্রেরীয়ানের (১৯৪৭-৫০) দায়িত্ব পালন করতেন। জনাব এম. ই. খান চৌধুরী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণের পর লাইব্রেরীর দিকে নজর দেন। তাঁরই নির্দেশে কুষ্টিয়া কালেক্টরেটের হেড ক্লার্ক রাজীউদ্দীন মুসা আলী লাইব্রেরীয়ান নিযুক্ত এবং তিনি ইউনিয়ন বোর্ড এসোসিয়েশন হলে স্থান পাওয়া বইগুলো পাবলিক লাইব্রেরী-ভবনে ফিরিয়ে আনেন। (এই রাজিউদ্দীন মুসা আলী দীর্ঘ ৩১ বছর, ১৯৫০-১৯৮১, লাইব্রেরীয়ানের দায়িত্ব পালন করে ১৯৮১ সালে অবসরগ্রহণ করেন)। এরপর থেকে পারলিক লাইব্রেরী ধীরে ধীরে আবার তার স্বরূপে ফিরে আসতে থাকে। অবশ্য যতদিন পর্যন্ত স্টেশন ক্লাব এই লাইব্রেরীর সঙ্গে যুক্ত ছিল ততদিন লাইব্রেরীর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারেনি।
জেলা প্রশাসক কিউ. জি. আহাদের সময় কুষ্টিয়ায় বেশকিছু সাংস্কৃতিক উন্নয়নমূলক কাজ হয়। এর মধ্যে ছেঁউড়িয়ায় লালন স্মৃতিসৌধ ও কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী ভবন নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৬৩ সালের ১৩ই আগস্ট খুলনা বিভাগের কমিশনার জনাব আলী আহমদ বর্তমান লাইব্রেরী-ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ১৯৮১ সালে জেলা প্রশাসক জনাব আবদুল মান্নান ভূইয়ার উদ্যোগে খুলনা বিভাগ উন্নয়ন বোর্ডের আর্থিক অনুদানে দ্বিতল নির্মিত এবং বেশকিছু আসবাবপত্র ও বই কেনা হয়। জেলা প্রশাসক জনাব এ. কে. এম. ফজলুল হক মিঞার উদ্যোগে ১৯৮৩ সালে লাইব্রেরী-চত্বরে নির্মিত হয় সুদৃশ্য ফোয়ারা। বর্তমান জেলা প্রশাসক জনাব এ. এফ. এম. জিয়াউদ্দিন আহমেদ লাইব্রেরীতে একটি মিউজিয়াম-প্রকল্পের বিষয়ে উদ্যোগ গ্র হণ করেছেন।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এক সময় সাহিত্য-সংস্কৃতি চর্চার একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছিল। এই লাইবেরীর সঙ্গে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন ড. হিরণ্মর বন্দ্যোপাধ্যায়, ড. মতিলাল দাশ, অন্নদাশঙ্কর রায়, সৈয়দ মুর্তাজা আলী, মহম্মদ বরকতুল্লাহ, আবুল হাসনাত মোফাজ্জল করিম প্রমুখ সাহিত্যিক-সিভিলিয়ান। জড়িত ছিলেন জগদীশ গুপ্ত, ড. উপেন্দ্রনাথ ভট্টাচার্য, কুমারেশ ঘোষের মতো বিশিষ্ট সাহিত্যিক-ব্যক্তিত্ব। এ-ছাড়াও এখানে মঝেমধ্যে ‘বড় সাহিত্যিকগণকে আহবান করে এনে বক্তৃতা দেওয়ানো হত।’ ১৯৩৪ সালের সূচনাতেই পাবলিক লাইব্রেরীকে কেন্দ্র করে “কুষ্টিয়া সাহিত্যবাসর” গড়ে ওঠে। ‘সাহিত্যবাসরে’র প্রথম কর্মকর্তা নির্বাচিত হন মুন্সেফ ভুবনমোহন সিংহ সভাপতি, আইনজীবী গিরিশচন্দ্র সান্যাল সহ-সভাপতি ও আইনজীবী দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদক। প্রথম ‘সাহিত্যবাসরে’র প্রতিবেদন প্রকাশিত হয় দীপিকায়:
‘গত ১৪ই জানুয়ারী রবিবার সন্ধ্যা ৬ ঘটিকায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী গৃহে তৎসংশ্লিস্ট ‘সাহিত্যবাসরে’র প্রথম অধিবেশন প্রধীণ সাহিত্যিক ও স্থানীয় ১ম আদা-লতের মুন্সেফ শ্রীযুক্ত ভূবনমোহন সিংহ মহাশয়ের সভাপতিত্বে হইয়া গিয়াছে। শ্রীনলিনেন্দু দত্ত কর্তৃক পাবলিক লাইবেরীর সভাপতি শ্রীমতিলাল দাশ মহাশয় রচিত প্রারম্ভ সঙ্গীত গীত হওয়ার পর সভার কার্য্য আরম্ভ হয়।
স্থানীয় উচ্চ ইংরাজী বিদ্যালয়ের, প্রধান শিক্ষক শ্রী উমাপদ দত্ত এম. এ. বি. টি মহাশয়ের ও শ্রী সন্তোষকুমার অধিকারী বি.এ. মহাশয়ের সঙ্গীত এবং শ্রী চিত্তসুখ চট্টোপাধ্যায়ের ‘সাজাহান’ আবৃত্তি চিত্তাকর্ষক হইয়াছিল। প্রোফেসর নাইডু নৃত্যগীত সহযোগে তাঁহার অভিনব শরীরচর্চ্চা-প্রণালী দেখাইয়া উপস্থিত জনমণ্ডলীকে চমৎকৃত করিয়াছিলেন। শ্রীমতিলাল দাশ মহাশয় স্বরচিত কবিতা ‘হাসির ডাক’ পাঠ করেন। পরিশেষে সভাপতি মহাশয় তাঁহার জ্ঞানগর্ভ বক্তৃতা দান করেন।”
১৯৩৪ সালের ৩১ জানুয়ারী সন্ধ্যা ৬-৩০ মিঃ কুষ্টিয়া সাহিত্য-বাসরের উদ্যোগে পাবলিক লাইব্রেরী গৃহে পণ্ডিত ত্রৈলোক্যনাথ বাচসপতির সভাপতিত্বে ‘রামমোহন শতবার্ষিকী উৎসব’ অনুষ্ঠিত হয়। এতে দীপিকা-সম্পাদক গোগীপদ চট্টোপাধ্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নলিনীমোহন সান্যাল রামমোহন সম্পর্কে প্রবন্ধ পাঠ করেন ও উকিল দ্বিজেন্দ্রনাথ রায় আলোচনায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। ১৯৩৪ সালের ১১ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬-৩০ মিনিটে পাবলিক লাইব্রেরীতে ‘সাহিত্যবাসরে’ যে অধিবেশন হয় তাতে লাইব্রেরীর সভাপতি মতিলাল দাশ ‘বাংলা ভাষায় স্বর ও ধ্বনি’ নামে একটি প্রবন্ধ পাঠ করেন। ১৮ই মার্চ অনুষ্ঠিত সাহিত্যবাসরের পঞ্চম অধিবেশনে সভাপতিত্ব করেন মুন্সেফ ভুবনমোহন সিংহ। এই অধিবেশনে কুমারখালীর কবি ভোলানাথ মজুমদার ‘নদীয়ার ভাবধারা’ নামে একটি ‘সারগর্ভ’ ও ‘সুচিন্তিত’ প্রবন্ধ পাঠ করেন এবং উকীল কালীপদ মুখোপাধ্যায় বক্তৃতা করেন। এর আগে ২রা মার্চ ‘সাহিত্যবাসরে’র উদ্যোগে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীতে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী-কেন্দ্রিক ‘সাহিত্যবাসর’ সম্পর্কে দীপিকা মন্তব্য করে যে: “কুষ্টিয়াবাসীর পক্ষে সত্যই একটা গর্ব্বের বিষয় হইবে যদি তাহাদের এই ‘সাহিত্যবাসর’ যে মহাব্রত লইয়া জন্ম পরিগ্রহ করিয়াছে সেই ব্রত কিঞ্চিৎ পরিমাণে সফল হয়। এই সাহিত্যবাসরের প্রধান উদ্যোগী কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী ও ক্লাবের সভাপতি জনপ্রিয় মুন্সেফ শ্রীযুক্ত মতিলাল দাশ এম. এ. বি. এল. মহাশয়। তিনি পাবলিক লাইব্রেরী ও ক্লাব এবং তৎসংশ্লিষ্ট এই সাহিত্যবাসরের উন্নতির জন্য বদ্ধপরিকর হইয়াছেন ও অশেষ ক্লেশ স্বীকার করিতেছেন। আমরা তাঁহার এই সাধু প্রচেষ্টার প্রশংসা করি এবং এই ‘সাহিত্যবাসরের’ সাফল্য কামনা করি।”
এই সাহিত্যবাসর সম্পর্কে এর সম্পাদক দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর স্মৃতিকথাতে লিখেছেন: “এই সময়ে (১৯৩৪) ‘সাহিত্যবাসর’ নামে এক সাহিত্য আলোচনাসভা স্থাপিত হয়, আমাকে হতে হয়েছিল তার সম্পাদক। ১৫ দিন অন্তর একদিন শনিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর ঘরে সভা ডাকা হত। পূর্ব নিদিষ্ট কেউ কোন কবিতা বা সাহিত্য বিষয়ে লিখিত প্রবন্ধ পড়তেন, তারপর সেই বিষয়ে আলোচনা ও বক্তৃতা হত।... এ সাহিত্যবাসর বেশ কিছুদিন চলেছিল, তারপরে অন্নদাশঙ্কর রায় কুষ্টিয়ার ম্যাজিস্ট্রেট হয়ে আসার পরে এবং সাহিত্যামোদী মুন্সেফরা স্থানান্তরিত হলে সাহিত্যবাসরে ভাটা পড়ে। অন্নদাশঙ্করের প্রতিভার সম্মুখে স্থানীয় কেউ কিছু বলতে বা লিখতে সঙ্কোচবোধ করতেন। এইভাবে সাহিত্যবাসরের অধিবেশন বন্ধ হয়ে যায়।”
‘সাহিত্যবাসর’ উঠে গেলে পরবর্তী সময়ে গান-বাজনার ‘সান্ধ্য মজলিশ’ প্রতিষ্ঠিত হয়। একটি সংবাদে জানা যায়: “গত ১৪ই ফেব্রুয়ারী সোমবার ৭টা হইতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীতে মহাসমারোহে সান্ধ্য মজলিশ অনুষ্ঠিত হইয়াছে। কলিকাতার বিখ্যাত গায়ক অনিল-কুমার ভট্টাচার্য্যের সঙ্গীত শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করিয়াছিল। স্থানীয় বহু গায়ক বাদক এবং বিশেষ করিয়া শান্তি হালদারের সেতার বাদ্য ও সঙ্গীত জনমণ্ডলীকে তৃপ্ত করিয়াছিল। লাইব্রেরীর সম্পাদক মিঃ শৈলেন্দ্র-নাথ মিত্র, সভাপতি মিঃ এম, এম, বসু এবং সহ-সম্পাদক শ্রীরবীন্দ্রনাথ মুখোপাধ্যায় অন্যান্য কর্ম্মীগণসহ অতিথিদিগের অভ্যর্থনার সুবন্দোবস্ত করিয়াছিলেন। জলযোগের পর রাত্রি প্রায় ১০টায় মজলিশ শেষ হয়।”
পাবলিক লাইব্রেরীতে সাহিত্যবাসর বা সঙ্গীতসন্ধ্যা ছাড়াও অন্য ধরণের সভা-সমাবেশও হতো। অন্য কোন বিকল্প না থাকায় এই লাইব্রেরী পাবলিক হল হিসেবেও ব্যবহৃত হতো। কুষ্টিয়া মহকুমা ইউনিয়ন বোর্ড এসোসিয়েশনের প্রায় সব বার্ষিক সমাবেশ ও অধিবেশন এই লাইব্রেরীতেই হতো। সরকারী আমলাদের বরণ ও বিদায় অনুষ্ঠানও এই লাইব্রেরীতে। পাশের টেনিস কোর্ট দেশভাগের পরও কিছুকাল চালু ছিল। পরে লাইব্রেরীর স্বাতন্ত্য-রক্ষার প্রয়োজনে অন্যত্র ক্লাব উঠে গেলে টেনিসকোর্ট বন্ধ হয়ে যায়। তবে টেনিসকোর্ট—রামচন্দ্র পার্কে ষাটের দশক পর্যন্ত রাজনৈতিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হতো। ১৯৭১ সালের ১৭ই মার্চ বাঙলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে কুষ্টিয়ার শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের একটি স্মরণীয় সভা ও সমাবেশ কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর বর্তমান বইয়ের সংখ্যা প্রায় ১৫ হাজারের কাছাকাছি। এরমধ্যে বেশকিছু প্রাচীন পত্র-পত্রিকা ও দুষ্প্রাপ্য বই। প্রাচ্যবিদ্যামহার্ণব নগেন্দ্রনাথ বসু সংকলিত ‘বিশ্বকোষ’, দুর্গাদাস লাহিড়ীর ‘পৃথিবীর ইতিহাস’, ‘ভারতবর্ষের ইতিহাস’, কবি নবীনচন্দ্র সেনের ‘আমার জীবন’ ও আরো কিছু বই লাইব্রেরীর প্রথম যুগের স্মৃতি বহন করছে। ইংরেজী কাব্য, নাটক, উপন্যাস, এনসাইক্লোপিডিয়াসহ বেশকিছু পুরনো বই এখনো জীর্ণ অবস্থায় হলেও লাইব্রেরীতে সংরক্ষিত আছে। উপহার বা দান হিসেবে পাওয়া বইয়ের সংখ্যাও কম নয়। রবীন্দ্রনাথের স্বাক্ষরযুক্ত বইগুলো অনেক আগেই হারিয়ে গেছে।
কালান্তরের পথিক কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর পুরানো কাঠামোর পরিবর্তন হয়েছে, নতুন নির্মাণের প্রত্যাশায় সে আজ উন্মুখ। রূপান্তরিত এই গ্রন্থাগার তবুও অতীতের যোগটুক ছিন্ন করেনি, নানা স্মৃতিচিহ্নে তা আজও উজ্জ্বল। সে চায় প্রাক্ত অতীতের সঙ্গে সম্ভাবনাময় বর্তমানকে মেলাতে, কেননা:
‘মানুষের মৃত্যু হলে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
আরো ভালো—আরো স্থির দিকনির্ণয়ের মতো চেতনার
পরিমাপে নিয়ন্ত্রিত কাজ
কতোদূর অগ্রসর হয়ে গেল জেনে নিতে আসে।’



