বাংলার লাইব্রেরি
ঢাকার কয়েকটি সমৃদ্ধ লাইব্রেরি
লিখেছেন:
আসিফুল আবেদীন
প্রকাশিত:
১৬ নভেম্বর, ২০২৬

বর্তমান সময়ে অনেকেই লাইব্রেরির প্রয়োজনিয়তা কমবেশি ভুলতে বসেছে। কেউ যদি কোনো বিষয়ে বিস্তর জানতে চায় একটু পুরাতন নথিপত্র ঘাঁটাঘাঁটি করতে চায় শুধু গুগল করলে কিংবা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই হবে না। আপনি কোনো বিষয়ে প্রবন্ধ লিখছেন কিংবা মনের আকাঙ্ক্ষা থেকে কোনো বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন এমন পরিস্থিতিতে কিছু পুরাতন বইয়ের কিংবা নথিপত্রের ধুলো গায়ে মাখতেই হচ্ছে। যদিও অনেক কিছুর পিডিএফ কপি বর্তমান সময়ে নিমিষেই পাওয়া যায়, কিন্তু তা কখনোই আপনার প্রয়োজনের পুরোটার জোগান দিবেনা। আপনাকে পুরাতন গ্রন্থাগারে যেতে হবে ক্যাটালগে খুঁজতে হবে। সে বিবেচনায় আমরা আজকে ঢাকার কিছু গুরুতবপূর্ণ পাঠাগার ও সংগ্রহশালা সম্পর্কে জানার চেষ্টা করবো। ঢাকায় বেশকিছু রাষ্ট্রীয় মালিকানাধিন, স্বায়ত্তশাসিত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে যেখানে অনেক পুরাতন পাণ্ডুলিপি ও নথিপত্র সংগ্রহীত আছে। এছাড়া বেশকিছু মন্দির, চার্চ ও বৌদ্ধ বিহারের নিজস্ব পাঠাগারে ধর্মিয় গ্রন্থাদি ও মিশনারি নথিপত্র পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এবং বাংলাদেশ জাতীয় আরকাইভস
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার এবং বাংলাদেশ জাতীয় আরকাইভস নামে দুটি শাখা ১৯৭৩ সাল থেকে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারের বিশেষত্ব হলো এখানে কপিরাইট আইন মেনে প্রকাশিত প্রতিটি দেশিয় বইয়ের কপি জমা রাখা হয়। সুতরাং খুব স্বাভাবিক ভাবেই ভাষা, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও শিল্পকলা সহ প্রায় সব ধরণের বই এখানে সংগ্রহীত আছে। আনুমানিক প্রায় পাঁচ লক্ষাধিক বই সংরক্ষিত আছে বলে ধারণা করা হয় এবং প্রতি বছর এই সংগ্রহশালা আরও সমৃদ্ধ হচ্ছে। এছাড়াও বাংলাদেশ জাতীয় গ্রন্থাগারে বিভিন্ন ভাষার প্রায় শতাদিক দৈনিক পত্রিকা ও দেশি-বিদেশী প্রসিদ্ধ সাময়িকী সংরক্ষিত আছে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয় আরকাইভসকে ভিবিন্ন সরকারি নথিপত্র ও ঐতিহাসিক দলিল-দস্তাবেজের বিপুল ভাণ্ডারের অভয়ারণ্য বলা যেতে পারে। ১৭৪০ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক নথি, বাংলা অঞ্চলের বিভাগ পর্যায় থেকে থানা-পরগনা পর্যায়ের বিভিন্ন পুরাতন মানচিত্র, সরকারি গেজেট, ব্যক্তিগত নথিপত্র, সরকারি ও বেসরকারি রিপোর্ট, পুরাতন দলীল ও পত্রিকার মাইক্রোফিল্ম রোল থেকে বাংলাদেশ বেতারের প্রাত্যহিক রেডিও মনিটরিং রিপোর্ট এবং অসংখ্য দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি বিশেষ ভাবে সংরক্ষিত আছে। ধারণা করা হয় প্রায় সারে সাত হাজার দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি রয়েছে এই সংগ্রহশালায়। এছাড়া, ১৮৫৪ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ সরকার, পাকিস্তান সরকার ও বর্তমান বাংলাদেশ সরকারের সংসদীয় কার্যবিবরণী, মন্ত্রীপরিষদ বিভাগের নথি ও বিভাগীয় কমিশনার অফিসের নথিপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে।
বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরি
ঢাকায় সরকারি নথিপত্র ও গেজেটের অন্যতম সমৃদ্ধ ভাণ্ডার বাংলাদেশ সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরি। সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ১৯৪৭ সালে ইস্ট পাকিস্তান সেন্ট্রাল লাইব্রেরি নামে যাত্রা শুরু করে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে এর নাম করা হয় বাংলাদেশ সচিবালয় লাইব্রেরি। প্রাপ্ত তথ্য মতে লাইব্রেরিটিতে ১৯৪৮ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সকল সরকারি গেজেট সংগ্রহীত আছে। এছাড়া, বিভিন্ন জেলা ভিত্তিক গ্যাজেটিয়ার সহ অনেক মুল্যবান নথিপত্র ও বইয়ের প্রায় পঁয়তাল্লিশ হাজার কপি লাইব্রেরিটিকে সমৃদ্ধ করেছে।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার
১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি নামে সমধিক পরিচিত সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার বাংলাদেশের সর্ব বৃহৎ পাঠাগার। আনুমানিক প্রায় দুই লক্ষ দুর্লভ ও ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী এই পাঠাগারে স্থান পেয়েছে। পাঠাগারটিতে বাংলা ও ইংরেজি গ্রন্থের পাশাপাশি বেশকিছু উর্দু, ফারসি ও আরবি গ্রন্থ ও পাণ্ডুলিপি পাওয়া যায়। এই পাঠাগারের অন্যতম দিক হচ্ছে এটি জনসাধারণের জন্য সবচেয়ে উন্মুক্ত পাঠাগার। খুব সহজেই পাঠাগারের সদস্যপদ লাভ ও পুস্তক সংগ্রহ করার সুবিধা থাকার সুবাদে ঢাকায় প্রচলিত পাঠাগার গুলোর মধ্যে এটি সর্বাধিক জনপ্রিয়। শাহবাগে অবস্থিত গ্রন্থাগারটির মূল ভবনের পুনঃনির্মান চলমান থাকায় বর্তমানে এটি সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বাংশ ঘেঁষা বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের এগারো তলায় স্বল্প পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলা একাডেমি গ্রন্থাগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত বাংলাদেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় গ্রন্থাগার গুলোর একটি ১৯৫৮ সালে যাত্রা শুরু করা বাংলা একাডেমি গ্রন্থাগার। গ্রন্থাগারটি এ অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য ও ফোকলোর সম্পর্কিত গবেষণা কাজে দেশি-বিদেশি লেখক ও গবেষকদের অন্যতম পরিচিত গন্তব্যস্থল। বাংলা একাডেমি গ্রন্থাগার পাঁচটি ভিন্ন শাখার অধীনে পাঠক সেবা দিয়ে থাকে। সাধারণ গ্রন্থ ও পাঠকক্ষ শাখায় প্রায় লক্ষাধিক দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ সংরক্ষিত আছে। পত্রিকা ও সাময়িকীর জন্য একাডেমির গ্রন্থাগারে আলাদা সেকশন আছে। শতাব্দী পুরাতন অসংখ্য সাময়িকী এই সেকশনে স্থান পেয়েছে। এছাড়া, প্রায় ষোলটি জাতীয় দৈনিক এ শাখায় সংরক্ষিত রয়েছে। অন্যদিকে, মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে প্রাপ্ত প্রায় দশ হাজার বই এবং বিভিন্ন বিশিষ্ট জনের ব্যক্তিগত সংগ্রহ দুষ্প্রাপ্য ও বিশেষ সংগ্রহ শাখায় স্থান পেয়েছে। এছাড়া, গবেষকদের জন্য বাংলা একাডেমি পাঠাগারের বিশেষ আকর্ষণ পুথি ও পাণ্ডুলিপি সংগ্রহশালার মধ্যযুগের বাংলা, আরবি ও সংস্কৃত ভাষার কাব্য ও হস্তলিখিত পাণ্ডুলিপি ছাড়াও শতাধিক দুষ্প্রাপ্য পুথি ও পঞ্জিকার অমূল্য সংগ্রহ। বর্তমানে বাংলা একাডেমি গ্রন্থাগার তাদের বেশকিছু দুষ্প্রাপ্য গ্রন্থ ডিজিটাইজ করেছে এবং আধুনিকায়নে কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থাগার। ১৯২১ সালে গ্রন্থাগারটি আঠার হাজার বই নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ছয় লক্ষ আশি হাজারের অধিক গ্রন্থ ও জার্নাল পাঠাগারটিতে আছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে প্রায় ত্রিশ হাজারের অধিক দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি সংরক্ষিত আছে যা গবেষণা কাজে গ্রন্থাগারটিকে প্রতি বছর দেশি-বিদেশী অসংখ্য পণ্ডিতদের বিচরণক্ষেত্রে পরিণত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে অন্যতম সেকশন গুলো হলো, মূল ভবনের নীচতলার রেফারেন্স সেকশন, পত্রিকা ও সাময়িকী সেকশন। দ্বিতীয় ও তৃতীয় তলায় পাঠক সেবা প্রদান করা হয়। এক্ষেত্রে, দ্বিতীয় তলায় সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, ব্যাংকিং, আইন, লোকপ্রশাসন, সমাজকল্যাণ এবং ইতিহাস ও ভূগোল বিষয়ক গ্রন্থাবলী এবং পাঠক সুবিধা রয়েছে। অন্যদিকে, তৃতীয় তলায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, সাংবাদিকতা, দর্শন, মনোবিজ্ঞান, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, নৃবিজ্ঞান, ব্যবস্থাপনা, চারুকলা, সংগীত এবং বাংলা ও ইংরেজি সাহিত্য বিষয়ক গ্রন্থাদি সংরক্ষিত আছে। গ্রন্থাগারটির মূল ভবনে দুষ্প্রাপ্য ও হস্তলিখিত পাণ্ডুলিপি সেকশন ছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্রেইল বই ও অডিও বইয়ের বিশেষ ব্যবস্থা।

সরকারি আলিয়া মাদ্রাসা গ্রন্থাগার
ঢাকার বকশীবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসা গ্রন্থাগার উপমহাদেশের অন্যতম প্রাচীন ও দুষ্প্রাপ্য গ্রন্থ ও পাণ্ডুলিপি সমৃদ্ধ গ্রন্থাগার। মূলত কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সময় এই গ্রন্থাগারটি ১৭৮০ সালে কলকাতাতে যাত্রা শুরু করে এবং দেশভাগের প্রেক্ষিতে কলকাতাতে দীর্ঘ সময়ের সঞ্চিত আলিয়া মাদ্রাসার লাইব্রেরিটির পুস্তক ও পাণ্ডুলিপি সমূহ সাতচল্লিশ পরবর্তি বাস্তবতায় বাংলাদেশে নিয়ে আসা হয়। গ্রন্থাগারটির এই সমৃদ্ধ ইতিহাস এর ধনভাণ্ডারে কালের যাত্রায় যুগ করেছে ফারসি, উর্দু, ইংরেজি ও আরবি ভাষার অসংখ্য দুষ্প্রাপ্য পুথি ও হস্তলিখিত পাণ্ডুলিপি। ইতিহাস, সাহিত্য, দর্শন, আইন , গণিত, চিকিৎসা ও বিজ্ঞানের গ্রন্থাবলী এখানে সংরক্ষিত আছে। ফেরদৌসির শাহনামা থেকে শুরু করে আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থগুলোর আদি সংস্করণ আলিয়া মাদ্রাসা লাইব্রেরিতে সংরক্ষিত আছে। বাংলা অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর ধর্ম ও দর্শনের গবেষণায় আলিয়া মাদ্রাসা গ্রন্থাগারের গুরুত্ব অনস্বীকার্য। ফলশ্রুতিতে, প্রতিবছর দেশি-বিদেশি খ্যাতিমান গবেষকগণ গ্রন্থাগারটিতে নোঙ্গর ফেলেন।
চার্চ, বুদ্ধ বিহার ও মন্দির সংলগ্ন গ্রন্থাগার
ঢাকায় অবস্থিত চার্চগুলো যেমন, ১৬৭৭ সালে প্রতিষ্ঠিত তেজগাঁয়ের পর্তুগিজ ক্যাথলিক মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত হলি রোজারি চার্চ, ১৭৮১ সালে প্রতিষ্ঠিত আর্মেনীয় বণিকদের স্মৃতি বিজড়িত আরমানিটোলার আর্মেনিয়ান চার্চ, কিংবা ১৮১৯ সালে লক্ষ্মীবাজারে প্রতিষ্ঠিত প্রোতেস্ট্যান্ট চার্চ সেন্ট থমাস ক্যাথেড্রাল সহ অন্যান্য খ্রিষ্টীয় ধর্মিয় উপাসনালয় সমূহের নিজস্ব গ্রন্থাগারে গুরুত্বপূর্ণ মিশনারি তথ্য সম্বলিত নথি ও গুরুত্বপূর্ণ গ্রন্থাদি সংরক্ষিত আছে। এছাড়া, ঢাকায় বাংলাদেশ বাইবেল সোসাইটি সহ গুটি কয়েক প্রতিষ্ঠানেরও অস্তিত্ব আছে। অন্যদিকে, ঢাকার বাসাবোসে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নিজস্ব পাঠাগারে বৌদ্ধ ধর্ম, দর্শন, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক গবেষণা সহায়ক গ্রন্থাদির দেখা মেলে। এছাড়া, ঢাকার গোপীবাগে অবস্থিত রামকৃষ্ণ মিশন লাইব্রেরী ও পুরান ঢাকার রাজা রামমোহন রায় পাঠাগারে ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য নানান গ্রন্থাদি সংরক্ষিত আছে।



