ড. কুদরাত-এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়
ড. কুদরাত-এ-খুদার স্মৃতিকথা: সমাজ ও সময়ের বিস্মৃত দলিল
ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা ছিলেন একাধারে সফল বিজ্ঞানী ও দূরদর্শী শিক্ষাবিদ। তার স্মৃতিকথা স্মৃতিপটের আলেখ্য তাই কেবল ব্যক্তিগত জীবনের দর্পণ না। বরং বিংশ শতকের ইতিহাসে বাংলার সমাজ, শিক্ষা, ভাষা ও রাজনীতির নানা পরিবর্তনের জরুরি দলিল। আসলে কুদরাত-এ-খুদা আসলে তার সময়ের রাষ্ট্র, সমাজ ও শিক্ষাব্যবস্থার এমন এক চিত্র তুলে ধরেছেন, যা বাংলাদেশের ইতিহাসচর্চায় নতুন করে পাঠ ও মূল্যায়নের দাবি রাখে।
লিখেছেন:
মোহাম্মদ আবু সাঈদ
প্রকাশিত:
৯ নভেম্বর, ২০২৬

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্’র নামে একটি কথা প্রচলিত আছে: যে দেশে গুণীজনদের কদর নেই সে দেশে গুণীজন জন্মায় না। এ-কথার মাধ্যমে ফুটে ওঠে গুণীজনদের প্রতি বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের অবহেলার দৃষ্টি। অন্য অনেকের মতো ডক্টর মুহাম্মাদ কুদরাত-এ-খুদার ক্ষেত্রেও এ-কথা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা হিসেবে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত একজন বিজ্ঞানীর নাম লিখতে হলে লিখতে হবে কুদরাত-এ-খুদার নাম। কিন্তু তিনি যে স্মৃতিকথা লিখেছেন এ-বিষয়ে সাধারণ পাঠক-সমাজে তো বটেই, গবেষক মহলেও আছে অজ্ঞতা।

স্মৃতিকথাটি রচনার সুনির্দিষ্ট তারিখ জানা যায় না। অনুমান করা যায়, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পরই তিনি স্মৃতিকথা লিখেছেন। ২০০২ সালে বিজ্ঞ ান ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডক্টর কুদরাত-এ-খুদার অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশের জন্য একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি তাঁর স্মৃতিকথা “স্মৃতিপটের আলেখ্য”কে সর্বপ্রথম মুদ্রণের জন্য নির্বাচিত করে। অতঃপর ২০০৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের পক্ষ থেকে বইটির একমাত্র সংস্করণ প্রকাশিত হয়।
ডক্টর কুদরাত-এ-খুদা স্মৃতিকথার নাম রেখেছেন: স্মৃতিপটের আলেখ্য। নামের মধ্যেই নিহিত রয়েছে স্মৃতিকে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি। তিনি কেবল লেখার জন্য লিখেননি, আত্মগৌরব ঘোষণার জন্য কালি খরচ করেননি, লিখেছেন তাঁর অভিজ্ঞতা থেকে দেশের মানুষ, বিশেষত গবেষকগণ যেন উপকৃত হতে পারেন। দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হলে একেবারে ‘অরাজনৈতিক’ গবেষকও যে ক্ষতিগ্রস্ত হ ন তার খতিয়ান এই স্মৃতিকথা। আমাদের শিক্ষাব্যবস্থা কীভাবে সামাজিক ও রাজনৈতিক বিভক্তি তৈরি করে তারও একটি বড় চিত্র হাজির করেছেন তিনি।
তিনি বংশে সৈয়দ, নবাবের কাছ থেকে খোন্দকার উপাধিও ছিল দাদার। কিন্তু কোনোদিনই তিনি পদবী লিখেননি। কারণ, দাদা বলেছিলেন, “তোমার ব্যক্তিগত জীবনকে যদি বড় করে তুলতে পার, তাই হবে তোমার বংশের উত্তম পরিচয়।” দাদার কথাকে মনে রেখে তিনি আজীবন ব্যক্তিগত জীবনকে ‘বড়’ করে তোলার কাজ করে গেছেন; বংশের পদবীকে কাজে না লাগিয়ে বরং বংশকেই সম্মানিত করেছেন। আশ্চর্যের বিষয়, একটি ঐতিহ্যবাহী আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়েও তিনি নিজের জন্মতারিখ মনে রেখেছেন বাংলা মাস হিসেবে। আশ্চর্যের বিষয় এই কারণে যে, উনিশ শতকে বীরভূম জেলার সৈয়দ বংশ ও খোন্দকার উপাধিপ্রাপ্ত একটি বংশে ভাষায় উর্দু, ফারসি ও এই অনুপাতে আরবি ভাষার চর্চা থাকাই ছিল স্বাভাবিক। এই স্বাভাবিক সংস্কৃতি থেকেই তাঁকে পাঠানো হয় হেফজখানায়; উদ্দেশ্য হাফেজ বানানো। কিন্তু কয়েক পারা মুখস্থ করার পর হেফজখানা তাঁর কাছে হয়ে উঠলো আতঙ্কের বিষয়। কারণ, ‘ওখানে পড়ুয়াদের মধ্যে দেখতাম হাফেয সাহেবের নির্দয় প্রহার ভীষণ ত্রাসের সঞ্চার করে তুললো। কারও পড়াতে একটুখানি ভুল হলে সবাই প্রমাদ গণত, কার মাথায় এই দণ্ড নেমে আসে।’ একই দৃশ্য তিনি দেখেন পাঠশালাতেও: ‘পাঠশালার পণ্ডিত সাহেব একটি ছেলেকে কোঠা ঘরের তীরের সঙ্গে হাত বেঁধে ঝুলিয়ে দিয়েছেন ও তার পায়ের তলায় একখানা খোলা ছুরি বসিয়ে রেখেছেন ও তাকে এই বলে শাসাচ্ছেন যে পড়া তৈরী না করার এই হচ্ছে উপযুক্ত শাস্তি। যদি হাত তার কোনো রকমে ছেড়ে যায় তাহলে তার পা কাটবে সুনিশ্চিত।’ হেফজখানা ও পাঠশালার এই দৃশ্য তাঁর শিক্ষাজীবনের শুরুতেই এক বিরাট ধাক্কা হিসেবে কাজ করেছে। হুজুরের মারের ভয়ে তাঁর মতো আরো কত ছেলের হাফেজ হওয়া হয়নি তার হিসাব ইতিহাসে নেই। দুঃখের বিষয় হচ্ছে, ১৯১০ সালের দিকের এই পরিস্থিতি আজ ২০২৬ সালেও তেমন পরিবর্তন হয়নি। হেফজখানায় অমানবিক নির্যাতনের ঘটনা কিছুদিন পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু সমাধানের কোনো পথ এখনো আবিষ্কার হয়নি। নিজের শিক্ষাজীবনের শুরুতেই এ নিয়ে হোঁচট খাওয়া কুদরাত-এ-খুদা তাই লিখেছেন: “আমার বাল্যকালের ছাত্র জীবনের এই কথাগুলির উল্লেখ করবার আর একটি উদ্দেশ্য এই যে ছেলেদের লেখাপড়ায় প্রহার ও শাস্তির ব্যবস্থা কোনো দিনই মঙ্গলজনক ফল আনতে পারে না। আমাদের বর্তমান শিক্ষকমণ্ডলী এ দিকে একটু দৃষ্টি রাখলে ভবিষ্যতে জাতীয় জীবনে বেশ কিছুটা পরিবর্তন আসা সম্ভব। ছেলেমেয়েরা শিক্ষকের স্নেহের পরশ পেলে, তাদের শিক্ষার আগ্রহ যেমন বাড়ে, শিক্ষার ফলে তাদের মনের মধ্যে যে ব্যাপক আলোড়ন জাগে তাতে তাদের জ্ঞানের দৃষ্টি অধিকতর দূর পর্যন্ত প্রসারিত হয়ে ওঠে।”
বংশগত দিক থেকে আরবি-ফারসি চর্চার ঐতিহ্যে তিনি লালিত পালিত হয়েছেন। ফলত তাঁর প্রাথমিক শিক্ষা হয়েছে উর্দুতে। কিন্তু উচ্চমাধ্যমিকে বাংলা ভাষায় পড়ালেখা করতে গিয়ে বিপুল বাধার সম্মুখীন হয়েছেন। কলকাতার স্কুলে ভর্তি হয়ে তিনি এক ‘বিপর্যয়ের’ সম্মুখীন হন। কারণ, “ক্লাসে যারা সহপাঠী তারা সকলেই শিক্ষালাভ করছে উর্দুর মাধ্যমে। আমাকে ইতিহাসের শিক্ষক প্রথম যখন পাঠ জিজ্ঞাসা করলেন আমি অত্যন্ত অপ্রস্তুত বোধ করলাম, কারণ আমার উর্দু ভাষার বিদ্যা তো ঐ সবে উর্দু কি দুসরি কেতাব। পড়ার বাইরের কোনো কথা উর্দুতে বলা কঠিন।” স্কুল পরিবর্তন করে যখন নতুন স্কুলে ভর্তি হলেন সেখানেও তিনি ভাষার সমস্যায় পড়েছেন। এখানে এসে কেবল ভাষা সমস্যা নয়, বরং রীতিমতো ভাষাভিত্তিক রাজনীতির মুখোমুখি হন। তিনি লিখেছেন: “নতুন স্কুলে এসে আর এক বিপত্তির সম্মুখীন হই। এখানে সব ছাত্রই মুসলমান সুতরাং ছেলেদের মধ্যে কোনও রকম শ্রেণী বিভাগের সম্ভাবনা ছিল না। কিন্তু তবু এখানে এক উৎকট ব্যাধির রূপ নিল উর্দু ও বাংলা ভাষাভাষী ছেলেদের মধ্যে। অধিকাংশ ছাত্রই এখানে উর্দু কথা বলত। আমরা অল্প কয়জন শিক্ষার মাধ্যম উর্দু হলেও বাংলা কথাবার্তা বলতে আনন্দ পেতাম এবং এই জন্যই উর্দুভাষীদের কাছে আমরা নিতান্ত দুরবস্থার মধ্যে চলাফেরা করতে লাগলাম।” এই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি বাংলা ভাষায় শিক্ষা গ্রহণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। যেমন: “বাংলা পঠনের সুবিধা মাত্র স্কুলের উপরের চারিটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল এবং বাংলাভাষী ছাত্রের সংখ্যা শ্রেণীর ছাত্রসংখ্যার শতকরা দশভাগের অধিক ছিল না। সাধারণ রচনা প্রতিযোগিতার সুযোগ খুব বেশী হত না এবং শিক্ষকদের তরফ থেকে সহানুভূতির সিংহভাগ উর্দুভাষী ছাত্ররাই লাভ করত। কিন্তু তবু মাঝে মাঝে আমরা অতি আগ্রহ নিয়ে প্রতিযোগিতায় অগ্রসর হয়েছি। যেমন মনে আছে এই সময় আমি যখন অষ্টম মানে উঠলাম তখন আমার ছোট মামাও গ্রাম ছেড়ে কোলকাতায় এলেন এবং একই স্কুলের সপ্তম শ্রেণীতে যোগ দেন। ঐ সময় স্কুলে মাহফিলে মিলাদুন্নবি অনুষ্ঠান উপলক্ষে স্থির হল যে, হাযরাতের জীবনী রচনা পাঠের জন্য ইংরাজি ও উর্দু ভাষায় লিখিত অনেকগুলি প্রবন্ধ রচিত হয়েছে, বাংলার জন্য কোনও কথা কেউ তখনও চিন্তা করেননি। এই ব্যাপার নিয়ে শেরে বাংলা জনাব ফজলুল হক সাহেবের কাছে পৌছতেও দ্বিধা করিনি। তাঁর পরামর্শমত বালক সুলভ চাঞ্চল্যে প্রণোদিত হয়ে আমি প্রধান শিক্ষক সাহেবের দরবারেও উপনীত হলাম বাংলাকেও সমান সুযোগ দেবার প্রার্থনা নিয়ে। প্রথমেই বলেছি হেড মাস্টার সাহেব বড় গম্ভীর প্রকৃতির লোক ছিলেন। প্রথমে তিনি আপত্তি করলেন এই বলে যে বাংলায় কোন প্রবন্ধ তখন পর্যন্ত ঐ স্কুলে পাঠের সুযোগ হয়নি। তারপর আমি বলি যে, আমি ও আর কয়জন বাংলায় প্রবন্ধ তৈরী করছি। ইতিমধ্যে হেডমাস্টার সাহেব ইংরাজি ডিবেটিং তর্ক সভায় আমার বক্তৃতায় মুগ্ধ হয়ে আমাকে প্রথম পুরস্কারের সম্মানে ভূষিত করেছিলেন; ফলে আমার পুনঃপুনঃ অনুরোধে বাংলাকেও এই প্রতিযোগিতার ক্ষেত্রে যথাযোগ্য স্থান দিবার স্বীকৃতি দিলেন।” ১৯১০ সালের দিকে, যখন বাংলার মুসলমানদের ভাষা হিসেবে বাংলার ব্যবহার ও পরিচিতি প্রতিষ্ঠিত, তখনও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলার ব্যবহার নিয়ে এমন প্রতিকূল পরিস্থিতি স্বাভাবিক ব্যাপার ছিল না। এবং ঔপনিবেশিক আমলে বাংলার মুসলমানদের শিক্ষায় পিছিয়ে পড়ার যে তত্ত্ব প্রতিষ্ঠিত, তার পেছনে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার অনুপস্থিতিও একটি উল্লেখযোগ্য কারণ হতে পারে। যাই হোক, উর্দুভাষী ও বাংলাভাষী ছাত্রদের অন্তর্কোন্দল কোন্ পর্যায়ে পৌঁছেছিল তার আরেকটি বিবরণ ডক্টর খুদা দিয়েছেন: “ক্লাসের পরীক্ষায় সহপাঠীদের মধ্যে উর্দুভাষী ছাত্রদের আমার প্রতি যেন বিশেষ একটি ক্রোধ ছিল যে, অংকশাস্ত্রের তিনটি বিষয় প্রায়ই পরীক্ষায় আমার নম্বর উঠত শতকরা নব্বই-এর উর্দ্ধে। প্রতিযোগিতায় প্রথম স্থানের প্রার্থী যারা তারা এই অংকের মাধ্যমে আমার অত্যন্ত অধিক নম্বর পাওয়া সহ্য করতে পারত না। মাদ্রাসায় পরীক্ষার সংখ্যা ছিল বছরে তিনটি এবং তিনটির নম্বর একত্র করে বার্ষিক পরীক্ষায় আমাদের স্থান নির্দিষ্ট হত। আমার ভাগ্যে যে কোনও একটি, কখনও একাধিক অংকের পরীক্ষা প্রতি বৎসর দুবার করে দিতে হয়েছে কারণ প্রথম পরীক্ষার উত্তরবাহী কাগজ প্রায়ই হারিয়েছে এবং আমাকে প্রায়ই আর একটি অনুপূরক পরীক্ষা দিতে হয়েছে। এইসব কারণে মোটের উপর উর্দুভাষীদের সঙ্গে আমাদের প্রায়ই মনোমালিন্য ঘটতো এবং সেই সময় উর্দুভাষী শিক্ষকদের কেহই আমাদের বাংলাভাষীদের দুটি সান্ত্বনার কথাও শোনাতেন না। এইসব কারণে বাংলা ও উর্দু নিয়ে স্কুলে বিবাদ বিসংবাদের সংখ্যা অল্প হত না। কেবল দেখেছি, হেডমাস্টার সাহেবই ক্লাসের মধ্যে ও বাইরে বাংলাভাষীদের আবদার প্রায়ই শুনতেন। ফলে অবস্থা অধিকতর অপ্রকৃষ্টতার পথে যায়নি।” অর্থাৎ ভাষার বিরোধ কেবল ব্যবহারিক জীবনেই সীমাবদ্ধ ছিল না, বরং তা একাডেমিক জীবনেও প্রবেশ করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানে উর্দু ও বাংলা ভাষায় শিক্ষাদানের মাধ্যমে ছাত্রদের মধ্যে যে বিভক্তি তৈরি হয় তা সমাধানের লক্ষ্যে তিনি লিখেছেন: “আমি কিন্তু বিশ্বাস করি ছাত্রজীবনে এমন সমস্যার সম্মুখীন হওয়া কোনও ছাত্রের জন্যই মঙ্গলজনক নয় এবং এই জন্যই একই বিদ্যালয়ে এই দ্বিবিধ ছাত্রের অধ্যয়ন সব সময় বাঞ্ছিত ফল আনে না, পরন্তু মনে যে একটি অবাঞ্ছিত বৈষম্য ছাত্র সমাজের মধ্যে নূতনভাবে সৃষ্টি করে একথা মনে রাখলে আমাদের বহুবিধ সমস্যার সহজ সমাধান আমরা পেতে পারি।” তিনি নিজেও এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেছিলেন। পাকিস্তানের প্রথম ডিপিআই হিসেবে হিসেবে যখন তিনি দায়িত্ব পালন করেছেন তখন চেষ্টা করেছেন উর্দু ও বাংলার এই রেষারেষির সমাপ্তি ঘটাতে কিন্তু অদূরদর্শী রাজনীতিবিদদের জন্য শেষ পর্যন্ত সফল হননি। তিনি লিখেছেন: “নিজের ছাত্রজীবনের স্মৃতিগুলি মনে রেখে আমি ঢাকায় আগমনের পর একই স্কুলে উর্দু ও বাংলা বিভাগ না রেখে ভিন্ন স্কুলের ব্যবস্থার কথা দেশ বিভাগ পরের গভর্নমেন্টকে উপদেশ দিই। কিন্তু তাঁরা এই উপদেশের বিপরীত পথে চলতে থাকেন ও ফলে ক্রমে উর্দু ও বাংলা ভাষী দুটি ভিন্ন মতবাদ সৃষ্ট হয় যা পরে বাঙ্গালী ও বিহারী আন্দোলনে রূপান্তরিত হয়। পাকিস্তানে তাই বাঙ্গালীকে পরিশেষে উর্দুভাষীদের সঙ্গে একত্র রাখা সম্ভব হল না।” অর্থাৎ, পাকিস্তান প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, উর্দুকে শত্রুজ্ঞান করে বাংলা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের যে উত্থান তার বীজ বাংলার মুসলমান সমাজে বহু আগেই প্রোথিত ছিল। বাংলার মুসলমানদের মাতৃভাষা বাংলা না উর্দু—উনিশ শতকের শেষদিকে উত্থিত এই বিতর্ক ও পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যম হিসেবে উর্দু ও বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের বিবাদ শেষ পর্যন্ত যুদ্ধের মাধ্যমে একটি দেশকে দুই ভাগে বিভক্ত করে আরেকটি দেশের জন্ম দিতে পারে সে ধারণা বিবাদকারীদের ছিল না। কিন্তু শেষ পর্যন্ত স্কুলের বিবাদ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিভক্তিতে পরিণত হয়েছে। ডক্টর কুদরাত-এ-খুদা বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলার মুসলমান সমাজের এই ভাষাভিত্তিক বিভক্তিমূলক রাজনীতির জার্নি স্মৃতিকথায় তুলে ধরেছেন।
ঔপনিবেশিক আমলের শেষদিকে, যখন হিন্দু মুসলমান বিবাদ তুঙ্গে, তখন সাম্প্রদায়িকতার মাত্রা কেমন ছিল তার চিত্রও উঠে এসেছে স্মৃতিকথায়। এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে উত্তীর্ণ হয়ে যখন তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে নিয়োগ পেলেন তখন স্টেট স্কলারশিপের খবর পান ডাক্তার নীলরতন সরকারের মাধ্যমে। তিনি যথানিয়মে আবেদন করেন কিন্তু তাঁর আবেদন নাকচ হয়ে যায়। অতঃপর যখন স্যার আবদুর রহিম, তৎকালীন কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য, তাঁর সঙ্গে দেখা করলেন তখন জানতে পারলেন, “এই স্কলারশিপটির ব্যবস্থা তিনিই করেছেন এবং ঢাকা ও কলিকাতা উভয় বিশ্ববিদ্যালয়কে দুটি করে নাম পাঠাতে বলেছেন যার একটি হবে মুসলমান আর একটি হিন্দু। সুতরাং বিশ্ববিদ্যালয় কিরূপে-একজন উপযুক্ত মুসলিম ছাত্রকে এবার বাদ দিবে তিনি বুঝতে অক্ষম।” অতঃপর তাঁর পরামর্শক্রমে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করে পুনরায় দরখাস্ত দিয়ে স্কলারশিপ হাসিল করলেন। স্কলারশিপ পাবার পর যখন তিনি স্যার প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে গেলেন তখন প্রফেসর রায় প্রফেসর প্রফুল্লচন্দ্র মিত্রকে উদ্দেশ্য করে বলেন: “ওহে মিত্তির তোমাদের তখনই বলেছিলাম একেই তোমরা নির্বাচন কর। কিন্তু তোমরা আমার কথা শুনলে না। এখন তোমাদের মুখে কালি পড়ল।” অর্থাৎ কেবল সাম্প্রদায়িকতার কারণে কুদরাত-এ-খুদার দরখাস্ত নাকচ করেছিলেন প্রফেসর মিত্র। খুদা লিখেছেন: “আমি বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে যে কমিটির উপর এই স্টেট স্কলারদের নির্বাচনের ভার ছিল, প্রফেসর রায়, মিত্র উভয়েই তার মেম্বার ছিলেন এবং প্রফেসর মিত্র ছিলেন সেই কমিটির সভাপতি। উনিই কিছুদিন পূর্বে আমাদের এম.এসসি. পরীক্ষার ফল বিবেচনাকারী কমিটিরও সভাপতি ছিলেন এবং ডক্টর মিত্র আমার নীচে যে ছাত্রটি আমাপেক্ষা ৮৯ নম্বর কম পেয়েছিল তাকেই আমার সঙ্গে ব্রাকেটে প্রথম স্থানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। প্রফেসর রায়ের ন্যায় উদারচিত্ত ও পক্ষপাতশূন্য বিচারকের অভাবই আমাদের শিক্ষা ব্যবস্থাকে নানাবিধ দুর্নামের জন্য দায়ী করেছে। যখন ঐসব দুর্বলমনা শিক্ষকদের কথা মনে হয় এখনও মনকে বিপর্যস্ত করে তোলে। কত ছেলেমেয়ে যে এইরূপ অবস্থায় পতিত হয় তার সংবাদ আমরা রাখতে পারি না। কিন্তু তাহাদের প্রতি মনে বিদ্রোহ জেগে ওঠে এবং তাহা আমাদের সমাজ জীবনকে অত্যন্ত হেয় করে তোলে। আমার মনে হয় সেকালে রাষ্ট্রীয় জীবনের উপরও এবম্বিধ ঘটনার প্রতিক্রিয়া অনেকখানি ছিল।” এই ঘটনা থেকে স্পষ্ট, পার্টিশনের পূর্বে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিবাদ ও লড়াই কেবল সামাজিক ও সাংস্কৃতিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং তা একাডেমিক পর্যায়ে গড়ায়, যার ফলে এমন অনেক মুসলমান শিক্ষার্থী যে উচ্চশিক্ষায় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, ব্যর্থ হয়েছেন তা সহজেই অনুমেয়।
তিনি কিছুদিন কলকাতার বিখ্যাত ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ থাকার সময়ে তিনি কীভাবে সহজেই প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়েছেন এবং তা পরবর্তীতে কলেজের রেজাল্টে ভূমিকা রেখেছে তার বিবরণ উঠে এসেছে। ডক্টর কুদরাত-এ-খুদা ছিলেন আপাদমস্তক প্রাতিষ্ঠানিক ব্যক্তিত্ব। তিনি ইসলামিয়া কলেজের অধ্যক্ষ থাকার সময়ে কলেজ সম্প্রসারণের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন করেন। কিন্তু এজন্য সরকারি কোষাগারে পর্যাপ্ত অর্থ না থাকায় বাস্তবায়ন করতে পারেননি। ইসলামিয়া কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজে গিয়েও কলেজ সম্প্রসারণের পরিকল্পনা তৈরি করেন। যথারীতি এটিও বাস্তবায়ন হয়নি অর্থের অভাবে। কিন্তু অপশন দিয়ে পাকিস্তান আসার পর পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ড. প্রফুল্লচন্দ্র ঘোষ যখন চট্টগ্রাম সফর করেন তখন তাঁর গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে তাঁকে ইন্ডিয়ায় যাওয়ার অফার দিয়েছিলেন। কিন্তু তিনি ধন্যবাদ সহযোগে প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই ভেবে যে, ‘তখন ইচ্ছা ছিল পূর্ব পাকিস্তানের জন্য বড় কিছু করবার চেষ্টা করব। পাকিস্তানের যোগ্যতর শিক্ষাবিদগুলি সবাই ইণ্ডিয়াতে চলে যান, এমত অবস্থায় পাকিস্তানের প্রয়োজন ছিল সমধিক। সুতরাং এ প্রস্তাব আমাকে প্রত্যাখ্যান করতে হয়েছিল।’

‘পূর্ব পাকিস্তানের জন্য বড় কিছু করবার’ যে স্বপ্ন ও পরিকল্পনা তাঁর ছিল আমলাতান্ত্রিক জটিলতা ও অদূরদর্শী রাজনীতিবিদদের কারণে তেমন কিছুই করতে পারেননি। পাকিস্তানের প্রথম ডিপিআই (Director of Public Instruction) হিসেবে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারেননি। উর্দুকে পূর্ব পাকিস্তানের প্রত্যেক শিক্ষার্থীকে আবশ্যিক দ্বিতীয় ভাষা হিসেবে পাঠ করার সরকারি আদেশের বিরুদ্ধে ছিলেন তিনি। কিন্তু তাঁর পরামর্শ অগ্রাহ্য করে এই আদেশ প্রদান করা হয় এবং ফলাফল আমাদের সকলের জানা। উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীদের কথামতো না চলায় ডিপিআই থেকে তাঁকে মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রেসিডেন্ট করা হয়, কিন্তু এ পদের বেতন-ভাতায় তিনি নাখোশ ছিলেন। ১৯৫৫ সালে পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আঞ্চলিক পরিচালক নিযুক্ত হন। কিন্তু এই প্রতিষ্ঠানের শুরুতেই তিনি কাঠামোগত সমস্যার সম্মুখীন হন। এই প্রতিষ্ঠানের করাচি, পেশওয়ার ও লাহোর শাখার জন্য ১০০/১৫০ একর সরকারি জমি পাওয়া গেলেও পূর্ব পাকিস্তান শাখার জন্য ঢাকায় কোনো খাস জমি বরাদ্দ দিতে সরকার রাজি হলো না। এমতাবস্থায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অনুমতিক্রমে অস্থায়ী একটি ল্যাবরেটরি স্থাপন করে কাজ শুরু করা হয়। এমন বহু কৃত্রিম সংকটের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হয় কুদরাত-এ-খুদাকে। তারপরও তিনি দমে যাননি। যতটুকু সম্ভব হয়েছে তিনি সাধ্যমত চেষ্টা করেছেন। আজকের ঢাকায় সায়েন্স ল্যাবরেটরি নামে যে জায়গাটি পরিচিত, সেই ল্যাবরেটরি তিনিই নিজ হাতে গড়ে তুলেছেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন: “পূর্ববঙ্গকে আল্লাহ বিপুল কৃষি সম্পদ ও সম্ভাবনা দিয়েছেন। কিন্তু এর কোনো ব্যাপক ব্যবহার দ্বারা অর্থনীতির উন্নতি করার পরিকল্পনা দেখা যায় না। আমার মনে হয় গভর্নমেন্টের বিভিন্ন বিভাগের মধ্যে তেমন ব্যাপক যোগাযোগ নাই। গভর্নমেন্টের শিল্প বিভাগ অপেক্ষাকৃত নূতনতর, এখানে আজ পর্যন্ত শিল্প পরিকল্পনার কোনো ব্যবস্থা হয়নি এবং শিল্পসংগঠন যে মৌলিক গবেষণার উপর পরিপূর্ণরূপে নির্ভরশীল এই সত্যটির সম্বন্ধে গভর্নমেন্টের দপ্তরে কোনো প্ল্যান প্রস্তুত করা হয় না।” আমলাতান্ত্রিক জটিলতা ও মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার যে অভিযোগ এখনো করা হয় তা তিনি ষাটের দশকেই উপলব্ধি করেছেন।

এই উপলব্ধি থেকে তিনি বিজ্ঞান ও শিল্প গবেষণার জন্য নানামুখী প্রস্তাব দিয়েছেন, বইয়ের শেষ অধ্যায়ে। অর্থাৎ একজন বিজ্ঞানী হিসেবে গবেষণা করতে গিয়ে তিনি যে-সকল সমস্যার সম্মুখীন হয়েছেন সেগুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়েও সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। স্মৃতিকে কেবল সময়ের ফ্রেমে বন্দী না রেখে তা থেকে শিক্ষা গ্রহণ করার পক্ষপাতী ছিলেন তিনি। বলা যায়, বৈজ্ঞানিক গবেষণার সংকট নিরসনে এ-সকল প্রস্তাবনার মাধ্যমে ডক্টর কুদরাত-এ-খুদা ভবিষ্যত বিজ্ঞানী ও গবেষকদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। যোগ্যতা, সদিচ্ছা ও স্বপ্ন থাকলে যে চরম প্রতিকূল পরিস্থিতিতেও কার্যক্রম পরিচালনার মাধ্যমে সফলতার স্বাক্ষর রাখা যায় তার খতিয়ান “স্মৃতিপটের আলেখ্য”।


