top of page

ড. কুদরাত-এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়

মূর্খ-মাটি : জ্ঞান-বৃক্ষ

লেখক, গবেষক ও নীতিবান ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ আবুল মকসুদ দেশব্যাপী পরিচিত। ড. কুদরাত-এ-খুদার ইন্তেকালের পরপরই দৈনিক ইত্তেফাক পত্রিকার ১৩ নভেম্বর, ১৯৭৭ তারিখের রবিবাসরীয় সংখ্যায় তাঁকে স্মরণ করে লিখেছিলেন তিনি। লেখাটি সংগ্রহ করে পাঠকদের জন্য পুনঃপ্রকাশ করা হলো। এটি ড. খুদার স্মরণে লেখা হলেও, লেখার পরতে পরতে গুণীজনদের কদর না করতে পারার যে জাতীয় বৈশিষ্ট্য তার প্রতি ধিক্কার আছে। এই বৈশিষ্ট্য যে এখনো সগৌরবে লালিত হচ্ছে তা বলাই বাহুল্য।

লিখেছেন:

সৈয়দ আবুল মকসুদ

প্রকাশিত:

৯ নভেম্বর, ২০২৬

সৈয়দ আবুল মকসুদ
​

এখন আমাদের যাঁরা ভক্তি-ভাজন, তাঁদের শৈশবেই একদা অসামান্য প্রদীপ্ত প্রতিমূর্তি নিয়ে যে-দু’চারজন আলো বিকিরণ করছিলেন তাঁদের মধ্যে প্রধান ড. মুহম্মদ শহীদুল্লাহ, ড. কুদরত-এ-খুদা প্রমুখ। আমরাও আশৈশব তাঁদের পাহাড়সুলভ ব্যক্তিত্বের কথা শুনে রোমাঞ্চিত হয়েছি, বিস্মিত হয়েছি তাঁদের কর্মনিষ্ঠ জীবনের ঘটনাবলীর দিকে দৃষ্টিপাত করে। পরিবেশের দুর্জয় প্রতিকূলতা উজিয়ে তাঁরা এগিয়ে গিয়েছিলেন জ্ঞানের মন্দিরের দিকে—কর্মের প্রান্তরে। মেধা ও শক্তির অসামান্য পুঁজি না থাকলে অতদূর এগোতে পারে না কোন মানুষই।

শুধু উপমহাদেশীয় পটভূমিতে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ড. খুদার পরিচিতি রয়েছে একজন নিষ্ঠাবান বিজ্ঞানসাধক হিসেবে। বাঙালী, বিশেষ করে উপমহাদেশীয় বিজ্ঞানীদের অনেকেরই নামডাক সারা দুনিয়াজোড়া। জগদীশ বসু, সত্যেন বসু, ভেংকট রমন, আব্দুস সালাম প্রমুখের নাম বিশ্ব-বিজ্ঞানীদের তালিকায়। বিজ্ঞানে ড. খুদার অবদানও অবিস্মরণীয়। ইওরোপ আমেরিকার বহু বিজ্ঞান প্রতিষ্ঠানের তিনি ফেলো ও সদস্য। কিন্তু তাছাড়াও বিজ্ঞান গবেষণার বাইরেও শিক্ষা-সংস্কৃতির উন্নয়নের জন্যে তাঁর যে কাজ শুধুমাত্র সেগুলোর জন্যেই একজন মানুষ তাঁর দেশবাসীর কাছে অমর হয়ে থাকতে পারেন।

তাঁর সর্বশেষ সরকারী চাকুরী শিক্ষা কমিশনের চেয়ারম্যান। প্রবীণ শিক্ষাবিদ হিসেবে এটা তাঁর উপযুক্ত পদই বটে। কিন্তু সেখানে কাজ করতে গিয়েও তাঁকে কী মারাত্মক বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছে, যা তাঁর সহকর্মী ও সহচরদের অনেকেরই জানা। গভীর পাণ্ডিত্যের অধিকারী এই মানুষটার ভেতরে মাতৃভাষার প্রতি যে কী অকৃপণ ভালবাসা সঞ্চিত ছিলো তা তাঁর সান্নিধ্যে যাঁরা আসেননি তাঁদেরকে বোঝানো মুশকিল। উচ্চ ইংরেজী শিক্ষায় শিক্ষিত তাঁর মতো মানুষ বাসায় বাংলা দৈনিক পত্রিকা ছাড়া ইংরেজী কাগজ রাখেন না, এটা অনেকেই বিশ্বাস করতে চাইবেন না। বাংলা ভাষায় বিজ্ঞানের শিক্ষাদানের ব্যাপারে তিনি এক অটল ও জেদী মনোভাব পোষণ করেছেন আজীবন এবং বাংলা ভাষায় বিজ্ঞান শিক্ষা ত্বরান্বিত করার ক্ষেত্রে তাঁর কাজের ফল ভোগ করবে এদেশের মানুষ অনাদিকাল।

সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে ভাবযোগী ও কর্মযোগী বলে যে দুটো দল রয়েছে, এর কোনটির প্রয়োজন ও মূল্য কোনটির চেয়ে কম নয়। কুদরত-এ-খুদা হলেন কর্মযোগী। কর্মযোগীরা সাধারণত পরিশ্রমের ও খাটাখাটনির কাজগুলো করে যান। অনেকের মতো সাহিত্যের বিষয়ে প্রচুর লেখেননি তিনি, কিন্তু প্রচুরতর কাজ ও সাধনা করে গেছেন এবং এটা দুঃখের সঙ্গে হলেও না বলে উপায় নেই যে, তাঁর সব সাধনার ফল দেশের মানুষের কাছে বিলিয়ে দিতে পারেননি তিনি। বহু মণি-মুক্তো তাঁর কাছে ছিলো, এবং শেষ পর্যন্ত তাঁর কাছেই থেকে গেল। সাধারণত শিক্ষার্থীই শিক্ষকের কাছে যায়, শিক্ষক ছাত্রের পিছে ছুটে বেড়াবার কথা নয়। আজীবন নির্জনের সাধক, হৈ-হল্লা থেকে তিনি থাকতেন দূরে, কিন্তু গত কয়েক বছর থেকে স্বাস্থ্যগত কারণেই হোক আর অন্য কারণেই হোক, তিনি নির্জনতা বেছে নিয়েছিলেন। কোন সভা-সমিতিতেও তাঁকে দেখা যায়নি খুব একটা। কিন্তু পাণ্ডিত্যের দেমাগ তাঁর ছিলো না। মূর্খকে করুণা পর্যন্ত করতেন না, ভালবাসতেন, পথ দেখিয়ে দিতেন জ্ঞানের চৌরাস্তার দিকে। এখানে সবিনয়ে একটি ঘটনার উল্লেখ করতে চাই। আর্টস-এ পাস করে আমার এক অপ্রতিরোধ্য বাসনা হলো যে, চিকিৎসা-বিজ্ঞানে পড়াশোনা করবো। কিন্তু আমাদের দেশে আইএসসি, বিএসসি পাস না করে ডাক্তারী পড়ার কথা চিন্তা করা অলীক কল্পনা মাত্র। বুকে সাহস সঞ্চয় করে ড. খুদার কাছে গেলাম এবং ইচ্ছেটা বললাম তাঁকে। আমার মত মানুষ তাঁর পায়ের কাছে বসা উচিত, এমনকি তাঁর বাসা থেকে তাড়িয়ে দিলেও আমার বিন্দুমাত্র অভিযোগ থাকার কথা নয়; কিন্তু বিস্ময়ের ব্যাপার, তিনি তার উল্টো ব্যবহার করলেন এবং তিনি সস্নেহে যা বললেন, তার মর্মার্থ হলো: ইউরোপ-আমেরিকায় বিজ্ঞানের লোক কলায়, কলার লোক বিজ্ঞানে কাজ করতে পারে, কোন বাধা নেই, কিন্তু আমাদের দেশে তো সে ব্যবস্থা নেই, কিন্তু যেহেতু তোমার দুর্মর ইচ্ছে আছে, তাই অমুক অমুকভাবে কাজ করে যাও, তোমার ইচ্ছে পূরণ হবে। বলে তিনি আমাকে কতগুলো পথ বাতলে দিলেন। তাঁর কথামতো কাজ করতে পারিনি বলে আমার ডাক্তারী পড়া হয়নি বটে, তবে সেই থেকে তাঁর সঙ্গে আমার একটা যোগসূত্র সৃষ্টি হয়ে গেল। তাতে আমি অনেক উপকৃত হয়েছি, ধন্য হয়েছি।


দুপুরে ঘুমোবার অভ্যাস নেই তাঁর। একেবারে শয্যাগত হয়ে পড়ার আগ পর্যন্ত ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তিনি কাজ করতেন। নিজের ঘরে পড়াশোনা ও গবেষণায় নিমগ্ন থাকতেন তিনি। কাঁটায় কাঁটায় দশটা বাজার সঙ্গে সঙ্গে তিনি শুয়ে পড়তেন। মূলত রসায়ন-বিজ্ঞানী, কিন্তু কাজ করার আগ্রহ ছিলো বিজ্ঞানের নানা শাখায় তাঁর। তাঁর বহু মূল্যবান গবেষণার খোঁজ দেশের মানুষ জানেও না, তিনিও আত্ম-প্রচারের জন্য জানানোর প্রয়োজনবোধ করেননি। ৭২-এ দেশে দারুণ বস্ত্রসংকট। মূলত পশ্চিম পাকিস্তানী তুলোয় এখানকার বস্ত্র কলগুলো চালু ছিলো, সেগুলো বন্ধ হবার উপক্রম। বিজ্ঞানীর চোখের ঘুম চলে গেল। এক হাড্ডিসার বিবস্ত্র জাতির কথা কল্পনা করে বেদনায় উদ্বেলিত হলো তাঁর হৃদয়। অক্লান্ত পরিশ্রমে তিনি দেশী তুলো গাছের ভেতর থেকেই এমন এক জাতের কার্পাস তুলোর গাছ আবিষ্কার করলেন যেগুলোয় খুব বেশী ‘লংষ্টেপল’ সুতো হবে না বটে কিন্তু খুব তাড়াতাড়ি ফলন হবে। শরতে আমন ধান উঠে যাবার সঙ্গে সঙ্গে তিনি এই গাছ ব্যাপকভাবে ব্রহ্মপুত্রের দু’তীরে চাষ করার জন্য পরামর্শ দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদন পেশ করেন। প্রধানমন্ত্রী ওটি পাঠিয়ে দিলেন কৃষিমন্ত্রীর অফিসে, তিনি ওটার ওপর ‘ফর ইনফরম্যাশন এ্যাণ্ড নেসেসারী একশন’ লিখে পাঠালেন কৃষি পরিচালকের অফিসে এবং অনুরূপভাবে কয়েক মাসে ওটা চলে গেল একেবারে নীচের দিকে। এজন্য ব্যক্তিগতভাবে অনুসন্ধান করেও কোন সুব্যবস্থা করতে পারেননি তিনি। এই ব্যাপারটির জন্য এই মহান বিজ্ঞানীর মনে দারুণ আফসোস ছিলো।

আমাদের দেশে বিজ্ঞানীদের কাজ প্রধানত শীতাতপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত কক্ষে বড় সেক্রেটারিয়েট টেবিলে বসে ফাইলে দস্তখত করা ও ডেলিগেশনের সদস্য হয়ে বিদেশে যাতায়াত। বিজ্ঞানী খুদার স্বভাব এর সম্পূর্ণ বিপরীত। তাঁর পাড়াপড়শী হিসেবেও যাঁরা তাঁকে দেখেছেন তাঁরা জানেন তাঁর কাজ ছিলো যুগপৎ হাতে-কলমে এবং নিজের লাইব্রেরী ও গবেষণাগারে বসে ধ্যান। স্বাধীনতা-উত্তর-কালে সমাজের ভয়াবহ নৈতিক অধঃপতন ড. খুদাকে ভীষণভাবে আঘাত করেছিলো। লুটতরাজ, ছিনতাই, গুপ্তহত্যা, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা, চোখ উপড়ে ফেলা ইত্যাকার ঘটনা তখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার। নিঃসঙ্গ এই বিজ্ঞানী তখন চাইতেন দেশের শুভ-বুদ্ধিসম্পন্ন সকল মানুষ একসঙ্গে চিৎকার করে উঠে এর প্রতিকার করুক। অবশ্য বিচ্ছিন্নভাবে এর প্রতিবাদ হয়নি তা নয়, কিন্তু হয়নি কোন প্রতিকার। তিনি ৭৫-এর পহেলা জানুয়ারী পত্র-পত্রিকায় বিরতি দিয়ে ঘোষণা করেছিলেন, “পঁচাত্তর হোক শুভবুদ্ধি ও মূল্যবোধ পুনরুদ্ধারের বছর”। একটি শিক্ষিত, সুরুচি ও শুভবুদ্ধিসম্পন্ন সমাজের স্বপ্ন সারাজীবন লালন করে এসেছেন এই মানবতাবাদী বিজ্ঞান-সাধক ও শিক্ষাবিদ।

জীবনের শেষ কয়েকটি বছর আইনস্টাইন বাইরের লোকজনদের সংগে মেলামেশা করতেন না বললেই চলে। তখন তিনি শুধুমাত্র ছোট শিশুদের সংগে মিশতেন। তাঁর সাক্ষাৎকার গ্রহণ করা ছিলো খবর-কাগজের লোকদের সাধ্যের প্রায় বাইরে। মানুষের অপরিমেয় শক্তি ও মহত্বের প্রতি অসামান্য আস্থা ছিলো এই বিজ্ঞানীর, অগাধ মমতা ছিলো এই পৃথিবীর প্রতি কিন্তু হঠাৎ তাঁর সেই আস্থা ও মমতায় আঁচড় পড়ে, শিশুসুলভ সরল এই বৈজ্ঞানিক-দার্শনিক বুঝতে পারলেন, জীবন ও জগৎ সম্পর্কে তিনি নিজে যেভাবে যেমনটি ভাবেন, বস্তুত পৃথিবীর মানুষ তা নয়। হয়তো এর থেকেই তাঁর বুকে অভিমানের শিশির বিন্দু জমতে শুরু করে এবং সেটাই জীবনের শেষ প্রান্তে এসে তাঁর হৃদয়ে ব্যথার শিলাদৃঢ় বরফে রূপান্তরিত হয়েছিলো, তাকে গলানোর সাধ্য ছিলো না কারো। তিনি হয়ে উঠেছিলেন অভিমানী। সে মান আর ভাঙ্গানো যায়নি তাঁর আমৃত্যু। ড. খুদার ব্যাপারেও কি এ কথা খাটে।

আমাদের মূর্খ মাটি, এখানে জ্ঞান-বৃক্ষ কালে ভদ্রে জন্মে, কিন্তু সেখানেও শুধু ড. খুদা নন আরো অনেক কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক, সমাজসেবী যাঁরা বার্ধক্যে পৌঁছেছেন তাঁদের কেউ কেউ আজকাল এক ধরনের শীতল অবজ্ঞার শিকার। সমাজ অকারণে তাঁদের প্রতি কার্পণ্য করছে, কিন্তু এতে তাঁদের নিজেদের ক্ষতি সামান্যই, সমাজের ক্ষতি অপূরণীয়। গুতোগুতি করে, ঠেলাঠেলি করে সামনে এসে নিজেকে প্রদর্শিত করা তরুণদের মানায় প্রবীণদের নয়, প্রবীণদের উপযুক্ত মর্যাদায় উচ্চাসন দেয়া আমাদের শিখতে হবে, তাঁদের অভিজ্ঞতা যত বেশী কাজে লাগানো যাবে আমাদের অগ্রযাত্রা তত ত্বরান্বিত হবে।


আরো দেখুন

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদার সংক্ষিপ্ত জীবনী

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

ড. কুদরাত-এ-খুদার স্মৃতিকথা: সমাজ ও সময়ের বিস্মৃত দলিল

bottom of page