ড. কুদরাত- এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়
ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদার সংক্ষিপ্ত জীবনী
মুহাম্মাদ কুদরাত-এ-খুদা ১৯০০ খ্রিষ্টাব্দের ৮ মে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার সীমানায় অবস্থিত মৌ গ্রামে। তার আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় মাড়গ্রামের মক্তবে। এরপর তিনি পাঠশালা, মাড়গ্রাম এম.ই. স্কুল, কলকাতার উডবার্ন এম.ই. স্কুল এবং সর্বশেষ কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। ১৯২৪ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকেই রসায়নশাস্ত্রে এম.এসসি. পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। পরে সরকারি বৃত্তি নিয়ে ১৯২৯ খ্রিষ্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি. ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন সমগ্র উপমহাদেশে এই ডিগ্রি অর্জনকারী অষ্টম ব্যক্তি এবং মুসলমানদের মধ্যে প্রথম। এই লেখায় তার জীবনের ওপর আলো ফেলার চেষ্টা করা হয়েছে।
লিখেছেন:
সালমন সালমা
প্রকাশিত:
৯ নভেম্বর, ২০২৬

মুহাম্মাদ কুদরাত-এ-খুদা ১৯০০ খ্রিষ্টাব্দের ৮ মে, বাংলা ১৩০৭ সালের ২৬ বৈশাখ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাড়গ্রামে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পিতামাতার ছয় সন ্তানের মধ্যে দ্বিতীয়। তাঁর পৈতৃক নিবাস ছিল মুর্শিদাবাদ ও বর্ধমান জেলার সীমানায় অবস্থিত মৌ গ্রামে। তাঁর পিতার নাম সৈয়দ শাহ সুফি খন্দকার আবদুল মুকিত এবং মায়ের নাম সৈয়দা ফাসিয়া খাতুন। তাঁর পিতা সৈয়দ শাহ সুফি খন্দকার আবদুল মুকিত উনিশ শতকের শেষ দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. ডিগ্রি অর্জন করলেও ব্রিটিশ সরকারের অধীনে তৎকালীন সময়ে সহজলভ্য চাকরিতে যোগ না দিয়ে ধর্মীয় কর্মকাণ্ডে মনোনিবেশ করেন।

মুহাম্মাদ কুদরাত-এ-খুদার আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় মাড়গ্রামের মক্তবে। এরপর তিনি পাঠশালা, মাড়গ্রাম এম.ই. স্কুল, কলকাতার উডবার্ন এম.ই. স্কুল এবং স র্বশেষ কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। আলিয়া মাদ্রাসার এংলো-পার্শিয়ান বিভাগ থেকে মেধাতালিকায় প্রথম দশ জনের মধ্যে থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। স্কুলজীবনে তিনি বরাবরই শ্রেণিতে প্রথম স্থান অধিকার করতেন। মাড়গ্রাম এম.ই. স্কুলে পরপর দুই বছর ডাবল প্রমোশনও পেয়েছিলেন।
এরপর শুরু হয় প্রেসিডেন্সি কলেজের শিক্ষাজীবন। সেখানে তিনি টানা ছয় বছর অধ্যয়ন করেন। ১৯২৪ সালে কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকেই রসায়নশাস্ত্রে এম.এসসি. পরীক্ষায় স্বর্ণপদকসহ প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। পরে সরকারি বৃত্তি নিয়ে ১৯২৯ খ্রিষ্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি. ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন সমগ্র উপমহাদেশে এই ডিগ্রি অর্জনকারী অষ্টম ব্যক্তি এবং মুসলমানদের মধ্যে প্রথম। লন্ডনে পড়াশোনা ও গবেষণার সময় তিনি ডি.আই.সি. ডিগ্রিও অর্জন করেন।

লন্ডনে গবেষণাকালে কুদরাত-এ-খুদা তাঁর গবেষণা-তত্ত্বাবধায়ক অধ্যাপক জে. আই. থর্পের কাছ থেকে তেমন সহযোগিতা পাওয়ার সুযোগ পাননি। তবে তাঁর কর্মপ্রচেষ্টা ও গবেষণার গুণগত মানে সন্তুষ্ট হয়ে অধ্যাপক থর্প গবেষণাকর্মের মাত্র দুই-তৃতীয়াংশ সম্পন্ন হওয়ার পরই তাঁকে ডি.এসসি. ডিগ্রি প্রদানের সুপারিশ করেন। বাকি এক-তৃতীয়াংশ গবেষণাকর্ম সম্পন্ন করার জন্য তিনি দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজে পুনরায় গবেষণায় নিয়োজিত হন। পরবর্তী সময়ে সেই গবেষণাকর্ম জমা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দুর্লভ প্রেমচাঁদ-রায়চাঁদ স্কলারশিপ অর্জন করেন। মুসলমান শিক্ষার্থীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন। এ ছাড়া তিনি সোয়াট (Sowat) স্বর্ণপদকও অর্জন করেন।
তিনি ছিলেন স্বল্পভাষী, দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী এবং বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী একজন মানুষ। ডি.এসসি. ডিগ্রি অর্জনের পর ইংল্যান্ড থেকে দেশে ফিরে তাঁকে দুই বছর বেকার জীবন কাটাতে হয়। অবশেষে ১৯৩১ খ্রিষ্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ১৯৩৬ সালে তিনি একই কলেজের রসায়ন বিভাগের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত তৎকালীন ইসলামিয়া কলেজের (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) অধ্যক্ষের পদ অলংকৃত করেন। ১৯৪৬ সালে তাঁকে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ নিযুক্ত করা হয়।
দেশ বিভাগের পর অপশন দিয়ে পূর্ব পাকিস্তানে চলে এলে ১৯৪৭ সালে তিনি পাকিস্তানের প্রথম ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন (ডি.পি.আই.) পদে নিযুক্ত হন। ১৯৪৯ সালে পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ১৯৫৩-৫৪ সালে তিনি ঢাকা সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এরপর কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মনোনীত হন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৯৫৫ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি পিসিএসআইআর-এর পূর্বাঞ্চলীয় গবেষণাগার, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর উদ্যোগ ও নেতৃত্বে সে সময় চট্টগ্রাম ও রাঙামাটিতে তৎকালীন পি.সি.এস.আই.আর.-এর দুটি গবেষণাগার স্থাপিত হয়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ড. খুদা জাতীয় শিক্ষা কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর আমৃত্যু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত ছিলেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিজ্ঞান সংস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, লন্ডনের কেমিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি এবং পাকিস্তান একাডেমি অব সায়েন্সের ফেলো ছিলেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
কুদরাত-এ-খুদা লন্ডনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি জ সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। তিনি পাকিস্তান একাডেমি অব সায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হন। ১৯৪৯ সালে পাকিস্তান বিজ্ঞান উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট এবং ১৯৫২ সালে ওই সমিতির জেনারেল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ড. খুদা। তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের শাসনামলে গবেষণাকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. খুদাকে তমঘা-ই-পাকিস্তান ও সিতারা-ই-ইমতিয়াজ খেতাবে ভূষিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে তাঁকে একুশে পদক প্রদান করে। পরবর্তী সময়ে বিজ্ঞান ও প ্রযুক্তিক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে তাঁকে স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর) ভূষিত করা হয়। ১৯৭৯ সালে চট্টগ্রাম বিজ্ঞান পরিষদ ড. কুদরাত-এ-খুদার নামে একটি স্বর্ণপদক প্রবর্তন করে।
পশ্চিমবঙ্গে ড. খুদার মাড়গ্রামের পৈতৃক বাসভিটায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় ‘ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা গ্রামীণ বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র ও সংগ্রহশালা’। এছাড়া বীরভূমের রামপুরহাট থেকে মাড়গ্রাম পর্যন্ত সড়কটি তাঁর নামে ‘ড. কুদরাত-এ-খুদা সড়ক’ নামকরণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ২০০২ সালের ১লা ও ২রা এপ্রিল বীরভূম জেলার মাড়গ্রামে ড. খুদার নিজ বাড়িতে তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিসিএসআইআর-এর যৌথ উদ্যোগে ২০০০ সালের ৮মে বিসিএসআইআর, ঢাকায় জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিসিএসআইআর ২০০০ সাল থেকে ড. খুদার নামে একটি পুরস্কার ও একটি পোস্টডক্টরাল ফেলোশিপ প্রবর্তন করেছে। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই কৃতী বিজ্ঞানীর প্রতি সম্মান জানিয়ে ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের নাম পরিবর্তন করে ‘ড. কুদরাত-এ-খুদা সড়ক’ নামকরণ করেন।
বাংলাদেশে বৈজ্ঞানিক গবেষণায় ড. খুদা ছিলেন পথিকৃৎ। জৈব রসায়নে স্ট্রেইন হাইপোথিসিসের পরিবর্তন নিয়ে তাঁর গবেষণা কিটো-সাইক্লল টটোমারিজমের প্রচলিত ধারণায় নতুন দিগন্তের সূচনা করে। স্ট্রেইনলেস মনোসাইক্লিক রিংয়ের অস্তিত্ব সম্পর্কে তিনিই প্রথম পরীক্ষালব্ধ বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন করেন। স্টেরিও-আইসোমেরিক ক্যাম্ফরিক অ্যাসিডের এস্টার নিয়ে তাঁর গবেষণা ক্যাম্ফরিক অ্যাসিডের রসায়নে এক নতুন মাইলফলক স্থাপন করে। এসব গবেষণার ফলাফল বর্তমানে জৈব রসায়নের পাঠ্যপুস্তকে কনফরমেশন-সংক্রান্ত ধারণার ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
ড. কুদরাত-এ-খুদা যেসব গবেষণার ফলাফলের জন্য পেটেন্ট লাভ করেছিলেন, সেগুলোর মধ্যে পাট-সংক্রান্ত গবেষণার উল্লেখযোগ্য স্থান রয়েছে। এসব গবেষণার মধ্যে ছিল পাট থেকে বয়নযোগ্য সুতা তৈরি, পাটবীজ থেকে তেল নিষ্কাশন, স্ট্রোফানথিন ও র্যাফিনোজ নিষ্কাশন, পাটের অপজাত পদার্থ থেকে রেয়ন তৈরি, পাটকাঠি থেকে বোর্ড (পারটেক্স) ও কাগজের মণ্ড প্রস্তুত ইত্যাদি। এ ছাড়া চিটাগুড় ও তালের গুড় থেকে সুক্রোজ, ভিনেগার ও ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের পদ্ধতি নিয়েও তিনি পেটেন্ট লাভ করেন। অ্যাজোবেনজিন থেকে নাইট্রোবেনজিন এবং প্রাকৃতিক গ্যাস থেকে অ্যারোমেটিক রাসায়নিক ও অলিফিন তৈরির পদ্ধতির পেটেন্টও তাঁর উল্লেখযোগ্য উদ্ভাবনের অন্তর্ভুক্ত। তুলসী, বিষকাঁটালী, গুলঞ্চ, সিনকোনা, কালমেঘ, তেলাকুচা ও নাটাকরঞ্জের মতো ঔষধি গুণসম্পন্ন লতাগুল্ম নিয়েও তিনি গবেষণা করেন। এ ছাড়া মৃত্তিকা, লবণ ও বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে তাঁর গবেষণা ছিল।
ড. খুদা দেশ-বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে শতাধিক গবেষণা-প্রবন্ধ প্রকাশ করেন। তাঁর উদ্ভাবিত পেটেন্টের সংখ্যা ১১টিরও বেশি। বিশ শতকের ত্রিশের দশক থেকেই তিনি মাতৃভাষায় বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানশিক্ষার প্রসারে মনোনিবেশ করেন। জনপ্রিয় বিজ্ঞান, রসায়নশাস্ত্র, পাটিগণিত ও সাহিত্য সংকলনসহ বিভিন্ন বিষয়ে তিনি পাঠ্যপুস্তক রচনা শুরু করেন। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তিনি একদিকে স্কুলপর্যায়ের পাঠ্যবই লিখেছেন, অন্যদিকে ইংরেজি ও বাংলা ভাষায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী পাঠ্যপুস্তক রচনা করেছেন। পাশাপাশি নিম্নশ্রেণির শিক্ষার্থীদের জন্য সাহিত্য সংকলন এবং অসংখ্য জনপ্রিয় বিজ্ঞানবিষয়ক প্রবন্ধও লিখেছেন।
জীবদ্দশায় তাঁর রচিত ২৯টিরও বেশি পুস্তক প্রকাশিত হয়। তাঁর রচিত ‘বিজ্ঞানের বিচিত্র কাহিনী’ বইটির প্রায় এক ডজন সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি হিন্দি, উর্দু ও অহমিয়া ভাষায় অনুদিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পদার্থবিদ্যা, জীববিদ্যা ও রসায়নের ১৯ খণ্ড এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রসায়নের ১৭ খণ্ড পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপিও তিনি লিখে গেছেন। উল্লেখ্য, তাঁর অনুদিত পূর্ণাঙ্গ আল-কুরআনও সম্প্রতি প্রকাশিত হয়েছে।
ড. খুদা Scientific Researches (A Quarterly Journal) নামে একটি বৈজ্ঞানিক সাময়িকী প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে Bangladesh Journal of Scientific and Industrial Research নামে প্রকাশিত হচ্ছে। পাশাপাশি ষাটের দশকে বড়দের জন্য ‘পুরোগামী বিজ্ঞান’ এবং ছোটদের জন্য ‘বিজ্ঞানের জয়যাত্রা’ নামে দুটি জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী প্রতিষ্ঠা করেন। এই বৈজ্ঞানিক জার্নাল ও সাময়িকী দুটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) থেকে এখনো প্রকাশিত হয়ে আসছে।
বিজ্ঞানচর্চা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা ড. কুদরাত-এ-খুদা ছিলেন একজন কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং বিসিএসআইআর-এর অন্যতম রূপকার এবং বাংলাদেশে মাতৃভাষায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ। ১৯৭৭ সালের ৪ঠা অক্টোবর অসুস্থতার কারণে পিজি হাসপাতালে ভর্তি করা হয় এবং ৩ নভেম্বর ডায়বেটিক ও ক্যান্সারে ভুগে ৭৭ বছর বয়সে এই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় দৈনিকগুলোতে তাঁকে স্মরণ করে সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক শোকবার্তায় বলেন, “ড. খুদার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। বিজ্ঞান সমীক্ষা ও গবেষণায় তাঁর অবদান ভূয়সী প্রশংসার দাবি রাখে।”

জাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন এক সাক্ষাৎকারে ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদা সম্পর্কে বলেছিলেন, “প্রতিভা ও কর্মতৎপরতার দিক দিয়ে তিনি সবার ঊর্ধ্বে। তাঁর কোনো জুড়ি হয় না। আমি মনে করি, সরকার তাঁর সঠিক মূল্যায়ন করেনি। আমার মতে, তিনিই প্রথম জাতীয় অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। আমি নিজেকে কখনোই তাঁর চেয়ে বড় মনে করি না।”


