top of page

ড. কুদরাত-এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়

বিজ্ঞান ও ধর্মের মেলবন্ধন: কুদরত-ই-খুদার কুরআন পাঠ

একজন বিজ্ঞানী যখন ধর্মগ্রন্থ পড়েন, তখন ধর্মগ্রন্থ তাঁর কাছে কেবল নৈতিক নির্দেশনার পুস্তক হয়ে থাকে না। সেখানে যুক্ত হয় যুক্তি, জ্ঞান, পর্যবেক্ষণ এবং নিজের সময়ের বৈজ্ঞানিক উপলব্ধি। বিশ শতকের বাঙালি বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার কোরানের অনুবাদ ও ব্যাখ্যার উদ্যোগ এই বুদ্ধিবৃত্তিক প্রবণতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মুসলিম সমাজের স্থবিরতা, মাতৃভাষায় জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা এবং আধুনিকতার সঙ্গে ইসলামের সম্পর্ক নিয়ে তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার কোরান পাঠ ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিক অনুসন্ধান ও বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক সম্পর্ক পুনর্বিবেচনার তাৎপর্যপূর্ণ প্রয়াস।

লিখেছেন:

আহমেদ দীন রুমি

প্রকাশিত:

৯ নভেম্বর, ২০২৬

আহমেদ দীন রুমি
​

একজন বিজ্ঞানী যখন ধর্মগ্রন্থ পড়েন, তখন ধর্মগ্রন্থ তার কাছে কেবল নৈতিক পুস্তক আকারে থাকে না। বোঝাপড়ায় যুক্ত হয় যুক্তি, জ্ঞান এবং নিজের সময়ের বৈজ্ঞানিক উপলব্ধি। অন্য ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিলে তো কথাই নেই। বিশেষত করে ধর্মগ্রন্থের জায়গাটায় যখন কোরান থাকে, তখন প্রসঙ্গটি ব্যাপক। কারণ কোরান মুসলমানের কাছে শাশ্বত সত্যের উৎস। অন্যদিকে বিজ্ঞান প্রতিনিয়ত নতুন তথ্য, পর্যবেক্ষণ ও আবিষ্কারের মধ্য দিয়ে নিজের জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করে। এই দুই জগতের মধ্যে সম্পর্ক কীভাবে তৈরি হবে? একটি অপরিবর্তনীয় ধর্মগ্রন্থকে পরিবর্তনশীল বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কীভাবে বোঝা সম্ভব? বিশ শতকের বাঙালি বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা তার কোরান অনুবাদের ভূমিকায় এই প্রশ্নগুলোর মুখোমুখি হয়েছিলেন। অবশ্য বিজ্ঞানী পরিচয়ের বাইরে কুদরাত-এ-খুদা যে একজন কোরন অনুবাদকও; সেটা পণ্ডিতমহলেও সেভাবে পরিচিত না।

রসায়নবিদ ও শিক্ষাবিদ মুহাম্মদ কুদরাত-এ-খুদার জীবন বর্ণাঢ্য। জন্ম আনুমানিক ১৯০০ সালে বীরভূমের মাড়গ্রামে। ১৯২৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান। পরে ১৯২৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৫ সালে পাকিস্তান বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (PCSIR) পূর্বাঞ্চলীয় গবেষণাগার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন। ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত পাকিস্তান একাডেমি অব সায়েন্সেসের সভাপতি ছিলেন। ছিলেন রসায়ন ও প্রযুক্তি গবেষণার পাশাপাশি বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা, মাতৃভাষায় শিক্ষার প্রসার এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক উন্নয়নে তার ভূমিকা অগ্রগণ্য। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৬ সালে একুশে পদক এবং ১৯৮৪ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পান। ১৯৭৭ সালের ৩ নভেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়। বিজ্ঞান, শিক্ষা, স্বজাতি ও সময় তাকে কীভাবে প্রভাবিত করেছিল, তার উৎকৃষ্ট দলিল তার করা কোরানের অনুবাদ।


কুদরাত-এ-খুদা কোরান অনুবাদ করেছেন গত শতকের চল্লিশের দশকে। ভূমিকার নিচে তারিখ দেয়া প্রেসিডেন্সি কলেজ, কলিকাতা, ১৭ই বৈশাখ, ১৩৫২ সন। অর্থাৎ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলতে গেলে শেষ, শেষ হতে চলছে উপনিবেশ পর্বের। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার কাছে কুরআন অনুবাদ নিছক ভাষান্তরের প্রকল্প ভাবলে ভুল হবে। বরং অনুবাদের সঙ্গে যুক্ত ছিল ধর্মীয় জ্ঞানকে নতুনভাবে উপলব্ধি, মুসলমান সমাজের বুদ্ধিবৃত্তিক স্থবিরতা কাটানো এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে ইসলামের সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়াস। মূলত তার চিন্তার কেন্দ্রে ছিলো এই বিশ্বাস, কুরআনের বাণী সব যুগের জন্য সত্য, কিন্তু সেই বাণীকে উপলব্ধি করার মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও ব্যাখ্যা সব যুগে এক রকম থাকতে পারে না।

কুদরাত-এ-খুদার এই অবস্থান তার সময়ের ধর্ম ও আধুনিকতা-বিষয়ক আলোচনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। তিনি একদিকে ধর্মীয় সত্যের শাশ্বততায় আস্থা রাখছেন, অন্যদিকে সেই সত্যের ব্যাখ্যায় আধুনিক জ্ঞান ও বৈজ্ঞানিক অনুসন্ধানকে অপরিহার্য মনে করছেন। ফলে তার কুরআন পাঠে তৈরি হয়েছে বিশ্বাস ও যুক্তি, ঐতিহ্য ও আধুনিকতা, ধর্ম ও বিজ্ঞানের মধ্যে সমন্বয় সম্ভাবনা।

শাশ্বত সত্য, পরিবর্তনশীল ব্যাখ্যা

কুদরাত-এ-খুদার ধর্মচিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত ধর্মীয় সত্য ও তার ঐতিহাসিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য তৈরি করা। ভূমিকার শুরুতেই তিনি মনে করিয়ে দেন, ‘কুরআনের বাণী প্রচারিত হয়েছিল এমন এক যুগে, যখন মানবের শিক্ষা ও সংস্কৃতি বর্তমান স্তর পর্যন্ত পৌঁছায় নাই, তথাপি উহা শাশ্বতকালের জন্য সত্য বলিয়া নির্ধারিত হইয়াছে। যে প্রেরিত পুরুষ এই বাণী প্রচার করেছেন, তিনি প্রায় সাড়ে তেরোশো বছর আগের মানুষ (বইয়ের ভাষায় ‘সার্দ্ধ ত্রয়োদশ শতাব্দী পূর্বে’)’। তার যুক্তি, কুরআনের সত্য যদি কেবল একটি নির্দিষ্ট যুগের বাস্তবতায় আবদ্ধ থাকত, তাহলে তাকে শাশ্বত সত্য বলা সম্ভব হতো না। মুসলমান সম্পর্কে তার বক্তব্যও লক্ষণীয়: মুসলিম ‘কেবল মনে করেন বলিলে সঠিক বলা হইবে না, তিনি অন্তর দিয়া বিশ্বাস করেন যে, কুরআনের বাণী চিরন্তন’। অর্থাৎ বিশ্বাসের জায়গায় তিনি কোনো আপস চাইছেন না।

কিন্তু এখানেই তিনি একটি গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করেন। সময়ের সঙ্গে মানুষের চিন্তা, জ্ঞান ও কর্মক্ষেত্র পরিবর্তিত হয়। তার ভাষায়, ‘সময় যেমন অগ্রসর হচ্ছে, মানবের কার্যকলাপের সঙ্গে তাহার চিন্তা-ধারাও তেমনি পরিবর্তিত হইয়া চলিয়াছে। ফলে ধর্মগ্রন্থের ব্যাখ্যা যদি তার প্রথম দিকের ব্যাখ্যাকারীদের উপলব্ধির মধ্যেই চিরকাল সীমাবদ্ধ রাখা হয়, তাহলে নতুন জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে তার সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে পড়ে।’ তিনি স্পষ্ট করেই লিখেছেন ‘যদি আদিম যুগের কোনও বাণী এই প্রসারিত চিন্তাধারার সহিত সামঞ্জস্য হইতে না পারে তাহা হইলে তাহা শাশ্বত কালের জন্য উপযোগী বলিয়া ধরিয়া লইতে পারি না। এখানে ‘বাণী’ বলতে তিনি আসলে সেই বাণীর প্রচলিত ব্যাখ্যাকেই বোঝাচ্ছেন, কারণ পরের বাক্যেই সমাধান দেন- যে বাণী চিরন্তন কালের জন্য প্রয়োজন, তাকে বোঝার জন্য "বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্যে নব-নব রূপেও বুঝিতে পারা যাইবে।

কুদরাত-এ-খুদার দাবি, অতীতের মনীষীরা তাদের সময়ের জ্ঞান ও পারিপার্শ্বিক পরিস্থিতির আলোকে কুরআনের ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা তাদের সময়ের জন্য যথার্থ হতে পারে। কিন্তু সেই ব্যাখ্যাকে পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিলে বিপদের সম্ভাবনা সমূহ। তাই তার সিদ্ধান্ত, চির-সত্য কোরানের বাণীকে ‘পরিবর্তিত চিন্তা ধারার মধ্যে নূতনরূপে বুঝিবার সময় আসিয়াছে’। শেষে সরাসরি দাবি রাখেন, ‘কুরআনের অমৃত কথা'র পূর্ণতর, প্রকৃষ্টতর ও সুন্দরতম স্বাভাবিক ব্যাখ্যা প্রয়োজন’।

এখানে কুদরাত-এ-খুদা একটি তাৎপর্যপূর্ণ কথা বলেন। কোনো ব্যাখ্যা যদি নতুন যুগের পরীক্ষিত সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে তাকে চিরন্তন সত্য বলে প্রচার করা কঠিন। একই কথা আরও কঠোর ভাষায় আসে, ‘পরীক্ষিত সত্যের সহিত যে সমস্ত কল্পিত বাণীর মিলন ঘটিবে না তাহাকে ত্যাগ করাই বাঞ্ছনীয়’। তার কাছে অতীতের ব্যাখ্যার প্রতি অন্ধ আনুগত্য ধর্মের প্রতি বিশ্বস্ততার সমার্থক নয়।

এই অবস্থান ধর্মীয় জ্ঞানের একটি গতিশীল ধারণার দিকে ইঙ্গিত করে। এখানে ধর্মগ্রন্থ অপরিবর্তনীয়, কিন্তু তাকে বোঝার প্রক্রিয়া পরিবর্তনশীল। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট। তিনি ধর্মীয় সত্যের স্থায়িত্ব অস্বীকার করছেন না; বরং সেই সত্যকে উপলব্ধি করার মানুষের সক্ষমতার ঐতিহাসিক সীমাবদ্ধতার কথা বলছেন। তিনি এ-ও মেনে নেন, ‘যে তত্ত্বকথা আমরা পাইয়াছি, হয়তো তাহার পূর্ণ ব্যাখ্যা এখনও সম্ভব হয় নাই’ (পৃষ্ঠা-২৩)। অর্থাৎ নিজের সময়ের ব্যাখ্যাকেও তিনি শেষ কথা বলছেন না।

বিজ্ঞান যখন কুরআন পাঠের সহায়ক

কুদরাত-এ-খুদার কাছে বিজ্ঞান নিছক জাগতিক উন্নতির মাধ্যম নয়; ধর্মীয় সত্য উপলব্ধির ক্ষেত্রেও এর তাসির রয়েছে। তিনি বারবার বৈজ্ঞানিক পর্যবেক্ষণের কথা এনেছেন। তার আলাপ, কোরানে ‘পর্যবেক্ষণ দ্বারা বিশিষ্ট জ্ঞান আহরণের প্রতি বহু স্থানে নির্দেশ রহিয়াছে’, এবং প্রাথমিক যুগের মুসলিমরা ‘বিজ্ঞান সাধনার প্রেরণা বোধ হয় এই সকল বাণী হইতেই পাইয়াছিলেন’। অর্থাৎ বিজ্ঞানচর্চা তার চোখে ধর্মের বাইরের জিনিস নয়, ধর্মেরই নির্দেশিত পথ।

এই প্রসঙ্গে তিনি কুরআনের সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্বের গঠন, পৃথিবীর উৎপত্তি, জীবনের বিকাশ এবং মানবদেহের উপাদান নিয়ে আলোচনা করেছেন। তার মতে, কুরআনের বক্তব্যকে যথাযথভাবে বুঝতে হলে প্রকৃতি সম্পর্কে মানুষের অর্জিত জ্ঞানকে বিবেচনায় নিতে হবে। কারণ মানুষের জ্ঞান যত প্রসারিত হবে, তত তৈরি হবে ধর্মগ্রন্থের বক্তব্য উপলব্ধি করার নতুন সুযোগ।

এখানে একটি মৌলিক অবস্থান লক্ষণীয়। কোনো আয়াতের প্রচলিত ব্যাখ্যা যদি পরীক্ষিত বৈজ্ঞানিক সত্যের সঙ্গে মেলে না, তাহলে সেই ব্যাখ্যাকে পুনর্বিবেচনা করা উচিত। তিনি এ নিয়ে সবচেয়ে স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘যাহা পরীক্ষিত সত্য তাহাকে ত্যাগ করাও যায় না, তাহাকে উপহাস করিলেও সত্যের অপলাপ ঘটিবে’ (পৃষ্ঠা ২৬)’। তার ঐতিহাসিক উদাহরণও সেখানেই আছে। মুসলিম সুধীবর্গ বিজ্ঞানের তথ্য বুঝতে না পেরে তদানীন্তন কালের পরীক্ষিত বৈজ্ঞানিক সত্যকে ‘ইসলাম বিরুদ্ধ বলিয়া উপহাস’ করেছিলেন। এখন বুঝে দেখা দরকার যে এর পরিণতি হয় উল্টো। কেননা তাহলে সিদ্ধান্ত হবে ‘ঐ ধর্ম শাশ্বত কালের নহে, উহা কোনও বিশিষ্ট যুগের ধর্ম ছিল (পৃষ্ঠা ২৬)’। অর্থাৎ বিজ্ঞানকে অস্বীকার করা তার কাছে ধর্মের পক্ষে ক্ষতিকর, ধর্মরক্ষা নয়। তিনি এমনকি আশা করেন, ‘বৈজ্ঞানিক যুগে এই জন্যই ধর্মের নূতন প্রকাশ আমরা আশা করিতে পারি’ (পৃষ্ঠা ২৩)।

কুদরাত-এ-খুদার এই অবস্থান ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ককে বিরোধের পরিবর্তে সমঝোতার জায়গায় নিয়ে আসে। তিনি দাবি করেন, ‘ইসলামের শাশ্বত কালের দাবি সত্য করিতে হইলে, আমাদিগের কর্তব্য তাহাকে বিভিন্ন পরীক্ষিত সত্যের সহিত মিলাইয়া সত্য বলিয়া প্রমাণ করা। এ বাক্যে বিজ্ঞান ও ধর্ম প্রতিপক্ষ নয়। কারণ উভয়ই একই সৃষ্টিজগতের বাস্তবতা নিয়ে কথা বলে। বিজ্ঞান প্রকৃতির নিয়ম ও কার্যকারণ অনুসন্ধান করে, আর ধর্ম সেই সৃষ্টিজগতের তাৎপর্য ও মানুষের অবস্থান সম্পর্কে ধারণা দেয়।’

তবে তার বিজ্ঞানচিন্তা কেবল ধর্মের সঙ্গে বিজ্ঞানের সামঞ্জস্য প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি জ্ঞানার্জনকে সরাসরি ধর্মীয় কর্তব্য বলেছেন। তিনি লিখেছেন, জ্ঞান ‘ধর্ম বিষয়ক হউক, ... কৃষ্টি বিষয়ক হউক, অথবা শক্তি বিষয়ক হউক, রাষ্ট্র বিষয়ক হউক, পদার্থ বিষয়ক হউক, যাহাই হউক না কেন, এই জ্ঞান আহরণ মুসলিমের অবশ্য কর্তব্য।’ সেখানে তিনি রাসুলের শিক্ষা হিসেবে একটি বাক্য হাজির করেছেন: ‘জ্ঞান যেখানে পাও তাহা আহরণ কর’। তিনি বলেছেন, ‘আজ এই প্রগতির যুগে সেই কথা ভুলিয়া গেলে অত্যন্ত অন্যায় করা হইবে।’ ধর্মীয় বিশ্বাসের নামে অনুসন্ধান বন্ধ করে দেওয়া তার কাছে গ্রহণযোগ্য নয়।

এই জায়গায় কুদরাত-এ-খুদার বিজ্ঞানমনস্কতা স্পষ্ট হয়ে ওঠে। তার কাছে বিশ্বাস ও অনুসন্ধান পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং বিশ্বাস মানুষকে সৃষ্টিজগত সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করতে পারে। আর সেই চিন্তার বাস্তব পদ্ধতি হলো পর্যবেক্ষণ, পরীক্ষা ও যুক্তিনির্ভর অনুসন্ধান।

সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব ও জীবনের রহস্য

কোরানের অনুবাদে কুদরাত-এ-খুদা সৃষ্টিতত্ত্ব নিয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তার আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে মহাবিশ্বের উৎপত্তি, পৃথিবীর পরিবর্তন, জীবনের উদ্ভব এবং পদার্থের গঠন। এসব বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি কুরআনের বিভিন্ন আয়াতের সঙ্গে আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন।

তিনি সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াত উল্লেখ করে আকাশমণ্ডলী ও পৃথিবীর একসময় সংযুক্ত থাকার এবং পরে পৃথক হওয়ার বক্তব্য সামনে এনেছেন। বইয়ে অনূদিত আয়াতটি এমন, ‘যাহারা বিশ্বাস ত্যাগ করিয়াছে, তাহারা কি দেখে না যে ভূপৃষ্ঠ ও আকাশমণ্ডল পরস্পরের সহিত সংযুক্ত ছিল, পরে আমরাই তাহাদিগকে বিচ্ছিন্ন করিয়াছি’। এ নিয়ে তার প্রশ্ন ও সিদ্ধান্ত, ‘ইহা কি সুস্পষ্টভাবে পৃথিবীর জন্ম-কথার আধুনিকতম কাহিনীই বিবৃত করিতেছে না? নীহারিকাবাদ তাহা হইলে অতি স্পষ্টভাবেই পবিত্র গ্রন্থের বাণীর সহিত সম্পূর্ণরূপে মিলিয়া যাইতেছে’। একইভাবে তিনি পৃথিবীর প্রাথমিক অবস্থা, আগ্নেয় পদার্থের উপস্থিতি, পানি ও জীবনের বিকাশ নিয়েও আলোচনা করেছেন। সৌরজগতের প্রতিটি গ্রহকে তিনি প্রথম অবস্থায় ‘প্রকাণ্ড অগ্নিময় গোলক’ হিসেবে বর্ণনা করেন।

জীবনের উৎপত্তি প্রসঙ্গে তার আলোচনা আরও বিস্তৃত। তিনি লেখেন, ‘আদি মানবকে সৃষ্টি করিবার পূর্বেই সৃষ্টিকর্তার ইচ্ছানুযায়ী আরও বহুতর জীবের সৃষ্টি হইয়াছিল। মানব তাহার শ্রেষ্ঠতম সৃষ্টি, কাজেই উহার সৃষ্টি সম্ভবত সর্বশেষ সম্পাদিত হইয়াছে। এই ‘সম্ভবত’ শব্দটি লক্ষণীয়, কারণ এখানে তিনি ঘোষণা দিচ্ছেন না, অনুমান করছেন। তার আলোচনায় জিন সম্পর্কেও বৈজ্ঞানিক কৌতূহল দেখা যায়। তিনি লিখেছেন, ‘আমরা জিনের স্বরূপ সম্বন্ধে কোথাও কোনও বিবরণ পাই না’। তার প্রশ্ন, ‘অগ্নিময় এই জিন দেহের রূপ প্রকৃতপক্ষে কি?। আমাদের পরিচিত মানবদেহের অনুরূপ কল্পনা কতটা নির্ভরযোগ্য, সে বিষয়ে তার সংশয়ও আছে। তার কথা, ‘উহাদিগকে অন্যবিধ রূপ দেওয়াই প্রয়োজন’। এসব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তিনি নিজের সময়ের জ্ঞানের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন।

মানবদেহের উপাদান নিয়ে তার আলোচনা বিশেষভাবে লক্ষণীয়। তিনি দেখানোর চেষ্টা করেছেন, মানুষের দেহ গঠনে মাটি, পানি, খাদ্য এবং প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন মৌলিক পদার্থের ভূমিকা রয়েছে। তার মতে, ‘আল্লাহর বাণীকে বুঝিতে হইলে বর্তমানের রাসায়নিক তথ্য দ্বারা তাহাকে বুঝা দরকার।’ তার যুক্তির ধাপ এই: খাদ্য আসে মাটি থেকে, রক্ত তৈরি হয় খাদ্য থেকে, আর শেষ পর্যন্ত ‘বিভিন্ন উপায়ে মৃত্তিকার সার পদার্থই আমাদের দেহ গঠনে সাহায্য করিতেছে’। এই ব্যাখ্যায় কোরানের মাটি থেকে মানুষ সৃষ্টির বক্তব্যকে আক্ষরিক অর্থে না দেখে উপাদানগত গঠনের সঙ্গে সম্পর্কিত করে বোঝার চেষ্টা আছে। কুমারের চাকে মাটির পুতুল গড়ে প্রাণ দেওয়ার প্রচলিত চিত্রকল্প সম্পর্কে তিনি সরাসরি বলেন, এমন কথা বললে তাকে ‘পরীক্ষিত সত্যের সহিত মিলাইতে পারা যাইবে না। স্থূল বিশ্বাসকে সূক্ষ্ম তত্ত্ব দিয়ে বোঝার সময় তাকে ‘নানাভাবে পরিমার্জিত করিতে হইবে’।

আসলে কুদরাত-এ-খুদা কোরানের বক্তব্যকে এমনভাবে পাঠ করতে চেয়েছেন, যাতে তা আধুনিক মানুষের উপলব্ধির সঙ্গে যায়। তার কাছে সৃষ্টিজগত সম্পর্কে জ্ঞান অর্জন ধর্মীয় চিন্তার বাইরের কোনো বিষয় নয়। বরং এটা মানুষের স্রষ্টা সম্পর্কে জ্ঞানকেও সমৃদ্ধ করতে পারে। তবে এই প্রচেষ্টার মূল্যায়নে একটি পার্থক্য মনে রাখা জরুরি। কুরআনের কোনো আয়াতের সঙ্গে আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের সাদৃশ্য খুঁজে পাওয়া এবং কুরআনকে আধুনিক বিজ্ঞানের পূর্বঘোষণা হিসেবে প্রতিষ্ঠা করা এক বিষয় নয়। বিজ্ঞানের তত্ত্ব ও ব্যাখ্যা নতুন তথ্যের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। ফলে কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে ধর্মগ্রন্থের একটি ব্যাখ্যাকে চূড়ান্তভাবে যুক্ত করলে ভবিষ্যতে নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কারণে সেই ব্যাখ্যাও প্রশ্নের মুখে পড়তে পারে।

কুদরাত-এ-খুদার চিন্তায় এই দ্বৈততা রয়েছে। একদিকে তিনি ব্যাখ্যার পরিবর্তনশীলতার পক্ষে কথা বলছেন। অন্যদিকে বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্যে কুরআনের বক্তব্যের সত্যতা খুঁজছেন, এবং নীহারিকাবাদের সঙ্গে ‘সম্পূর্ণরূপে’ মিল পেয়ে যাচ্ছেন। এই দুই প্রবণতার মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন কাজ করে। বিজ্ঞান যদি বিচারক হয়, তাহলে বিজ্ঞান বদলালে রায়ও বদলাবে। আবার আয়াতকে একটি নির্দিষ্ট তত্ত্বের সঙ্গে ‘সম্পূর্ণরূপে’ মিলিয়ে দিলে সেই তত্ত্বের পতনের সঙ্গে আয়াতের পাঠও টালমাটাল হয়। তার চিন্তার সমালোচনামূলক পাঠের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ তার প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক শুধু কুরআন ও বিজ্ঞানের মিল খোঁজা নয়; বরং ধর্মীয় ব্যাখ্যাকে নতুন জ্ঞানের মুখোমুখি দাঁড় করানোর সাহস। অবশ্য এর সমাধান তিনি নিজেই দিয়েছেন। তিনি তার ব্যাখ্যাকে শাশ্বত বলেননি। অদূর ভবিষ্যতে নতুন সময়ে নতুনভাবে ব্যাখ্যা করার তরিকাই বাতলে দিয়েছেন শুধু।

মুসলিম সমাজের জ্ঞানচর্চা ও অধঃপতনের প্রশ্ন

কুদরাত-এ-খুদার বিজ্ঞান ও ধর্মবিষয়ক চিন্তা ব্যক্তিগত ধর্মীয় উপলব্ধির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে যুক্ত ছিল মুসলিম সমাজের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক অবস্থার প্রশ্ন। ভূমিকায় তিনি মুসলমানদের অতীত জ্ঞানচর্চা ও বর্তমান বাস্তবতার মধ্যে একটি বৈপরীত্য তুলে ধরেছেন।

তার বক্তব্য অনুযায়ী, ‘ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে বিজ্ঞান ও জ্ঞানানুসন্ধানের প্রবল আগ্রহ ছিল। তদানীন্তন কালের কর্মের প্রচেষ্টা মুসলমানদিগের মধ্যে বহু বৈজ্ঞানিকের আবির্ভাব ঘটাইয়াছিল’। কিন্তু পরবর্তী সময়ে সেই অনুসন্ধিৎসা দুর্বল হয়ে পড়ে। এই অবক্ষয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সরাসরি ধর্মীয় শিক্ষার একটি ধারাকে দায়ী করেছেন। তিনি বলেন ‘এক শ্রেণীর ধর্ম শিক্ষকের প্রভাবের ফলে মুসলিম সমাজ পারমার্থিক চিন্তাকেই ইহজীবনের একমাত্র কর্তব্য বলিয়া গ্রহণ করায়’ তারা উন্নতির উচ্চতম স্তর থেকে ধীরে ধীরে নেমে এসেছে।’

অতীতের গৌরব নিয়ে মুসলিম সমাজের অহংকারের প্রতি তার কঠিন মন্তব্য স্মরণীয়। তার ভাষায়, ‘বর্তমান যুগের মুসলিম তার সেই অতীতের গৌরব গাঁথা গাহিয়া গর্বভরে চলিতে চাহে কিন্তু অতীতের গৌরব তাহার বর্তমানের দীনতাকে ঢাকিতে পারিবে না’। এই বাক্যে সান্ত্বনা নেই, আছে আত্মসমালোচনা। একই আত্মসমালোচনার সুর পরবর্তীতেও পাওয়া যায়, যেখানে তিনি আক্ষেপ করেন, পৃথিবীর জন্মকথার বৈজ্ঞানিক তথ্য নিয়ে ‘মুসলিম সমাজও এই বিষয়ে গবেষণায় রত হন নাই, ফলে এই তথ্য অমুসলমান ইউরোপীয় সমাজই প্রথম প্রচার করেন।’

এখানে কুদরাত-এ-খুদা মুসলিম সমাজের পুনর্জাগরণের জন্য জ্ঞানভিত্তিক কর্মসূচির কথা বলছেন। তার কাছে ইসলামের পুনর্জাগরণ মানে কেবল অতীতের গৌরব স্মরণ করা নয়। ভূমিকার ভাষায়, ‘অতীত গৌরব পুনরায় সে ফিরিয়া পাইবে যদি কুরআনের শিক্ষাকে তাহার পূর্বতন পুরুষের ন্যায়, সে সম্মুখে রাখিয়া, তাহার শিক্ষায় অনুপ্রাণিত হইয়া, কর্মক্ষেত্রে অগ্রসর হয়’। আর সেই পথের প্রথম শর্ত, ‘এই কার্যের জন্য কুরআনের বাণী বুঝিয়া লওয়া প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য’।

ধর্মের কেন্দ্রে মানুষ ও নবী-রাসুলের ভূমিকা

কুদরাত-এ-খুদার ধর্মচিন্তার আরেকটি দিক হলো ধর্মের সার্বজনীনতা এবং মানুষের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের ওপর গুরুত্ব। তার দেয়া ইসলামের সংজ্ঞাতেই এটা স্পষ্ট। তিনি বলেন, ‘এই সর্বব্যাপী মহাশক্তির সম্মুখে আত্মসমর্পণই আমাদের ধর্ম, মানুষের ধর্ম। ইহাতে জাতি বিচার নাই, দেশের সীমা দ্বারা ইহা আবদ্ধ হইবে না, যুগে যুগে বিভিন্ন শিক্ষক আসিয়া এই শিক্ষাই দিয়া গিয়াছেন।’ তিনি আরও সতর্ক করেন, সেই শিক্ষাকে নির্দিষ্ট শিক্ষকদের নামের সঙ্গে জড়িয়ে ‘আমরা আল্লাহকে বিশিষ্ট শ্রেণীর প্রভু বলিয়া প্রচার করিলে নিরতিশয় অন্যায় হইবে’। একই কথা নবীদের প্রসঙ্গে, ‘প্রত্যেক পয়গম্বর ইসলামের বাণীই যুগে যুগে মানবকে শিক্ষা দিয়াছেন।’

নবী-রাসুলদের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি তাদের মানবসমাজের শিক্ষক ও সতর্ককারী হিসেবে উপস্থাপন করেছেন। তার যুক্তি, ‘আদি মানুষ তাহার জ্ঞানরাশি একত্র করিয়া পরবর্তী যুগের লোকদিগের জন্য লিপিবদ্ধ করিবার কৌশল আয়ত্ব করে নাই, ফলে যুগ থেকে যুগান্তরে যাওয়ার সময় মানুষের মন সব শিক্ষা ধরে রাখতে পারেনি। তাই মানুষ যখন প্রধান শিক্ষাগুলো ভুলে অন্যায়ে রত হয়, তখন সতর্ক করার জন্য শিক্ষকের প্রয়োজন হয়। এইরূপ শিক্ষক তাহাদিগের মধ্য হইতেই আবির্ভূত হন এবং ইহারাই প্রেরিত পুরুষ (পৃষ্ঠা- ২৯)।

এই ব্যাখ্যায় ধর্মীয় নবুয়তকে মানবসমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে যুক্ত করা হয়েছে। নবী-রাসুলদের কাজ কেবল ধর্মীয় বিধান প্রচার নয়; বরং মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং উন্নত জীবনযাপনের পথ দেখানো। এর সঙ্গে মিলিয়ে পড়ার মতো তার একটি পর্যবেক্ষণ, ‘পবিত্র কুরআন কোথাও অস্বাভাবিক ব্যাপারের প্রশ্রয় দিয়াছে বলিয়া মনে হয় না’ (পৃষ্ঠা- ২৯)। অর্থাৎ নবুয়তকেও তিনি যথাসম্ভব স্বাভাবিক, ঐতিহাসিক ও সামাজিক কাঠামোর ভেতরে বুঝতে চান।

তিনি আল্লাহকে সৃষ্টিজগতের রক্ষক ও পরিচালনাকারী হিসেবে ব্যাখ্যা করেছেন। তার যুক্তি- সৃষ্টি করলে তার পরিচালনা প্রয়োজন, ‘সৃষ্টিকে সঞ্জীবিত রাখিতে হইবে, সৃষ্টির পরিবর্তন ঘটিতে থাকিবে’, আর এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখা স্রষ্টারই কাজ। এই ধারণা থেকে তিনি মানুষের জীবন ও প্রকৃতির পরিবর্তনকে বৃহত্তর সৃষ্টির ধারাবাহিকতার মধ্যে দেখতে চান।

এখানে ধর্মের একটি মানবকল্যাণমূলক ব্যাখ্যা পাওয়া যায়। ধর্ম মানুষের জীবনের সঙ্গে সম্পর্কহীন কোনো বিমূর্ত বিষয় নয়। বরং মানুষের চিন্তা, নৈতিকতা, কর্ম এবং সামাজিক দায়িত্বের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কুদরাত-এ-খুদার কাছে ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা মানুষের বাস্তব জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বাংলায় কুরআন: জ্ঞানকে পৌঁছে দেয়ার উদ্যোগ

কুদরাত-এ-খুদার কুরআন অনুবাদের প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভাষা। ভূমিকার শুরুর দিকেই তিনি লিখেছেন, বাংলা ভাষায় আরবি কথার ব্যাখ্যা করে তিনি ‘সহজভাবে পবিত্র কুরআনের কথিত কথা, বাংলা ভাষাভাষীর সম্মুখে উপস্থিত করিয়াছি’। মাতৃভাষায় ধর্মচর্চার এই দাবি পরবর্তীতে পাতায় আরও জোরালো। সেখানে তিনি যুক্তি দেন, আল্লাহকে জানতে ও ইবাদত সুষ্ঠুভাবে করতে হলে মানুষকে ‘নিজ ভাষাতেই স্তুতি-গান রচনা করিতে’ হবে। কুরআনের বাণী পূর্ণভাবে হৃদয়ঙ্গম করার জন্য প্রতিটি দেশ ও প্রদেশের ভাষায় এই বাণীর প্রচার প্রয়োজন।

এখানে তার একটি বিশেষ স্বীকারোক্তি রয়েছে। তিনি লিখেছেন, ‘আরবী ভাষায় স্বীয় জ্ঞানের দীনতা হেতু এই ভাষান্তরকার্য কঠিন বলিয়া মনে হইয়াছে, এবং এ কাজে বিভিন্ন ইংরেজী ও উর্দ্দু অনুবাদের সাহায্য লইয়াছি’। পাশাপাশি প্রেসিডেন্সি কলেজের আরবির অধ্যাপক হাফেয আবদুল হাই এম. এ.-র সাহায্যের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন। নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং অন্যের জ্ঞান ও সহযোগিতা গ্রহণ করার এই প্রবণতা তার বুদ্ধিবৃত্তিক সততার পরিচয় বহন করে। তার উদ্দেশ্য ছিল কুরআনের বক্তব্যকে সমকালীন জ্ঞানের সঙ্গে সম্পর্কিত করে পাঠকের সামনে উপস্থাপন করা। এজন্য নিজের ব্যাখ্যার দায়ও তিনি নিজেই গ্রহণ করেছেন: ‘টীকায় যে মত ব্যক্ত হইয়াছে তাহার দায়িত্ব আমার নিজের’। এই বক্তব্য থেকে বোঝা যায়, কুদরাত-এ-খুদার কাছে অনুবাদ একটি বুদ্ধিবৃত্তিক দায়িত্ব। ধর্মীয় জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে কেবল শব্দের অর্থ জানানো যথেষ্ট নয়; তার ব্যাখ্যা ও তাৎপর্যও উপলব্ধি করার সুযোগ তৈরি করতে হয়। অনুবাদ ও টীকাকে আলাদা রাখার এই পদ্ধতি অনেকটা গবেষণাপত্রে তথ্য আর বিশ্লেষণ আলাদা রাখার মতো।

কুদরাত-এ-খুদার প্রকল্পের একটি সামাজিক তাৎপর্যও রয়েছে। বাংলাভাষী মুসলমানের ধর্মীয় জ্ঞানচর্চাকে মাতৃভাষার পরিসরে নিয়ে আসার মধ্য দিয়ে তিনি ধর্মীয় জ্ঞানের প্রবেশাধিকার বিস্তৃত করতে চেয়েছেন। তাঁর কাছে কোরান বোঝার অধিকার কেবল আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা নয়। কুদরাত-এ-খুদার প্রকল্পের বিশেষত্ব হলো, তিনি অনুবাদের সঙ্গে বিজ্ঞান ও আধুনিক জ্ঞানকে যুক্ত করেছেন। ফলে তাঁর অনুবাদ কেবল ধর্মীয় পাঠকের জন্য নয়; বরং আধুনিক শিক্ষায় শিক্ষিত বাংলাভাষী মানুষের কাছেও কোরানের বক্তব্যকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা।

আধুনিকতার মুখোমুখি ধর্ম

কুদরাত-এ-খুদার কুরআন পাঠের সবচেয়ে বড় তাৎপর্য সম্ভবত এখানেই যে, তিনি ধর্মকে আধুনিকতার মুখোমুখি দাঁড় করাতে চেয়েছেন। তাঁর কাছে আধুনিকতা ধর্মীয় বিশ্বাস পরিত্যাগ করার নাম নয়। বরং আধুনিক জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে ধর্মীয় চিন্তাকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ। তিনি লিখেছেন, ‘নূতন যুগের বাণীকে অবহেলা করা অত্যন্ত অন্যায় হইবে’, আর ‘স্বপ্নজাল বুনিয়া বর্তমান সত্যকে প্রত্যাখ্যান করা যাইবে না।’

তাঁর বক্তব্যে বারবার ফিরে আসে একটি ধারণা: মানুষের জ্ঞান ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। আজ যে বিষয় মানুষের কাছে অজানা, ভবিষ্যতে তা নতুন আবিষ্কারের মাধ্যমে স্পষ্ট হতে পারে। তাঁর নিজের ভাষায়, ‘কাল যাহামাত্র কল্পনা ছিল, আজ তাহা পরীক্ষিত সত্যে পরিণত হইতেছে’। ফলে ধর্মীয় ব্যাখ্যাকে এমনভাবে স্থির করে রাখা উচিত নয়, যাতে নতুন জ্ঞানের সঙ্গে তার কোনো সংলাপ সম্ভব না হয়। এই অবস্থান তাঁর সময়ের বাঙালি মুসলিম বুদ্ধিবৃত্তিক পরিসরে বিশেষ তাৎপর্য বহন করে। বিশ শতকের মধ্যভাগে আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও ধর্মীয় পরিচয়ের সম্পর্ক নিয়ে মুসলিম সমাজে নানা ধরনের বিতর্ক চলছিল, আর কুদরাত-এ-খুদার ভূমিকাকে সেই বৃহত্তর বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের অংশ হিসেবে পড়া যায়।

কুদরাত-এ-খুদার এই অবস্থান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। আধুনিক বিজ্ঞান ও জ্ঞানের যুগে ধর্মীয় ঐতিহ্য কীভাবে জীবন্ত থাকতে পারে? কেবল অতীতের ব্যাখ্যা পুনরাবৃত্তি করে, নাকি নতুন বাস্তবতা ও জ্ঞানের সঙ্গে সংলাপ তৈরি করে? তার উত্তর ছিল দ্বিতীয়টির পক্ষে। কোরানের শাশ্বত সত্যকে অক্ষুণ্ণ রেখেই তার ব্যাখ্যার নতুন পথ অনুসন্ধান করতে হবে। এই বিশ্বাস থেকেই তিনি কুরআনের বঙ্গানুবাদে হাত দিয়েছিলেন।

মানচিত্রে তার জায়গা

উনিশ ও বিশ শতকে কুরআন আর আধুনিক বিজ্ঞানের সম্পর্ক নিয়ে মুসলিম বিশ্বে কয়েকটি ধারা তৈরি হয়। ভারতে স্যার সৈয়দ আহমদ খান বলেছিলেন, প্রকৃতি আল্লাহর কাজ আর কুরআন আল্লাহর বাণী, দুটো পরস্পরবিরোধী হতে পারে না। তাই অলৌকিকতার প্রাকৃতিক ব্যাখ্যা তার কাছে অস্বাভাবিক ছিল না। মিশরের মুহাম্মদ আবদুহ যুক্তি ও ওহির সমন্বয় চেয়েছিলেন, তবে কুরআনকে প্রধানত হিদায়াতের গ্রন্থ হিসেবে দেখেছেন, বিজ্ঞানের পাঠ্যবই হিসেবে নয়। তানতাভি জাওহারি বিশাল তাফসিরে আয়াতের পাশে বিজ্ঞানের তথ্য ও ছবি সাজিয়েছেন। মুহাম্মদ ইকবালের দার্শনিক প্রকল্প ছিল ধর্মীয় চিন্তার পুনর্গঠন।


কুদরাত-এ-খুদা এই মানচিত্রে দুই ধারার মাঝখানে বসেন। পদ্ধতির প্রশ্নে তিনি সৈয়দ আহমদ ও আবদুহের কাছাকাছি। বিজ্ঞান এখানে বিচারক, আর ব্যাখ্যা তার সামনে জবাবদিহি করবে। কিন্তু প্রয়োগে তিনি মাঝে মাঝে জাওহারির ধারার দিকে ঝুঁকে পড়েন, কারণ নির্দিষ্ট আয়াতের সঙ্গে নির্দিষ্ট বৈজ্ঞানিক তত্ত্ব মিলিয়ে দেখান।

সুরের প্রশ্নে তিনি পরবর্তী বিজয়-ঘোষণামূলক ধারা থেকে আলাদা। নীহারিকাবাদের সঙ্গে আয়াতের মিলের কথা বলার পরই তিনি আক্ষেপ করেন, এই গবেষণায় মুসলিম সমাজ রত হয়নি। তার ভাষায় ‘ফলে এই তথ্য অমুসলমান ইউরোপীয় সমাজই প্রথম প্রচার করেন।’ এটা গর্বের কথা নয়, লজ্জা ও তাগিদের কথা। তার লক্ষ্য প্রতিপক্ষকে হারানো নয়, নিজের সমাজকে জাগানো। কোরান তার মতে বহু স্থানে ‘পর্যবেক্ষণ দ্বারা বিশিষ্ট জ্ঞান আহরণের’ নির্দেশ দিয়েছে। কিন্তু মুসলিমরা সেই নির্দেশ ফেলে রেখেছে।

শেষ কথা…

নোবেল বিজয়ী আবদুস সালাম কোরান থেকে অনুপ্রাণিত ছিলেন বলে বারবার দাবি করেছেন। পুরস্কার গ্রহণের সময়ও পাঠ করেছেন কোরানের আয়াত। ধর্ম ও বিজ্ঞান তার কাছে ওতোপ্রোতভাবে সম্পর্কিত। বিজ্ঞানী হিসেবে কুদরাত-এ-খুদার উদ্যোগের পেছনেও অনুপ্রেরণা সেদিক থেকে কাছাকাছি। এটা কেবল ধর্মীয় অনুবাদের সীমাবদ্ধ নয়। এটি আধুনিক জ্ঞান, ধর্মীয় বিশ্বাস ও বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক আত্মপরিচয়ের সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান। তার চিন্তার সব ব্যাখ্যা আজকের বৈজ্ঞানিক মানদণ্ডে গ্রহণযোগ্য না-ও হতে পারে। কিন্তু ধর্মীয় সত্যকে নতুন জ্ঞানের মুখোমুখি দাঁড় করানোর যে সাহস তিনি দেখিয়েছিলেন, তার ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করা কঠিন।

কোরানের বাণীকে তিনি শাশ্বত বলে বিশ্বাস করতেন। কিন্তু সেই বাণী উপলব্ধি করার জন্য মানুষের জ্ঞানকে শাশ্বত বলে মনে করেননি। বরং জ্ঞানের প্রসার, বৈজ্ঞানিক অনুসন্ধান ও যুক্তিবোধের বিকাশের মধ্য দিয়ে কুরআনের নতুন তাৎপর্য আবিষ্কারের সম্ভাবনা দেখেছিলেন। এই জায়গাতেই কুদরাত-এ-খুদার কোরান পাঠের স্বাতন্ত্র্য। তার চিহ্ন ছড়িয়ে রয়েছে কোরানের বিভিন্ন আয়াতের দেয়া টীকার ক্ষেত্রে। ভবিষ্যতের গবেষকরা সেই সব আয়াত চিহ্নিত করে তার ইসলাম চিন্তা সম্পর্কে অনেক কিছুই আবিষ্কার করতে পারবে।

আরো দেখুন

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

সুফি ও যোগদর্শনের বোঝাপড়া প্রসঙ্গে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি’র যিয়াউল কুলুব

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

তিলোপার দর্শন ও মহামুদ্রা

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

আল-কিন্দি: ‘প্রথম আরব দার্শনিক’

bottom of page