top of page

বাংলার লাইব্রেরি

ঔপনিবেশিক বাংলায় সরকারি লাইব্রেরী ও বঞ্চিত বাংলাদেশ

​

লিখেছেন:

মোহাম্মদ আবু সাঈদ

প্রকাশিত:

১৬ নভেম্বর, ২০২৬

মোহাম্মদ আবু সাঈদ
​

বাংলায় প্রাক-ঔপনিবেশিক সময়ে কোনো সুলতান, শাহজাদা, উজির বা জমিদার সরকারি অর্থায়নে লাইব্রেরি তৈরি ও পৃষ্ঠপোষকতা করার নজির ইতিহাসে পাওয়া যায় না। সর্বপ্রথম ব্রিটিশ উপনিবেশেই সরকারি অর্থায়নে লাইব্রেরি পরিচালনা করা হয়। ব্রিটিশ আমলে সরকারিভাবে প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রথম লাইব্রেরী— ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরী। ১৮০০ সালে প্রতিষ্ঠিত উক্ত কলেজের লাইব্রেরীকে প্রথম থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। যে কারণে ১৮০৫ সাল পর্যন্ত উক্ত লাইব্রেরীতে ভারতীয় উপমহাদেশে প্রকাশিত শতাধিক ব‌ইয়ের সংগ্রহশালায় পরিণত হয়। সে-সময়েই লাইব্রেরিতে চারজন কর্মচারী নিযুক্ত ছিলেন: ভারতীয় উপমহাদেশে প্রকাশিত ব‌ইয়ের জন্য একজন স্থানীয় গ্রন্থাগার, টিপু সুলতানের সংগ্রহে থাকা ব‌ইয়ের ক্যাটালগ তৈরি ও রক্ষণাবেক্ষণের জন্য দুইজন স্থানীয় গ্রন্থাগার এবং পাশ্চাত্যের ব‌ইয়ের ক্যাটালগ ও রক্ষণাবেক্ষণের জন্য একজন ইংরেজ গ্রন্থাগার। ১৮০৬ সালে জর্জ হিলারো যখন ফোর্ট উইলিয়ামের গভর্নর নিযুক্ত হন তখন তিনি লাইব্রেরির সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন। 

প্রশ্ন হলো, টিপু সুলতানের লাইব্রেরী থেকে সংগৃহীত ব‌ইয়ের জন্য কেন দুইজন কর্মচারী নিযুক্ত করা হলো? উত্তরটা বেশ লম্বা। ১৭৯৯ সালে ইংরেজদের সঙ্গে লড়াইয়ে টিপু সুলতানের পরাজয়ের পর তাঁর লাইব্রেরী দখল করে ব্রিটিশ প্রশাসন। লাইব্রেরীর ব‌ইপত্র কি ইংল্যান্ডে নেয়া হবে না ইন্ডিয়ান সরকারের আওতায় থাকবে তা নিয়ে বেশ কয়েক বছর আলাপ আলোচনা হয়। এর মধ্যে টিপু সুলতানের লাইব্রেরীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অংশটি স্থানান্তর করা হয় ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরীতে। এই সংগ্রহ এত বড় ছিল যে, দুইজন কর্মচারী নিয়োগ করা হয় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য। এই সংগ্রহের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ফোর্ট উইলিয়ামের ফার্সি ডিপার্টমেন্টের জুনিয়র প্রফেসর ক্যাপ্টেন চার্লস স্টুয়ার্ট একটি পূর্ণাঙ্গ ও বিশদ ক্যাটালগ তৈরি করেন এবং ১৮০৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উক্ত ক্যাটালগে দেখা যায়, আরবি ও ফারসি ভাষায় রচিত ইতিহাসের ১১৮টি, তাসাউফের ১১৫টি, নীতিশাস্ত্রের ২৪টি, কবিতার ১৯০টি, পৌরাণিক কাহিনীর ১৮টি, চিঠিপত্রের ৫৩টি, শিল্প-সাহিত্য ও বিজ্ঞানের ১৯টি, গণিতশাস্ত্রের ০৭টি, জ্যোতির্বিদ্যার ২০টি, পদার্থবিজ্ঞানের ৬২টি, ভাষাবিজ্ঞানের ৪৫টি, অভিধানের ২৯টি, খোদাতত্ত্বের ৪৬টি, আইনের ৯৫টি, ঐতিহাসিক ব্যক্তিদের ৪৬টি, বিভিন্ন কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণের ৪১টি, দোয়া মুনাজাতের ৩৫টি, দর্শনের ৫৪টি এবং কুরআন শরীফ ছিল ৪৪টি। 

১৮১৮ সালে প্রকাশিত ক্যাটালগ অনুযায়ী, তখনো পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরীতে ছাপা ব‌ই ছিল ৮৩৪১টি এবং পাণ্ডুলিপির সংখ্যা ছিল ৬৫৬০টি। তৎকালীন সময়ে পৃথিবীর অন্য যে কোনো লাইব্রেরীর চেয়ে এই লাইব্রেরী ছিল অত্যন্ত সমৃদ্ধ, বিশেষত পাণ্ডুলিপি সংগ্রহের দিক থেকে। 

১৮৩১ সালে কলেজটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এই সিদ্ধান্তের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠে লাইব্রেরী নিয়ে। ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় সবচেয়ে সমৃদ্ধ এই লাইব্রেরীর ব‌ইগুলো কোথায় স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ হবে তা নিয়ে বিভিন্ন স্তরের ইংরেজ আমলাদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব। দ্বন্দ্বের নিরসন হয় মোটামুটি শান্তভাবেই। ১৮৩৫ সালে স্থাপিত কলিকাতা পাবলিক লাইব্রেরীতে পাঠানো হয় ইউরোপিয়ান কালেকশন। ১৮৩৬ সালে ভারতীয় উপমহাদেশে প্রচলিত ভাষার সকল পাণ্ডুলিপি স্থানান্তর করা হয় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের লাইব্রেরীতে; এর মধ্যে মুসলমান রচিত পাণ্ডুলিপি ছিল ২৬৮১ ও হিন্দু রচিত ১১৩১টি। বলাই বাহুল্য, কলকাতার এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের লাইব্রেরীতে পাণ্ডুলিপির যে সংগ্রহ তা মূলত ফোর্ট উইলিয়াম কলেজের‌ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 


ফোর্ট উইলিয়াম কলেজ। ছবি: রিসার্চগেট
ফোর্ট উইলিয়াম কলেজ। ছবি: রিসার্চগেট

ফোর্ট উইলিয়াম কলেজে যে-সকল বাংলা ব‌ই ছিল সেগুলোর দ্বিতীয় কপি যায় ভার্নাকুলার লিটারেচার সোসাইটির লাইব্রেরীতে, ১৮৫৪ সালে।‌ কলিকাতা পাবলিক লাইব্রেরী, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল ও ভার্নাকুলার লিটারেচার সোসাইটির লাইব্রেরীতে ব‌ই স্থানান্তরের পর‌ও ১২ হাজার ব‌ই থেকে যায় ফোর্ট উইলিয়ামে। এই ব‌ইগুলোর বড় অংশ যায় ইম্পিরিয়াল মিউজিয়াম বা কলিকাতা মিউজিয়ামে এবং কলিকাতা পাবলিক লাইব্রেরীতে। অর্থাৎ ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন ভারতের সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরী ফোর্ট উইলিয়াম কলেজ লাইব্রেরীর ব‌ই দিয়ে সমৃদ্ধ হয় ৪টি প্রতিষ্ঠান— কলিকাতা পাবলিক লাইব্রেরী, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল, ইম্পিরিয়াল মিউজিয়াম ও ভার্নাকুলার লিটারেচার সোসাইটি। 

অন্যদিকে ব্রিটিশ সরকার কর্তৃক স্থাপিত প্রথম একাডেমিক প্রতিষ্ঠান কলিকাতা মাদ্রাসা পুরোপুরি বঞ্চিত হয়েছে। ১৭৮১ সালে প্রতিষ্ঠিত কলিকাতা মাদ্রাসার লাইব্রেরীর এমন দুরবস্থা ছিল যে, ১৮২১ সালে দেখা যায় মাদ্রাসার লাইব্রেরীতে ব‌ই আছে মাত্র ১২টি! এমতাবস্থায় লাইব্রেরীর উন্নতিকল্পে সরকার মাত্র ৬ হাজার টাকা মঞ্জুর করে। অর্থমঞ্জুরের পর ১৮২৩ সালে সর্বপ্রথম একজন লাইব্রেরীয়ান নিয়োগ দেয়া হয়। লাইব্রেরীর কাঠামোগত অবস্থা এতটাই খারাপ ছিল যে, বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পড়তো পানি। লাইব্রেরীর একটি রিপোর্টে উল্লেখ করা হয়: ‘বইগুলি বিধ্বংসী উইপোকার আক্রমণে আক্রান্ত। দিনের বেলা পরিষ্কার করলে রাতের বেলা পোকা নতুনভাবে বইগুলোতে আক্রমণ করে।’ তথাপি সরকার কোনো কর্ণপাত করেনি। এর কারণ হিসেবে লাইব্রেরী সায়েন্স বিশেষজ্ঞ ডক্টর আবুল ফজল মোঃ ফজলে কবীর লিখেছেন: ‘এটা মনে করা যেতে পারে যে তুলনামূলকভাবে সাম্প্রদায়িক প্রতিষ্ঠানের লাইব্রেরিটা অনেক সমস্যা নিয়ে একটি পশ্চাৎ অবস্থানে ছিল। এর সম্ভাব্য কারণ হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা এবং সাম্প্রদায়িক বিরোধিতা, যা বহু বছর পরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবিম্বিত হয়েছে, তাকে দায়ী বলে মনে করা হয়।’


কলকাতা আলিয়া মাদ্রাসার গেটের একটি চিত্র। ছবি: ইনস্টাগ্রাম
কলকাতা আলিয়া মাদ্রাসার গেটের একটি চিত্র। ছবি: ইনস্টাগ্রাম

ব্রিটিশ বাংলায় হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা যে লাইব্রেরীর মতো বিষয়েও সরাসরি কার্যকর ভূমিকা রেখেছে তার প্রমাণ হিন্দু কলেজ বা সংস্কৃত কলেজ লাইব্রেরী। মুসলমানদের একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে কলিকাতা মাদ্রাসার লাইব্রেরীর বিপরীতে হিন্দুদের একাডেমিক প্রতিষ্ঠান সংস্কৃত কলেজের লাইব্রেরী ছিল শতগুণ বেশি সমৃদ্ধ। ১৯৪৪ সালে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, লাইব্রেরীতে ২৬৫৯২টি ব‌ই সংরক্ষিত রয়েছে, যার মধ্যে পাণ্ডুলিপি রয়েছে ৪ হাজার। 


কলকাতায় প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজ। ছবি: আনন্দবাজার পত্রিকা
কলকাতায় প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজ। ছবি: আনন্দবাজার পত্রিকা

বিপরীতে মোহসীন কলেজ লাইব্রেরী বেশ সমৃদ্ধ হলেও তেমন সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি। ১৮৪৯ সালেই লাইব্রেরীর ব‌ই সংখ্যা ছিল ৯২৭৫। অথচ ১৮৭৭ সালে লাইব্রেরিয়ান পদ বিলুপ্ত করে প্রধান কেরানিকে লাইব্রেরী দেখাশোনার কাজে নিয়োজিত করা হয়। এই সিদ্ধান্ত থেকেই বোঝা যায়, কর্তৃপক্ষ লাইব্রেরীর প্রতি কতটা উদাসীন ছিলেন। 

ব্রিটিশ বাংলায় বিশ্ববিদ্যালয় ছিল দুটি— কলকাতা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। উভয় লাইব্রেরীই ছিল অত্যন্ত সমৃদ্ধ। ১৯৪৪ সালে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ২ লক্ষ ৩৮ হাজার ৫৬৫টি ব‌ই রয়েছে, যার মধ্যে পাণ্ডুলিপির সংখ্যা ১২ হাজার ২৭৫। বিপরীতে ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ব‌ইয়ের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার ৬৩২; যার মধ্যে পাণ্ডুলিপি ছিল ২৩ হাজার। 

ব্রিটিশ বাংলায় পাণ্ডুলিপির দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরী ছিল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। ১৯৪৪ সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লাইব্রেরিতে ব‌ই ছিল ৯৫ হাজার, পাণ্ডুলিপি ছিল ৩২ হাজার এবং দুর্লভ পত্রিকা বা সাময়িকীর সংখ্যা ছিল ৪৩২। 


কলকাতায় প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া
কলকাতায় প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

মোটামুটি এগুলোই ছিল উপনিবেশে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত লাইব্রেরীর মধ্যে উল্লেখযোগ্য। প্রশ্ন হলো, ১৯৪৭ সালে যখন উপনিবেশ ভারত দুই ভাগ হয়ে ইন্ডিয়া ও পাকিস্তানের জন্ম হলো তখন‌ এই লাইব্রেরীগুলোর কী হলো? অন্য অনেক কিছুর মতো লাইব্রেরীর ক্ষেত্রেও হয়েছে একতরফা বিচার। জনসংখ্যা ও খাজনার বিচারে ব্রিটিশ বাংলার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল পূর্ববাংলা তথা বাংলাদেশ। জনগণের যে ট্যাক্সের টাকায় লাইব্রেরীগুলো গড়ে তোলা হয়েছে সেখানে একটা বড় অংশ ছিল পূর্ববাংলার জনগণের। অথচ সাতচল্লিশে যখন ভাগাভাগির দরবার বসলো তখন লাইব্রেরীর মীমাংসা এমনভাবে করা হলো যেনবা পূর্ববাংলার জনগণের অধিকার বলতে কিছু নেই! 

টিপু সুলতানের লাইব্রেরী, যেটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম সমৃদ্ধ লাইব্রেরী, তা দিয়ে প্রতিষ্ঠা ও সমৃদ্ধ করা হয় অন্তত চারটি প্রতিষ্ঠান। আরবি ও ফারসি ভাষার পাণ্ডুলিপিগুলো এককভাবে দেয়া হয় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল লাইব্রেরীতে। সাতচল্লিশে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল পড়ে যায় ইন্ডিয়ায়, লাইব্রেরীর ভাগাভাগি নিয়ে প্রশ্ন উঠেনি। এককভাবে ভোগ-দখলের অধিকার যায় ইন্ডিয়া, বিশেষত পশ্চিমবঙ্গের জনগণ— পাঠক‌ ও গবেষকদের নিকট। এতে কি বাংলার জনগণের অধিকার ছিল না? মুসলমানদের রচিত, লিখিত হাজার হাজার কিতাব, পাণ্ডুলিপি মুসলমানদের জন্য স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত পাকিস্তানের ভাগ্যে একটিও জুটলো না কেন? মুসলমানদের প্রতিষ্ঠান হিসেবে কলিকাতা মাদ্রাসাকে পাকিস্তানে স্থানান্তর করার সিদ্ধান্তে মাদ্রাসার লাইব্রেরী স্থানান্তর করা গেলেও মোহসীন কলেজ, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের আরবি-ফারসি পাণ্ডুলিপি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে সংগৃহীত আরবি-ফারসি পাণ্ডুলিপির বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়নি কেন? বাংলার যে মুসলমান পরিবার বা ব্যক্তির সংগ্রহ থেকে পাণ্ডুলিপি সংগ্রহ করেছে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল বা কলকাতা বিশ্ববিদ্যালয় বা মোহসীন কলেজ— সে পাণ্ডুলিপির একক মালিকানা কি তাদের হাতে চলে গেলো? অরিজিনাল ব্যক্তির কিছুই থাকলো না? সেই মুসলমানের ব্যাপারে যখন সিদ্ধান্ত হলো ‘পাকিস্তান’, তখন তার কাছ থেকে নেয়া পাণ্ডুলিপির সিদ্ধান্ত কেন ‘পাকিস্তান’ হবে না/হলো না? 

ঔপনিবেশিক বাংলায় জনগণের টাকায় গড়ে তোলা লাইব্রেরীগুলোর সুষ্ঠু বণ্টন না হ‌ওয়ায় পূর্ববাংলা তথা বাংলাদেশ ভৌগলিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আধুনিক বিশ্বে একটি পাণ্ডুলিপি মানে কেবল কাগজ আর কালি নয়, বরং জনগোষ্ঠীর ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সমাজ, সংস্কৃতি সর্বোপরি আত্মপরিচয় নির্মাণের হাতিয়ার। ফলে, বাংলার মুসলমানদেরকে যখন নিজেদের হাজার হাজার পাণ্ডুলিপি ও কিতাবপত্র থেকে বঞ্চিত করা হয় তখন আক্ষরিক অর্থেই তাকে পঙ্গু করে ফেলা হয়। সাতচল্লিশে সরকারি লাইব্রেরীর ন্যায্য বণ্টন না করার মাধ্যমে বাংলার মুসলমান সমাজকে চিরস্থায়ীভাবে পঙ্গু করা হয়েছে। 

উদাহরণ হিসেবে পাকিস্তান আমলে বাংলার গবেষকদের কার্যপদ্ধতি হাজির করা যায়। সাতচল্লিশের পর পূর্ব বাংলার গবেষক, যেমন: আবদুল করিম, আবদুর রহিম, মুঈনুদ্দিন আহমদ খান, মোহর আলী, গোলাম রসুল, সৈয়দ মাহমুদুল হাসান প্রমুখ, সকলকেই গবেষণার জন্য বাহিরে ছোটাছুটি করতে হয়েছে। কেউ লন্ডন, কেউ কলকাতায়, কেউবা পশ্চিম পাকিস্তানে গিয়ে গবেষণা করেছেন। বলা ভালো, করতে বাধ্য হয়েছেন। কারণ পূর্ব বাংলায় এমন কোনো সমৃদ্ধ, বৈচিত্র্যময় লাইব্রেরী ছিল না যার উপর ভরসা করে বাংলায় বসেই গবেষণা করা যায়। আরো বড় উদাহরণ পেশ করা যায়। কাজী আবদুল ওদুদ, ‘মুসলিম সাহিত্য সমাজ’ তো বটেই, ঔপনিবেশিক বাংলার মুসলমানদের অন্যতম প্রধান সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তিনি কেন সাতচল্লিশে পাকিস্তান থেকে ইন্ডিয়া তথা ঢাকা থেকে কলকাতায় চলে গেলেন? অনেকে এর পেছনে তাঁর ‘সেক্যুলার’ আদর্শবাদকেই প্রধান ও একমাত্র কারণ হিসেবে বিবেচনা করেন। কিন্তু তাঁর কলকাতা যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ ছিল, যা এখনও লোকচক্ষুর অন্তরালে। তার একনিষ্ঠ সারথী আবুল ফজল লিখেছেন: “পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর যখন মুসলমান রাজকর্মচারীরা সবাই কলকাতা ছেড়ে ঢাকায় চলে আসছেন, তখন তিনি আমাকে কলকাতা থেকে এক চিঠিতে লিখেছিলেন: ‘আমার ইচ্ছা হযরত মোহাম্মদ (দঃ), গ্যেটে আর রবীন্দ্রনাথ সম্বন্ধে তিনটি বই লেখা। এ সবের উপকরণ এখানে যত সহজলভ্য হবে, ঢাকায় তা হওয়ার নয়। তাই আমি এখানে রয়ে গেলাম।” তার এই কথা শতভাগ সত্য। উপনিবেশ বাংলার লাইব্রেরীগুলোর ন্যায্য বণ্টন না হ‌বার ফলে জনগোষ্ঠীর আত্মপরিচয় নির্মাণ, বাংলার ইতিহাস ও সভ্যতা বিষয়ে তো অনেক পরের কথা, ‘হযরত মোহাম্মদ (দঃ), গ্যেটে আর রবীন্দ্রনাথ সম্বন্ধে তিনটি বই লেখা’র মতো পর্যাপ্ত রিসোর্স পূর্ববাংলা তথা বাংলাদেশে ছিল না। ঐতিহাসিক ও একাডেমিক রিসোর্সের এই সংকটের ফলে কাজী আবদুল ওদুদের মতো আরও কত সাহিত্যিক, সাংস্কৃতিক ও গবেষক পূর্ববাংলা ত্যাগ করেছেন তার হিসাব ইতিহাসে নেই। কিন্তু, ঔপনিবেশিক বাংলার সরকারি লাইব্রেরীর ন্যায্য বণ্টন না হ‌বার ফলে বাংলাদেশের জনগোষ্ঠী কত মৌলিক, গভীর ও বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে তার ঐতিহাসিক খতিয়ান জরুরী। 

(বাংলা একাডেমি থেকে ২০০৭ সালে প্রকাশিত আবুল ফজল মোঃ ফজলে কবীরের ‘বাংলার গ্রন্থাগার’ {ড. মাহমুদ-উল-আমীন অনুদিত} ব‌ইটির একক সহযোগিতায় নিবন্ধটি রচিত হয়েছে।)

আরো দেখুন

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

জ্ঞান সংরক্ষণের রাজনীতি ও বাংলার অতীত নির্মাণের কিসসা

bottom of page