top of page

বাংলার লাইব্রেরি

জ্ঞান সংরক্ষণের রাজনীতি ও বাংলার অতীত নির্মাণের কিসসা

লাইব্রেরি কেবল জ্ঞানের সংরক্ষণশালা নয়; একই সঙ্গে কোনো জাতির ইতিহাস ও জ্ঞানকাঠামো নিয়ন্ত্রণের হাতিয়ারও। কোন বই সংরক্ষণ করা হবে কিংবা কোন বই হবে ন- এই প্রশ্নের শেকড় তালাশ করাও ঐতিহাসিকের জন্য জরুরি পদক্ষেপ। বাংলার প্রেক্ষাপটে এই আলোচনা আরো বেশি জরুরি। এই প্রবন্ধে বাংলাকে কেন্দ্রে রেখে লাইব্রেরি ও জ্ঞান সংরক্ষণের রাজনীতি নিয়ে আলোচনা করেছেন লেখক।

লিখেছেন:

আহমেদ দীন রুমি

প্রকাশিত:

১৬ নভেম্বর, ২০২৬

আহমেদ দীন রুমি
​

প্রজেক্ট পানামা নিয়ে হইচই কম হয়নি। ফলে কারো অগোচরে থাকার কথা না। হালের সুপরিচিত এক প্রতিষ্ঠান নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিতে সংগ্রহ করেছে বিপুল সংখ্যক বই। স্ক্যান করে ডিজিটাল কপি রেখে নষ্ট করে ফেলেছে মূল বইটা। অর্থাৎ জ্ঞানটা এখন প্রতিষ্ঠানের পকেটে। তাহলে সওয়াল হলো, জ্ঞানের সংরক্ষণ মানে কি জ্ঞানের নিয়ন্ত্রণও? কিংবা তার চেয়েও বড় প্রশ্ন, কোন জ্ঞান সংরক্ষণ করা হবে কিংবা কে সেই জ্ঞান চর্চার অনুমতি পাবে; সেই সিদ্ধান্ত কীভাবে হয়? প্রজেক্ট পানামা এক্ষেত্রে ইতিহাসের একটা নোকতা; জ্ঞানের সংরক্ষণ আর সেটা নিয়ে রাজনীতিটা আরো বহু পুরাতন। 

সাধারণত রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ক্ষমতাবান গোষ্ঠী নির্ধারণ করে বইয়ের মান ও শ্রেণি। এজন্যই ইতিহাসে কখনো বই পুড়িয়ে ফেলা হয়েছে; কখনো দেখা গেছে বই নিষিদ্ধকরণ। ক্ষমতাসীনরা নিজেদের আদর্শে ঠিক করে গ্রন্থাগারের চরিত্র। নিজেদের অবস্থানকে ঐতিহাসিক, যৌক্তিক ও প্রামাণ্য হিসেবে হাজির করতে তৈরি করে গুরুত্বের ক্রম। এ কারণেই গ্রন্থাগার নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। এখানকার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িত ক্ষমতাসীনের আদর্শিক অবস্থান। ফলে কোনো বই লাইব্রেরিতে থাকা যেমন গুরুত্বপূর্ণ; একইভাবে গুরুত্বপূর্ণ কোনো বই না থাকা। আবার কোনো বই লাইব্রেরিতে থাকার পরও পাঠকের কাছে অপ্রাপ্য থাকা কম গুরুত্বপূর্ণ নয়।

কোনো ভাষা কিংবা অঞ্চলের কণ্ঠস্বর যদি লাইব্রেরিতে জায়গা না পায়, তাহলে ভবিষ্যতের গবেষণায় তার উপস্থিতি সীমিত হয়ে পড়ে। এই নোকতাকে সামনে রেখে বাংলার লাইব্রেরি, সংগ্রহের শ্রেণিবিন্যাস এবং প্রবেশাধিকারের রাজনীতি নিয়ে নতুন করে ভাবা যেতে পারে। বিশেষত পূর্ব বাংলার বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে এটা আরও বেশি জরুরি। কারণ এখানে ইতিহাসের বহু উপাদান কেবল হারিয়েই যায়নি; অনেক উপাদান সংরক্ষিত থাকার পরও বুদ্ধিবৃত্তিক পরিসরে অদৃশ্য।

সংরক্ষণ মানে বাছাই 

লাইব্রেরি নিয়ে আলোচনা করেছেন জ্যাক দেরিদা ও মিশেল ফুকোর মতো পণ্ডিতরা। দেরিদা তার Archive Fever কিতাবে তুলে ধরেছেন আর্কাইভের সঙ্গে কর্তৃত্বের সম্পর্ক। কে নথি সংরক্ষণ করবে, কে কর্তৃত্ব করবে এবং কে ব্যবহারের সুযোগ পাবে, সেই ক্ষমতার কেন্দ্রই হলো আর্কাইভ। মিশেল ফুকোর কাছে আর্কাইভ জ্ঞান উৎপাদনের ব্যবস্থা। এই ব্যবস্থাই নির্ধারণ করে কখন কী বলা ঠিক, কোন বক্তব্য গ্রহণযোগ্য এবং কোন জ্ঞান গৌণ। আর মিশেল-রলফ ত্রুইয়ো দাবি করেন, কোনো ঘটনার সঙ্গে জড়িত সবার অভিজ্ঞতা নথিবদ্ধ হয় না; তৈরি হওয়া নথির সবকিছু সংরক্ষণ করা হয় না; যেটুকু সংরক্ষিত হয়, সেটুকুর সবটাও সমানভাবে ব্যবহৃত হয় না। এভাবে ইতিহাস লেখার সময় কিছু ঘটনা গুরুত্ব পায়, বাকিগুলো হারিয়ে যায়।

জ্ঞানের প্রবাহে অন্তত দুটি ধাপে সরাসরি লাইব্রেরি জড়িত। নথি সংগ্রহ ও সংরক্ষণ এবং সংরক্ষিত নথিকে পাঠকের নাগালে পৌঁছে দেওয়া। উভয় ক্ষেত্রে এদিক ওদিক করলে প্রভাবিত করতে পারে গবেষণাকে। একজন গ্রন্থাগারিকের সংগ্রহসংক্রান্ত সিদ্ধান্ত কিংবা একটি প্রতিষ্ঠানের ক্যাটালগ তৈরির পদ্ধতি তাই পরবর্তী সময়ের ইতিহাসচর্চায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। উদাহরণ না দিলে স্পষ্ট হবে না। বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সময় ঠিক পূর্ব বাংলায় তথা আজকের বাংলাদেশ অঞ্চলে কি হয়েছিল, সেটা খুঁজে পাওয়া যায়? বেঙ্গল রেনেসাঁ বলে যে সময়কে চিহ্নিত করা হচ্ছে, সেই সময়ে সিলেট, ঢাকা ও চট্টগ্রামের চেহরা নিশ্চয়ই কোলকাতার মতো ছিলো না। না থাকলে কেমন ছিলো? বাংলাদেশের লাইব্রেরি তার কতটুকু প্রতিনিধিত্ব করে?   

বাংলাদেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি সংরক্ষিত রেয়ার সেকশনে। কিছু বইয়ের হয়তো ক্যাটালগই প্রস্তুত করা হয়নি। ফলে গবেষক সেই পাণ্ডুলিপির অস্তিত্বই ঠাহর করতে পারেন না। কখনো আবার তালিকা পাওয়া গেলেও পড়ার সুযোগ পাওয়া যায় না। গবেষক হওয়ার প্রমাণ, কোনো শিক্ষকের সুপারিশ কিংবা ইত্যাদি ইত্যাদি কাগজের জরুরত থাকেই। পাশাপাশি থাকে প্রতিষ্ঠানের নিজের অনুমোদনের জন্য কাঠামোগত জটিলতা। অর্থাৎ সংগ্রহ, সংরক্ষণ, শ্রেণিবিন্যাস ও প্রবেশাধিকারের মতো প্রতিটি পর্যায়েই থাকে গ্রন্থাগারের রাজনীতি। 

ঔপনিবেশিক ক্ষত

বাংলায় গ্রন্থাগার প্রতিষ্ঠার কুলজি বুঝতে তাকাতে হয় ঔপনিবেশিক কোলকাতার দিকে। ১৭৮৪ সালে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি প্রাচ্যের ভাষা, ধর্ম, আইন, সাহিত্য ও ইতিহাস নিয়ে গবেষণা শুরু করে। প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ পাণ্ডুলিপি সংগ্রহ করে। উদ্যোগী হয় সংস্কৃত ও ফারসি গ্রন্থ অনুবাদে। আলোয় নিয়ে আসে দক্ষিণ এশীয় জ্ঞানের বিশাল অংশকে। কিন্তু সংগ্রহের পেছনে ঔপনিবেশিক স্বার্থ যে মোটেই ছিলো না, সেই কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। শাসিত সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই গুরুত্বপূর্ণ ছিল সেই সময়ে। ফলে জ্ঞান সংরক্ষণ তখন আলাভোলা গবেষণা ছিলো না; ছিলো শাসনের হাতিয়ারও।

ফোর্ট উইলিয়ামের অভ্যন্তর। ছবি উইকিমিডিয়া কমনস
ফোর্ট উইলিয়ামের অভ্যন্তর। ছবি উইকিমিডিয়া কমনস

১৮০০ সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। ইউরোপীয় কর্মচারীদের দেশী ভাষা শেখানোর জন্য তৈরি হয় পাঠ্যপুস্তক। বাংলা গদ্যের বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা ব্যাপক। কিন্তু একই সঙ্গে কোন বাংলা শিক্ষার উপযোগী, আর কোনটা নয়; সেই জটিলতাও তাদের হাতে নির্মিত। তাদের দিয়েই বাংলা ভাষার প্রমিত রূপ নির্মাণের ক্ষেত্রে সংস্কৃতঘেঁষা সাধুভাষার আধিপত্য তৈরি হয়। কোনঠাসা হয়ে পড়ে আঞ্চলিক ভাষা ও কথ্যরীতির সাহিত্য। এই মূল্যায়ন পরবর্তীতে বই সংগ্রহ ও শ্রেণিবিন্যাসেও প্রভাব ফেলেছে। কোন বই প্রমিত ও পাঠ্য, আর কোনটি লোকসাহিত্য, কোনটি ধর্মীয় রচনা কিংবা কোনটি নিম্নমানের; এটা ভয়াবহ রাজনীতির সমীকরণ। একটা উদাহরণ স্মরণ করা যাক। ১৮০৪ সালে সৈয়দ হামজা হাতেম তাই পুথি রচনা করেন। এই আখ্যান ছিলো ব্যাপকভাবে জনপ্রিয়। কিন্তু যেহেতু হিন্দুস্তানি শব্দবহুল, ফলে পরবর্তী দেড় শতক ধরে হাতেম তাই নানাভাবে পুনর্লিখিত হয়েছে। লেখা হয়েছে সেই প্রমিত ভাষায়। যেন সাহিত্য হিসেবে তকমা পেতে হলে ওই ভাষিক মানে উত্তীর্ণ হতেই হবে। 

সৈয়দ হামজার পুথি আর অধরচন্দ্র মিত্রের প্রমিত হাতেম তাই; সাংস্কৃতিক বিবর্তনের সাক্ষ্য
সৈয়দ হামজার পুথি আর অধরচন্দ্র মিত্রের প্রমিত হাতেম তাই; সাংস্কৃতিক বিবর্তনের সাক্ষ্য

১৮৩৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পাবলিক লাইব্রেরি, ১৯০৩ সালে ইম্পেরিয়াল লাইব্রেরিতে রূপান্তরিত হয়। স্বাধীনতার পর পরিচিত হয় ন্যাশনাল লাইব্রেরি অব ইন্ডিয়া হিসেবে। অর্থাৎ ঔপনিবেশিক রাজধানীতে গড়ে ওঠা একটি গ্রন্থাগার স্বাধীন রাষ্ট্রের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির নাম ও রাজনৈতিক পরিচয় পরিবর্তিত হলেও সংগ্রহের ইতিহাস, ক্যাটালগের কাঠামো এবং শ্রেণিবিন্যাসে ঔপনিবেশিক অভ্যাস খুব বেশি বদলায়নি। জ্ঞান সংরক্ষণ জরুরি বিষয়, কিন্তু কার প্রয়োজনে সেই সংরক্ষণের কাঠামো গঠিত হয়েছে, সেটা জানা কম জরুরি নয়। 

পূর্ব বাংলার বহুভাষিক ঐতিহ্য

এই আলোচনা সম্ভবত একই সঙ্গে খুবই চমকপ্রদ ও হতাশার। বাংলা অঞ্চলের জ্ঞানজগৎ দীর্ঘকাল ধরে বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ছিল। প্রাচীন বাংলায় সংস্কৃত ও পালির নানা নিদর্শন চোখে পরে। সুলতানি আমলে বাংলার প্রশাসন, দরবার ও উচ্চতর সাহিত্যিক পরিসরে ফারসির অবস্থান তৈরি হয়। এ অঞ্চলের পুরাতন মসজিদ কিংবা মাজারের শিলালিপির বড় অংশই ফারসিতে লেখা। মাদ্রাসা ও খানকাহকে ঘিরে আরবি-ফারসির চর্চা চলেছে দীর্ঘদিন। 

দিওয়ানে ওয়াইসি বইয়ের প্রচ্ছদ। ছবি: সাইয়্যেদ আহমদ শহীদ ওয়ার্ডপ্রেস ডট কম
দিওয়ানে ওয়াইসি বইয়ের প্রচ্ছদ। ছবি: সাইয়্যেদ আহমদ শহীদ ওয়ার্ডপ্রেস ডট কম

আঠারো শতকের দ্বিতীয়ভাগে যুক্ত হয় হিন্দুস্তানি ভাষার জয়জয়কার। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বহু পণ্ডিত উর্দুতে গ্রন্থ রচনা করেছেন। ইউরোপে শাসনে যুক্ত হয়েছে ইংরেজি ভাষা। এর সঙ্গে এ অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা তো রয়েছেই; খোদ নাগরী লিপিতেই বিপুল সাহিত্যিক ঐতিহ্যের দেখা মেলে। অর্থাৎ বাংলার ঐতিহ্য মানে কেবল বাংলা ভাষার ঐতিহ্য নয়। 

পুথির জঙ্গনামা ঐতিহ্যই মীর মশাররফের হাতে রূপ পেয়েছে বিষাদ-সিন্ধুর।
পুথির জঙ্গনামা ঐতিহ্যই মীর মশাররফের হাতে রূপ পেয়েছে বিষাদ-সিন্ধুর।

ঊনিশ শতকের উদাহরণ দেয়া যাক। সেই সময়ে মীর মশাররফ হোসেন বিষাদ-সিন্ধু লিখেছেন বলে মোটামুটি পরিচিত। বাংলাদেশের অধিকাংশ লাইব্রেরিতে বিষাদ-সিন্ধু হাজির আছে। কিন্তু ঠিক একই দশকে বাংলার বিভিন্ন প্রান্তে তাকালে অদ্ভূত বৈচিত্র্য দেখা যাবে। ওই একই সময়ে ফরিদপুরের আবদুল গফুর নাসসাখ উর্দু সাহিত্যের ম্যাগনাম অপাস সুখন-ই শুয়ারা লিখেছেন। কাছাকাছি সময়ে চট্টগ্রামের ফতেহ আলী ওয়াইসি (রহ.) ফারসি ভাষায় রচনা করেন অমরগ্রন্থ দিওয়ানে ওয়াইসি। একই সময়ে কুমিল্লা থেকে মনোয়ার আলী দোভাষীতে লিখেন জনপ্রিয় পুথি আলমাছ ও গোলে রায়হান। কাছাকাছি সময়ে সিলেটের সাদেক আলী নাগরীতে লিখেন বিখ্যাত পুস্তক হালতুন্নবী। একই শতকের শেষ দিকে হুগলির মির্জা দেলোয়ার হোসাইন আহমদ প্রকাশ করেন তার সুপরিচিত গ্রন্থ Essays on Mohmmedan Social Reform। চমকপ্রদভাবে এই বিচিত্র এই তালিকা কেবল বাংলার মুসলমান সম্প্রদায়ের মধ্য থেকেই। ইতিহাস ঘাটলে এই অঞ্চলের অন্য সম্প্রদায় ও অন্য ভাষার জাতিগোষ্ঠীর মধ্য থেকে আরো বিচিত্র উদাহরণ হাজির করা সম্ভব। কিন্তু হালের লাইব্রেরিতে গেলে এর চিহ্ন কতটুকু দৃশ্যমান আকারে থাকে? 

সাদেক আলীর হালতুন্নবি পুথি। ছবি: উইকিমিডিয়া কমনস
সাদেক আলীর হালতুন্নবি পুথি। ছবি: উইকিমিডিয়া কমনস

পূর্ব বাংলার একটা বুদ্ধিবৃত্তিক সংকট হলো, এই অঞ্চলের ভাষাগুলোর মধ্যে যে ঐতিহাসিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় ঘটেছিল, গ্রন্থাগারের প্রচলিত শ্রেণিবিন্যাসে তার পরিচয় দৃশ্যমান হয় না। বাংলাদেশের কোনো লাইব্রেরিতেই বাংলার সম্পূর্ণ ইতিহাসকে হাজির করার প্রয়াস দেখা যায় না। হয়তো চেষ্টা আছে; কিন্তু সেই চেষ্টা এখন তক দৃষ্টিগোচর হয়নি। 

গায়েবিকরণ কক্ষ

পুথির ঐতিহাসিক জরুরত নিয়ে সন্দেহ নেই। ভাষার বিবর্তন, ধর্মীয় চিন্তার বিস্তার, সামাজিক সম্পর্ক, লোকবিশ্বাস, আঞ্চলিক যোগাযোগ এবং সাধারণ মানুষের জ্ঞানচর্চার নানা চিহ্ন লেগে থাকে পুথির গায়ে। নাগরী লিপিতে রচিত পুথি পূর্ব বাংলার স্বতন্ত্র রূপ হাজির করে। দীর্ঘকাল ধরে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে এই লিপিতে সাহিত্য রচিত ও প্রচারিত হয়েছে। দোভাষী পুথির সঙ্গে জড়িত বৃহত্তর পারসিক ও ইসলামপ্রভাবিত দুনিয়ার বুদ্ধিবৃত্তিক যোগাযোগের ইতিহাস। মধ্যযুগীয় বাংলা পুথির ক্ষেত্রেও একইভাবে পাঠকসমাজ, লিপিকার, পৃষ্ঠপোষকতা এবং আঞ্চলিক যোগাযোগের ইতিহাস নিহিত। তাদের অনেকের নাম ইতিহাসে অজানা। 

একই ধরনের প্রশ্ন লোকসাহিত্য সংগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য। দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত মৈমনসিংহ গীতিকা লিখিত রূপ পায়। কিন্তু পূব বাংলার এই সাহিত্য কি আদতে বাংলা সাহিত্যের মূল ধারা হয়ে উঠতে পেরেছে কখনো? বটতলা বা চকবাজারের পুথির মতো শোচনীয় না হলেও এক্ষেত্রে বিকৃতি কোনো অংশেই কম নয়। কারণ মৌখিক উপাদান সংগ্রহের প্রক্রিয়ায় কে গান গাইছেন, কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, সম্পাদনার সময় কোন অংশ বাদ পড়ছে বা পরিবর্তিত হচ্ছে; সেটাও কম জরুরি নয়। 

মৌখিক আখ্যান যখন গ্রন্থাগারে ঢুকে, তখন তার একটি নির্দিষ্ট পাঠও প্রতিষ্ঠিত হয়। সংগ্রাহক, সম্পাদক ও প্রকাশকের সিদ্ধান্ত সেই পাঠের রূপ নির্ধারণ করে। একইভাবে যেসব গান, আখ্যান বা স্মৃতি কখনো সংগ্রাহকের নজরে আসেনি, সেগুলো থেকে যায় বাইরে। যেন গায়েব হয়ে যায় চিরতরে। বিশেষত নারীর গান, শ্রমজীবী মানুষের ছড়া, আদিবাসীর মৌখিক ঐতিহ্যের ক্ষেত্রে এই প্রভাব আরো স্পষ্ট।

সন্দেহ নেই, বাংলাদেশের বিভিন্ন গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে। প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর গ্রন্থাগারে রেয়ার সেকশনের কথা আলাদা করে বলা যায়। এসব লাইব্রেরিতে এমনও পাণ্ডুলিপি রয়েছে; যা চার শতাব্দী পর্যন্ত পুরোনো। কিন্তু কোনো পাণ্ডুলিপি গ্রন্থাগারে থাকার মানেই সেটি সমাজের জ্ঞানসম্পদের সক্রিয় অংশ হয়ে ওঠে না। তার পরিচিতি থাকতে হয়, পাঠোদ্ধারের ব্যবস্থা থাকতে হয়, সাধারণ পাঠকের জন্য ব্যবহারযোগ্য সংস্করণ থাকতে হয়। কেবল বিশেষ সংগ্রহশালায় রয়ে গেলে সেটি এক অর্থে না থাকার সমানই। এভাবে পুথি, মৌখিক সাহিত্য কিংবা রেয়ার পাণ্ডুলিপি লাইব্রেরিতে প্রবেশ করে একরকম অদৃশ্যই হয়ে যায়। 

আঞ্চলিক সংগ্রহ

পূর্ব বাংলার মাজার, খানকাহ, দরগাহ এবং পীরকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর নথিপত্রও গ্রন্থাগারের সংগ্রহের বিস্তৃত পরিসরে বিবেচিত হতে পারতো। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে ওয়াক্ফনামা, জমির দলিল, দানপত্র, পীরদের শাজারা, চিঠিপত্র, রক্ষণাবেক্ষণের হিসাব, ওরসের বিবরণ এবং বিভিন্ন সময়ে রচিত জীবনীগ্রন্থ। এসব নথি থেকে আঞ্চলিক ধর্মীয় নেটওয়ার্ক, সামাজিক সম্পর্ক, সম্পত্তির ইতিহাস, পৃষ্ঠপোষকতা ও স্থানীয় অর্থনীতির নানা দিক অনুসন্ধান করা সম্ভব।

শাজারায় বর্ণিত প্রতিটি তথ্য হয়তো সত্য থাকে না। অন্যান্য দলিল, শিলালিপি, সমসাময়িক বিবরণ ও মৌখিক ইতিহাসের সঙ্গে মিলিয়ে সেগুলো পরীক্ষা করতে হয়। কিন্তু যাচাইয়ের প্রয়োজনীয়তা তো আর দলিলকে সংরক্ষণের অযোগ্য করে না। একটি শাজারা পরবর্তী সময়ে রচিত হলেও সেটি সংশ্লিষ্ট সম্প্রদায় কীভাবে নিজেদের অতীতকে নির্মাণ করেছে, তার সাক্ষ্য হতে পারে।

বাংলাদেশের গ্রন্থাগারে এসব নথি সে অর্থে জায়গা পায় না; ফলে থেকে যায় ঐতিহাসিকের নজরের বাইরে। গ্রন্থাগার চাইলে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ডিজিটাল প্রতিলিপি, বিবরণ ও ক্যাটালগ তৈরি করতে পারে। কিন্তু গ্রন্থাগার তা আদতে চায় কি? 

ডিজিটাল গ্রন্থাগার

ডিজিটাল প্রযুক্তি গ্রন্থাগারের সামনে তৈরি করেছে নতুন সম্ভাবনা। পুরোনো বই, পাণ্ডুলিপি, সংবাদপত্র, ছবি ও দলিল ডিজিটাইজ করে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এতে ভৌগোলিক দূরত্ব কমে, গবেষণার সুযোগ বাড়ে এবং দুর্লভ উপাদানের ব্যবহার সহজ হয়। বিশেষত বাংলাদেশের মতো দেশে, যেখানে অনেক ঐতিহাসিক সংগ্রহ রাজধানী বা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক, সেখানে ডিজিটাল গ্রন্থাগার জ্ঞানপ্রাপ্তির আঞ্চলিক বৈষম্য কমাতে পারে।

কিন্তু ডিজিটাইজেশন নিজে থেকেই গ্রন্থাগারের সংগ্রহগত বৈষম্য দূর করে না। কোন উপাদান ডিজিটাইজ করা হবে, কোন ভাষার জন্য ওসিআর বা অনুসন্ধানযোগ্য পাঠ তৈরি করা হবে, কোন সংগ্রহ অনলাইনে উন্মুক্ত থাকবে এবং কোনটি সীমিত প্রবেশাধিকারে রাখা হবে; এসব সিদ্ধান্তেও একই ধরনের অগ্রাধিকার কাজ করতে পারে।

বাংলা মুদ্রিত বই সহজে ডিজিটাইজ করার প্রযুক্তি পাওয়া গেলেও পুরোনো ছাপা, যুক্তাক্ষর, জীর্ণ কাগজ ও ভিন্ন ফন্টের কারণে ওসিআরের সমস্যা রয়েছে। ফারসি ও উর্দুর ক্ষেত্রে আরবি-ফারসি লিপির বিভিন্ন রূপ, হাতে লেখা পাণ্ডুলিপি এবং ভাষাভিত্তিক প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। সিলেটি নাগরী বা পুরোনো পাণ্ডুলিপির ক্ষেত্রে সমস্যা আরও জটিল। ফলে স্ক্যান করা বই অনেক সময় কেবল ছবি হয়ে থাকে; সেখান থেকে শব্দ অনুসন্ধান, উদ্ধৃতি কিংবা স্বয়ংক্রিয় পাঠ বিশ্লেষণ করা যায় না।

অতীত লেখার কিসসা

জ্ঞানকে নিয়ন্ত্রণ করার রাজনীতি শুধু বই সংরক্ষণ করা কিংবা না করার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত অতীতকে নির্মাণ করার প্রয়াস। ইতিহাস তো আর অতীতের নিরপেক্ষ বিবরণমাত্র নয়; অতীতের বিপুল ঘটনাপ্রবাহ থেকে কিছু ঘটনা, ব্যক্তি, দলিল ও অভিজ্ঞতাকে বেছে নিয়ে সেগুলোকে একটি অর্থপূর্ণ ধারাবাহিকতায় সাজানোর মধ্য দিয়েই ইতিহাসের বয়ান তৈরি হয়। এই নির্বাচন ও ব্যাখ্যার প্রক্রিয়া নানা সময়ে জাতীয়তাবাদ, ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক আদর্শ কিংবা রাষ্ট্রের ক্ষমতাসম্পর্ক দ্বারা প্রভাবিত হয়। কোনো জাতির গৌরবময় অতীত নির্মাণ করতে গিয়ে কিছু অধ্যায়কে অতিরঞ্জিত করা হয়, কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তিত্বকে উপস্থাপন করা হয় নতুনভাবে।

এভাবে পরিচয়বাদী চোখে অসংগত মনে হওয়া ঘটনা, জনগোষ্ঠী কিংবা সাংস্কৃতিক ঐতিহ্যকে ইতিহাসের মূল বয়ান থেকে সরিয়ে রাখা হয়। কখনো ইতিহাসের ঘটনা বিকৃত হয়, কখনো একটি বিশেষ ব্যাখ্যাকে প্রতিষ্ঠা করতে গিয়ে সংকুচিত করা হয় বিকল্প ব্যাখ্যার জায়গা। ফলে অতীতের যে রূপটি আমাদের সামনে হাজির হয়, তা প্রায়ই বর্তমানের ক্ষমতা, পরিচয় ও আদর্শের প্রয়োজন অনুসারে নির্মিত একটি নির্বাচিত অতীত।

এই নির্মাণপ্রক্রিয়ায় গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক উপাদানের কোনটি সংগ্রহ করা হবে, কোনটি সংরক্ষিত থাকবে, কোনটি গবেষকের নাগালে পৌঁছাবে এবং কোনটি ক্যাটালগে কীভাবে পরিচিত হবে; এসব সিদ্ধান্ত ইতিহাসচর্চার সম্ভাবনাকেও প্রভাবিত করে। কোনো দলিল সংরক্ষিত না হলে ভবিষ্যতের গবেষক হয়তো তার অস্তিত্ব সম্পর্কেই জানতে পারবেন না। আবার কোনো উপাদান সংরক্ষিত থাকলেও তার পরিচয়, শ্রেণিবিন্যাস কিংবা প্রবেশাধিকারের সীমাবদ্ধতা তাকে কার্যত অদৃশ্য করে রাখতে পারে। অর্থাৎ ইতিহাসের নীরবতা শুধু ইতিহাসবিদের লেখায় তৈরি হয় না; তার অনেক আগে থেকেই তা তৈরি হতে পারে সংগ্রহ, সংরক্ষণ ও বর্জনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায়।

বাংলাদেশের ইতিহাসচর্চায় এই টানাপড়েন আরো ব্যাপক। এখানে মুসলিম জাতীয়তাবাদী ও বাঙালি জাতীয়তাবাদী অভিমুখের টানাপোড়েন কাজ করে। ফলে প্রায়ই বাদ পড়ে যায় বহুভাষিক ঐতিহ্য। বাঙালি জাতীয়তাবাদী ইতিহাসচর্চার ভিত্তি হয়ে উঠে বাঙালি পরিচয়ের রাজনৈতিক ভিত্তি; বাকি সবকিছুই সেখানে গৌণ। অন্যদিকে মুসলিম জাতীয়তাবাদী ইতিহাসচর্চায় বাংলার দেশজ ইসলামি ঐতিহ্যকে সন্দেহের চোখে দেখা হয়। আলোচনা হয় না বাংলার ইসলামপ্রভাবিত দেশজ ঐতিহ্য।

এই টানাপোড়েনের প্রভাব দুই পক্ষের প্রমাণ্য নির্ধারণেও ভূমিকা রাখে। তারা তাদের মতো করে ঐতিহাসিক বয়ান দাঁড় করাতে চায়। তার চিত্র দেখা যায় লাইব্রেরিতে। কোনো ফারসি পাণ্ডুলিপি কেবল ইসলামি সাহিত্য হিসেবে শ্রেণিবদ্ধ হলে তার আঞ্চলিক প্রশাসনিক বা সামাজিক ইতিহাসের উপযোগিতা আড়ালে চলে যায়। কিশোরগঞ্জ থেকে ঊনিশ শতকে উর্দুতে বই প্রকাশিত হয়েছে; এই তথ্য আড়াল করলে সামাজিক ইতিহাস সম্পূর্ণ হবে না। একইভাবে পুথি যদি কেবল অ্যান্টিক হিসেবে প্রদর্শনী কক্ষে রাখা হয়; তাহলে তার ভাষাতাত্ত্বিক ও সামাজিক ইতিহাস অনুসন্ধানের সুযোগ কমে যায়। এভাবে আদর্শিক অনুপ্রেরণা থেকে যে ইতিহাস নির্মাণ করা হয়, তা আসলে ইতিহাস নির্মাণের কিসসাই। ঠিক এই কারণেই বাংলার ইতিহাস চর্চা প্রায়ই অসম্পূর্ণ কিসসা আকারেই হাজির হয়; সম্পূর্ণ ইতিহাস আকারে নয়। 

শেষ করার আগে…

বাংলাদেশে জাতীয় অতীতকে কীভাবে দেখা হবে কিংবা কোন পরিচয়কে তার কেন্দ্রে রাখা হবে; এই প্রশ্নগুলো খুবই প্রায়োগিক। এ অঞ্চলের পুথি, উর্দু ও ফারসি গ্রন্থ, মাজারের দলিল, পীরদের শাজারা, আঞ্চলিক সাময়িকী, পারিবারিক নথি এবং স্থানীয় মানুষের স্মৃতিকে জ্ঞানকাঠামোর বাইরে রেখে বাংলার ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র নির্মাণ করা সম্ভব নয়। আর কেবল এর মধ্য দিয়েই স্বীকৃতি পায়; বাংলার ইতিহাস একাধিক ভাষা, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের সম্মিলিত নির্মাণ।

আমাদের এই আলোচনার লক্ষ্য ছিলো বাংলার লাইব্রেরির উপস্থিতির চেয়ে অনুপস্থিতিকে আরো স্পষ্টভাবে দেখার চেষ্টা করা। বাংলার যে সমৃদ্ধ ইতিহাস, তার কত অংশ লাইব্রেরিতে প্রতিফলিত হচ্ছে; ইতিহাস লিখনে ব্যবহৃত হচ্ছে; তা যাচাই করা।

দিনশেষে লাইব্রেরিতে কী আছে, আর কে ঠিক করেছিল যে এটাই থাকবে?- এই প্রশ্ন করতে পারা জরুরি। কারণ যে গ্রন্থাগার অতীতের বহুত্বকে ধারণ করতে পারে না এবং বর্তমানের পাঠকের কাছে সেই অতীতকে উন্মুক্ত করতে পারে না, সে গ্রন্থাগার শেষ পর্যন্ত একটি জাতির জ্ঞানকাঠামোকেও অসম্পূর্ণ করে রাখে।

আরো দেখুন

ad585862-ce2d-4ff3-b4b9-047dfa5dad0d.png

ঔপনিবেশিক বাংলায় সরকারি লাইব্রেরী ও বঞ্চিত বাংলাদেশ

bottom of page