top of page

ড. কুদরাত-এ-খুদা: বিজ্ঞানে বিশ্বাসে বিস্ময়

একজন বিজ্ঞানীকে সালাম

রতনে রতন চেনে বলে একটা কথা আছে। নিজে একজন বিজ্ঞানবিষয়ক লেখক বিধায় আব্দুল্লাহ্ আল-মুতী চিনতে পেরেছিলেন ড. কুদরাত-এ-খুদাকে। তাই তো ইন্তেকালের পরপরই দৈনিক ইত্তেফাক পত্রিকার ১৩ নভেম্বর, ১৯৭৭ তারিখের রবিবাসরীয় সংখ্যায় তাঁকে স্মরণ করে লিখেছিলেন তিনি। দেশ ও দেশের মানুষের প্রতি ডক্টর খুদার যে মমতা ছিল তা এই লেখায় ফুটে উঠেছে।

লিখেছেন:

আবদুল্লাহ্ আল-মুতী

প্রকাশিত:

৯ নভেম্বর, ২০২৬

আবদুল্লাহ্ আল-মুতী
​

একজন বিজ্ঞানী চলে গেলেন। বিজ্ঞানের উন্নতির জন্য সারাজীবন কাজ করেছেন তিনি। পঞ্চাশ বছরের উপর বিজ্ঞানের সাধনায় অসাধারণ কীর্তি রেখে তিনি গত তেসরা নভেম্বর মৃত্যুবরণ করেছেন। একনামে সবাই ড. কুদরাত-এ-খুদাকে চেনে। কবিতায় যেমন বাংলাদেশের জসীম উদ্দীন, শিল্পে জয়নুল আবদিন; তেমনি বিজ্ঞানে ড. খুদা।

বিজ্ঞানের উন্নতি না হলে এদেশের দুঃখ দারিদ্র ঘুঁচবে না, এ দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এ কথা ড. খুদা যত আগে যেমন করে বুঝেছিলেন, যেমন করে বুঝিয়েছিলেন—এমন আর খুব কম লোকে বুঝেছেন বা বোঝাতে পেরেছেন এদেশে। আর এখনো দীর্ঘকাল ধরে যে প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি, এমন আর কে করেছেন?

আজ থেকে সাতাত্তর বছর আগে পশ্চিম বাংলার বীরভূমে তাঁর জন্ম। ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। তার ফলে ধর্মীয় বিষয়ে ছিল তাঁর গভীর জ্ঞান। কিন্তু চর্চার ক্ষেত্র হিসেবে তিনি বেছে নিয়েছিলেন বিজ্ঞান। বিশেষ করে বিজ্ঞানের সেই শাখা যাকে বলা হয় জৈব রসায়ন।


ছাত্র হিসেবে ছিলেন অসাধারণ ভালো। পেয়েছিলেন প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি। বিলেত দিয়ে গবেষণা করে পেয়েছিলেন ডিএসসি ডিগ্রী। হয়েছিলেন কলকাতার সেরা কলেজ প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। তারপর এই কলেজেরই অধ্যক্ষ। ১৯৪৭ সালে ড. খুদা ঢাকায় এসে হলেন সেকালের পূর্ব পাকিস্তানের প্রথম জনশিক্ষা পরিচালক। একইসঙ্গে কিছুদিন ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেরও সভাপতি। করাচিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছিলেন বিজ্ঞান উপদেষ্টা। তারপর ঢাকায় বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠার দায়িত্ব এসে পড়ে তাঁর ওপর। এখান থেকে অবসর গ্রহণ করার পর হয়েছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের সভাপতি।

বিজ্ঞানের ক্ষেত্রে কি নিয়ে গবেষণা করেছিলেন ড. খুদা? তাঁর প্রধান গবেষণার বিষয় ছিল অণুর রাসায়নিক গড়ন। এই গড়নের কতকগুলো নতুন বৈশিষ্ট্য তিনি আবিষ্কার করেছিলেন, এসব বৈশিষ্ট্যের কথা জেনে কি লাভ? লাভ এই যে, অণুর গড়নের নিয়ম-কানুন জানলে অণুর গড়নকে আমরা রাসায়নিক উপায়ে বদলাতে পারি। আর বংলাতে পারলে অণুর গুণাগুণও বদলে যায়। অর্থাৎ সাধারণ জিনিস থেকে তৈরী করা যায় কোন অসাধারণ জিনিস। এই হল বিজ্ঞানের পরশ পাথর। পাটের আঁশ, পাটখড়ি, পাটের বীজ এসব আমাদের দেশে জন্মায় প্রচুর পরিমাণে। কিন্তু এগুলো থেকে আমরা দাম পাই অতি সামান্য। ড. খুদা বললেন, এই পাটকে যদি বদলানো যায় রাসায়নিক উপায়ে তাহলে এ থেকে পাওয়া যাবে তুলোর বা পশমী কাপড়ের মতো কাপড়। পাটখড়ি আর পাটের বীজ থেকে পাওয়া যাবে হরেক রকম দামী জিনিস। এসব জিনিস রফতানী করে পাওয়া যেতে পারে কয়েক শো কোটি টাকার বৈদেশিক মুদ্রা।


এছাড়া আমাদের দেশের গাছগাছড়ায় আছে আশ্চর্য ওষুধের গুণ। গ্রামের লোকে গাছগাছড়ার ওষুধ ব্যবহার করে অনেক উপকার পায়। এসব গাছগাছড়া থেকে ওষুধ তৈরীর জন্মে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগানো হলে বহু কোটি টাকার ওষুধ তৈরি হতে পারে। তাহলে হয়তো অনেক ওষুধ আর বিদেশ থেকে আনার দরকার হবে না। এ ছাড়া আমাদের দেশের আরো বড় ধরনের প্রাকৃতিক বস্তু থেকে মূল্যবান শিল্পদ্রব্য সৃষ্টির জন্যে তিনি গবেষণা শুরু করলেন। তাঁর নিজের হাতে গড়া ঢাকার বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে। ঢাকায় গবেষণাগার তৈরী করার পর কাজ আরম্ভ হল চট্টগ্রাম আর রাজশাহীতে বিজ্ঞান ও শিল্প গবেষণাগার তৈরীর জন্যে। এসব গবেষণাগারে আজ তাঁরই পথ ধরে গবেষণা করে যাচ্ছেন প্রায় এক হাজার বিজ্ঞান-কর্মী। অনেক নতুন নতুন জিনিস, নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে এসব বিজ্ঞানীর গবেষণার ফলে। ড. খুদা শুধু যে গবেষণা করে গেছেন তাই নয়। তিনি বুঝেছিলেন এসব গবেষণার কথা দেশের লোককে বোঝাতে হবে। কেউ তাঁর গবেষণাগার দেখতে গেলে অনেক সময় তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে বোঝাতেন। বোঝাতেন আমরা অবহেলার দরুন দেশের কত সম্পদ হারাচ্ছি।

দেশের লোককে বোঝাবার জন্যেই তিনি বাংলায় বিজ্ঞানের কথা লিখতে শুরু করেন। অনেক বই লিখেছেন তিনি। তার মধ্যে একটির নাম ‘বিচিত্র বিজ্ঞান’, বাংলা একাডেমী বের করেছে বইটি। শুধু বই লেখা নয়, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পক্ষে অনেক কথা বলেছেন তিনি। পাকিস্তানের যুগে বাংলা ভাষার পক্ষে কথা বলতে বেশ সাহসের দরকার হত। এই সাহস দেখিয়ে জোর গলায় বলেছিলেন, মাতৃভাষার মাধ্যমে উচ্চস্তরে শিক্ষার ব্যবস্থা না হলে দেশের কল্যাণ নেই। উচ্চস্তরে পড়ার উপযোগী বিজ্ঞানের যথেষ্ট পাঠ্যবই নেই বলে নিজে অশেষ পরিশ্রম করে অনেকগুলি পাঠ্যবই লিখেছেন। তার কিছু ছাপা হয়েছে, অনেক এখনো ছাপা হয়নি।

শুধু উচুস্তরে শিক্ষার বিষয়ে নয়, নীচের দিক্কার শিক্ষার বিষয়েও অনেক ভেবেছেন তিনি। দুনিয়ার অন্যান্য উন্নত দেশের মতো আমাদের দেশেও শিক্ষার একেবারে গোড়ার দিকে বিজ্ঞান ভাল করে না শেখালে এ দেশের মানুষের মনে বিজ্ঞান দাগ কাটতে পারবে না— একথা তিনি বারবার বলতেন। এছাড়া তিনি বলতেন, স্কুলের শিক্ষাটা শুধু পুঁথিগত না হয়ে হাতে-কলমে হওয়া দরকার। সবাই যদি হাতে-কলমে কাজ করতে শেখে তবেই শিক্ষাটা দেশের কাজে আসবে; দেশের সমৃদ্ধি ঘটবে। আমাদের স্কুলের সব ক্লাসের জন্য নতুন শিক্ষাক্রম ও পাঠ্য-সূচী তৈরী হয়েছে। আগামী বছর থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে এই পাঠ্যসূচী অনুযায়ী নতুন বই চালু হচ্ছে। তারপরের বছর অন্যান্য শ্রেণীতেও চালু হবে।

ড. খুদা যেসব কথা বলতেন তা অনেকখানি অনুসরণ করার চেষ্টা করা হয়েছে নতুন পাঠ্যসূচীতে। তিনি এই নতুন শিক্ষাব্যবস্থা চালু হওয়া দেখে যেতে পারলে খুলী হতেন তাতে কোন সন্দেহ নেই, কিন্তু তা হয়নি। তিনি চলে গেছেন। কি করে তাঁকে সম্মান জানাব আমরা? তাঁকে মনে রেখে। বিজ্ঞানের সাধনায় আত্মনিয়োগ করে—তাঁর মতো। মাতৃভাষাকে ভালবেসে—তাঁর মতো। দেশকে আর দেশের মানুষের জন্যে কাজ করে—তাঁর মতো। বিজ্ঞানের জন্যে, ভাষার জন্যে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে—তাঁর মতো। ড. খুদাকে সালাম।

আরো দেখুন

bottom of page